৪
বৈশাখের মাঝামাঝি। দুপুরের এঁটো বাসন গুলে ধুয়েমেজে তুলে
রাখতেই ঘড়িতে ঢং ঢং করে ২ টো বাজার ঘোষনা হয়ে যায়। এখনো রান্নাঘর পরিষ্কার করে দম ফেলতে
আরো এক ঘন্টা। আজকাল খুব ক্লান্তি লাগে সবেতেই। বিয়ের আগে মা’ই সব করে দিত। পড়াশুনা,
কলেজ আর নাচের স্কুল নিয়ে আমার সুন্দর কেটে যেত। বাবা যতই নাচের স্কুল বন্ধ করতে
বলুক, আমি পাত্তা দিতাম না। বন্ধ করেই বা কি করব। বাবা পোস্টমাস্টারি করে কত টাকাই বা মাইনে পায়। এদিকে কলেজ যেতে গেলে খরচা আছে অনেকটা। তারপর বোনটা বড় হচ্ছে। তার টুকটাক
জিনিস। নাচের স্কুল বন্ধ হয়ে গেলে কি করে চলবে জানতে ইচ্ছে করত, ঝগড়া করতে ইচ্ছে
করত। কিন্তু বিশ্বাস করুন করতাম না। বন্ধ করার কথা উঠলে আর এক মাস এই শেষ মাস বলে বলে পাশ ফিরে ফিরে যেতাম।
আমি বুঝতাম বাবার কষ্টটা। হীনমন্যতায় ভুগত আসলে। নিজের রোজগারে সংসার চালাতে,
আমাদের দুই বোনের পড়াশুনা চলাতে পারছে না বলে, কেমন একটা অসহায় এর মতো থাকত। তার উপর
আমাদের বিয়ে দেওয়ার চিন্তা। যতই বারন করতাম, এ নিয়ে চিন্তা কেন করছ? আমাদের তো
পড়াশুনা শিখিয়েইছ এই জন্যে যে যাতে আমরা স্বাবলম্বী হতে পারি। কিন্তু কে শোনে কার কথা।
বাবা বলত, মধ্যবিত্ত পরিবারের মেয়েদের স্বাবলম্বীর চিন্তাধারাটা নাকি অলীক। তাদের সংসার
করতে শিখতে হয়, রান্না শিখতে হয়, গৃহ-নিপুনা হতে হয়। নাহলে সমাজ ও কালের গর্ভে তারা
অতলে নিক্ষপিত হয়, সেখান থেকে উদ্ধারের কোন আশাই নেই। আমি হেসে ফেলি। বাবাকে জড়িয়ে
ধরি।
এখনো সেকেলেই রয়ে গেল। পৃথিবী যে কি জোরে দৌড়োচ্ছে, সেই
খেয়াল চাকরীর বাঁধা গতে আর সংসার কিভাবে একটু ভালো চলতে পারে, সেই ভাবতে ভাবতে ঠাহরই
করে উঠতে পারেনি। আমার মাঝেমাঝে মায়া হয় বাবার জন্য, মায়ের জন্য। যারা সারা জীবনটা
এই ছোট্ট, চুনকাম ওঠা, শ্যাওলা ধরা ঘরেই কাটিয়ে দিল। কত কি আবিষ্কার হল, গোটা
বিশ্ব মুঠোবন্দী হল, সে সব কিছুই তারা জানে না। বাবা তো এখনো মুঠোফোন ব্যাবহার
করতে চায় না। বয়স হয়েছে, বিপদ আপদ হতে পারে, সেই যুক্তিতে জেদাজেদি করে একটা কিনে দিয়েছি।
হ্যাঁ, নাচের স্কুল চালিয়েই। তবে স্মার্ট-ফোন একেবারেই নেবে না বলে বেঁকে বসেছিল। বাবার একটা অদ্ভুত যুক্তি আছে এই ব্যাপারে। স্মার্ট-ফোন আমাদের হাতে বিশ্ব-বন্দী করে না,
আসলে বিশ্বের হাতে নিজের বন্দীত্ব স্বেচ্ছায় স্বীকার করিয়ে নেয় ছলনার মাধ্যমে।
সেই নাচের স্কুল থেকেই সম্বন্ধ এল একদিন। আমার এক ছাত্রীর
মাসিমার ছেলে। ছাত্রীকে ছাড়তে এসে মাসীমা আমাকে দেখে গিয়েছে, তারপর খোঁজখবর নিয়েছে,
এমনকি আমার কলেজে গিয়ে প্রফেসরদের কাছ থেকে চরিত্র-শংসাপত্রও বের করেছে। জানতে পেরে
খুবই খারাপ লেগেছিল। আমার সাথে আলাপ করে, আমাদের বাড়িতে এসে আগে ধারনা তৈরী করতে পারত।
আমার খুব অপমান বোধ হয়েছিল। তৃতীয় মানুষের মাধ্যমে কি কোনদিনও কাউকে চেনা জানা সম্ভব?
যথারীতি আমার বাবা এসবে পাত্তাই দেয় নি। এই নাকি নিয়ম। আর বাঙালী মধ্যবিত্ত পরিবারের
মেয়েদের অপমানবোধ এত তীব্র থাকলে চলে না। সে যতই পড়াশুনা করুক, ডিগ্রি পাক, তাতে কিচ্ছু
এসে যায় না। এখনো আমাদের সমাজে তৃতীয় মানুষ কি বলল, সমাজ-পাড়া কি ভাবছে তোমার
ব্যাপারে, সেটিই হচ্ছে প্রধান, অমোঘ, মূল।
ফলে বাঙালী মধ্যবিত্ত পরিবারের নিরিখে যা হওয়ার কথা ছিল,
তাই হল। ওনাদের কোন দাবি-দাওয়া নেই শুনে, বাবার চোখে ওনারা হয়ে উঠলেন প্রায় দেবতা।
বাবাকে আবারও বোঝাতে ব্যার্থ হই, পণ না নেওয়াটাই সাধারন সামাজিক। এটা কোনভাবেই ভালো-মানুষের
দ্যোতক হতে পারে না। কিন্তু কে শোনে কার কথা। তবে সত্যি কথা বলতে, আমিও যে একেবারে
অবাক হইনি তা নয়। বেশ বড়লোক না হলেও কলকাতা শহরের নিরিখে বাইপাসের ধারে অনেকটা জায়গা জুড়ে দোতলা বাড়ি ছিল। সেটা এখন প্রোমোটারকে দিয়ে ফ্ল্যাট হয়েছে। ওদের নিজস্ব দুটো ফ্ল্যাট, চার তলায়। মুখোমুখি। পঞ্চান্ন গ্রাম জায়গাটা এখনো ফাঁকা ফাঁকা। হু হু করে বাতাস চলে ফিরে
বেরায় অবিরাম। ফলে উচ্চ অবস্থাপন্ন তো বটেই।
তারা যে এমন একটা শ্রীহীন ঝুল পরে যাওয়া নিভু নিভু পরিবার থেকে মেয়ে পছন্দ করে একমাত্র
ছেলের বিয়ে দেবে, এটা ভাবাই যায় না। নাহ সত্যি বলছি। মোটেও রুপকথা নয়। ছেলের বাবা মারা
গিয়েছেন বছর দুয়েক। পারিবারিক ব্যাবসা ছিল যেটা বর্তমানে ভাগীদারদের চোটে মর মর অবস্থা।
তবে এই ফ্ল্যাট আর জমানো টাকা যা ব্যাঙ্কে আছে, যা শেয়ার আছে সেটা কম নয়। ফলে টাকা
নাকি তাদের দরকার নেই। কিন্তু তারা চায় একজন লক্ষীমন্ত বউমা। বাড়িতে ছেলে আর তার মা
ছাড়া আর কেউ থাকে না। ছোট সংসার নিয়ে খুব খুশীতেই থাকবে আপনার মেয়ে। ছেলের মা প্রথম
একাই কথা বলতে এসেছিল বাবার সাথে। একটা ভালো বসবার যায়গা অবধি ছিল না তখন আমাদের বাড়িতে।
কিন্তু সে বিধাতার ইচ্ছাই হোক, কর্মফলই হোক আর ভাগ্যরেখাই
হোক। আপনারা হয়তো অবাক হচ্ছেন, কলেজ অবধি পৌঁছেছি, সমাজের একমাত্রিক অনন্তকাল ব্যাপী
স্থির নিয়ম-নিষ্ঠায় আমার মধ্যে প্রশ্ন তৈরী হচ্ছে, কিন্তু তাও তো আমি বিধাতা-ভাগ্য
মুক্ত হতে পারলাম না! বিশ্বাস করুন। আমি মোটেও
মানতাম না। সরস্বতীপুজোর দিন নিয়ম করে আমিষ খেয়েছি, বার ব্রত, পুজো আচ্চা কোনটিই মানিনি।
বাড়ীতে ঝামেলা করেছি, রাগ করে পার্কে বসে থেকেছি, কিন্তু বাবা মা কথা শোনালেও আমার
জেদের কাছে হার স্বীকার করে মেনে নিত। আসলে মেনে নেওয়া ছাড়া কোন উপায়ও ছিল না।
কিন্তু এই এখন, ঠিক যখন রান্নাঘর থেকে মুক্তি পেয়ে বারান্দায়
এসে দাঁড়ালাম। ঠিক তক্ষুনি এক প্রবল মর্যুৎ জ্যোতি আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ
করে কিসের জানি বার্তা দেওয়ার ব্যার্থ প্রয়াস করতে থাকল ক্রমাগত, সামনে জটাজুটধারী
ইলেক্ট্রিক খুঁটির জটিল তারজালে বন্দী পক্ষী-বিধূননের সচকিত তীক্ষ্ণ আর্তনাদ অনুভব
করলাম। এক দিগন্তলীন ধূমভস্মে হঠাৎই চরাচর অস্পষ্ট হয়ে উঠল, আর পাশের স্কুটির বিজ্ঞাপনের
হোর্ডিংটার মেয়েটা দুই হাত দিয়ে ডেকে কিছু একটা বলবার নিস্ফল প্রচেষ্টা করতে লাগল। তার গা থেকে জামা কাপড় গুলো ক্রমশ শূন্যে ঘুরপাক খেতে খেতে ধূমভস্মে আবঝা হয়ে আসা তামাটে
সূর্যটাকে বুঝি ঢেকে দিতে থাকল, হয়তো বা নিজের ভয়ংকর নগ্নতা ঢাকতে। ঠিক তখনি, আমি মেঘমন্দ্র
কন্ঠে শুনতে পেলাম সেই অমোঘ বানী – এই বিশ্বের সমস্ত নারীর এইই বিধান, এইই ভাগ্য, একে
কেউ অবরুদ্ধ করতে পারবে না। শ্রেনীভেদে তার মুক্তির পথ বদলে যায় শুধু। কারো রান্নাঘরে,
সংসার সামলে, কারো বেশ্যাপাড়ায় শরীর বেচার তাগিদে, কারো মডেল সেজে কামচর পুরুষকে মোহবন্দী
করবার মধ্য দিয়ে। এই সমাজ, এই প্রকৃতি। অসুস্থ বোধ করতে থাকলাম। যে বিজ্ঞাপনের
মেয়েটির দিকে এতদিন আশা স্বপ্ন ঈর্ষা নিয়ে তাকিয়ে থাকতাম, তার স্বাধীনতা যাপন কে কত
কত এরকম একলা বিকেলে নিজের করে পেতে চেয়েছি। কিন্তু আজ এই মোহ কেটে গেল। কই আজ তো তার
চোখে সেই স্বাধীনতার ঝিলিক দেখতে পাচ্ছি না। চোখের আপাত চিক চিক ভাবটা তো ক্যামেরা
আর আলোর কারসাজি, এই দেহ ভঙ্গিমা এই রুপ যৌবন তো বড়ই ঠুনকো। এখন যে লালসার সমুদ্র এই
বিজ্ঞাপন তৈরী করেছে, সেই সমুদ্র খালি অসীম অনন্ত, কিন্তু এই ছবি স্থায়ী নয়। কাল তার
রূপ যৌবন গত হবে। আবার নতুন হোর্ডিং বন্দী হবে আর এক ললনা, যেও কিনা শিল্পের তাগিদে
সিনেমার জগতে এসেছিল। কিন্তু শেষে এই রূঢ় সমাজ, যার কাছে প্রতিটি জিনিসই পণ্য। চকিতেই
সেই শিল্পীর হত্যা হয় ও সে একটি পণ্যে পরিণত হয়। এই হত্যার খবর কারো কাছে থাকে না।
এই হত্যা প্রমানিত হয় না। শুধু সেই মৃত শিল্পীর প্রেত এদিক সেদিক ঘুরে বেড়ায় আর মাঝে
মাঝে দেখা দিয়ে বোধকরি আমাদের মত নারীদের সাবধান করবার চেষ্টা করে। কিন্তু হায়। আমরা
তারপরেও সাবধান হই না। আমাদের স্বাধীনতা আকাঙ্খার মোহেই আমরা স্বাধীনতা হারিয়ে বন্দী
হই। ছটফট করি। তারপর সেই বন্দিত্বই মেনে নি।
উফ, আর দেখতে পারছি না। ভগবান রক্ষে করুন। প্রবল যন্ত্রনায়
মাথা ফেটে যাচ্ছে। আমি মেনে নিচ্ছি হে মহাশক্তিধর, হে মহা অসীম চরাচরের ব্যাবস্থাপক,
আমি তোমার অস্তিত্বের ধারণায় শত কোটি প্রনাম নিবেদন করছি। আমার সমস্ত শক্তিই শেষ
হয়ে আসছে। বাঁচাও আমাকে। বিধাতা বোধ করি মুচকি হাসেন। আজ তিনি যে খেলায় নেমেছেন, তা
শেষ না করে বুঝি তাঁরও ছুটি নেই। আচ্ছা, তারও সমাজ আছে? তাকেও সমাজ অনুযায়ী চলতে
হয়? তিনিও তৃতীয় পুরুষ দ্বারা চালিত?
আবঝাটে অন্ধকার কেটে গিয়ে গনগনে আলো বেরিয়ে আসে। খানিক বিশ্রাম নিয়ে সূর্য পুনরায় খেপে গিয়ে এই চরাচর পুড়িয়ে দিতে উদ্যত হয়েছে। কৃষ্ণ যেভাবে
পান্ডবদের রাজপ্রাসাদ বানিয়ে দেওয়ার নিমিত্তে খান্ডবদাহ করেছিল। আর সেই দহনে অগণিত হাজার হাজার
লক্ষ লক্ষ পশু পাখী আর বনে জঙ্গলে বসবাস করা কতশত আদিবাসী শুধু জ্যন্ত পুড়ে যাচ্ছে
অগ্নিদেবতার খিদে মেটাতে গিয়ে। আমি দেখতে পাচ্ছি। দেখে শিউরে উঠছি। আরে! ওই মডেল মেয়েটাও তো জ্বলছে। এখানেও কি রাজপ্রাসাদ তৈরী হবে? কার জন্য এই খান্ডব দাহন তবে? নাকি
পিল পিল করে ওই যে লোক গুলো পিচ রাস্তা বেয়ে হেঁটে চলেছে, চোখে নিষ্ঠা লোলুপতা, গায়ে অশিক্ষার গন্ধ
ভুর ভুর করে উড়ছে, ওদের জন্য জ্বালানো হচ্ছে? ওরা খাবে? হোর্ডিংটা একেবারেই আমাদের
ফ্ল্যাট লাগোয়া, পাশেই ইলেক্ট্রিক খুঁটি ও সেখানে হাজার তারের জঞ্জাল। যে কোন মুহূর্তে
আগুনের লেলিহান শিখা খান্ডবদাহে পরিণত হবে। আমি আপ্রান চিৎকার করবার চেষ্টা করতে থাকি।
কিন্তু কেউ যেন দু হাত দিয়ে আমার মুখটা সজোরে চেপে রেখেছে।
তবে কি ও ফিরে এল? কিন্তু এই বিকেলে তো ওর আসবার সময় নয়।
ওর ফিরতে রাত ন'টা বেজে যায়। আজ আবার মাইনের দিন। মানে বন্ধুদের সাথে নিশ্চয় কোথাও
বসে মদ খাবে, তারপর ইচ্ছে হলে ফিরবে বারোটা একটা নাগাদ। নাহলে কাল সকালে। জিজ্ঞাসা
করলে কিছু বলে না। মা মানে শাশুড়ি ও কিছু বলতে চায় না। সে ছেলে অন্ত প্রাণ। সব দোষ এই আমার। বউমার। কত রাত না খেয়ে
না ঘুমিয়ে দুশ্চিন্তায় পার করে দিয়েছি। আগে আগে খুব শরীর খারাপ হয়ে যেত। দুর্বল লাগত।
কিছু খেলেই বমি হয়ে যেত। ক্রমশ রোগা হয়ে যেতে থাকলাম। শাশুড়ি আমাকে ও আমার বাবাকে আপ্রাণ
খিস্তি করতে থাকল। আমার বাবাই নাকি আমার এই অপুষ্টির জন্য দায়ী। এরকম গরীব বাড়ি থেকে
দুবলা একটা মেয়েকে তুলে এনে ওনারই ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি…
আসলে এর শুরু অনেক আগে থেকেই। দেখাদেখির পর আমার মতামত
খুব একটা জানতে চাওয়া হয় না ও বিয়ে হয়ে যায়। কলেজে তখন শেষ বছর চলছে, আর তিন মাস
পরেই ফাইনাল সেমেস্টার। কিন্তু কে শোনে কার কথা। বিয়ের আগেই তারা কথা দিয়েছিল,
আমি পড়াশুনা শেষ করে সংসারে ঢুকব, সেই কদিন পড়াশুনা নিয়েই থাকতে পারব। বাড়িতে গাড়ি ও ড্রাইভার আছে, ফলে টালিগঞ্জে কলেজ আসতে কোন অসুবিধই হবে না। আমার মন প্রবল
বিরোধ সৃষ্টি করলেও, মনে হয়েছিল পড়তে যখন দেবে বলেছে, ভালোই হবে। আর তাছাড়া বাবা যেভাবে
তাড়াহুড়ো করছিল, মনে হয়েছিল আমাকে বুঝি বাড়ি ছাড়াই করতে চায়। তাই অনেকটা অভিমান,
কিছুটা আশঙ্কা, কিছুটা ভালো হবেই এই দৃঢ় বিশ্বাস আর নাচের স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার
এক আকাশ বেদনা নিয়ে আমি প্রবেশ করলাম সংসার পাততে।
৫
উঃ! একে বিলা গরম, তার উপর ছাঁটকারিটা হেব্বি ঝাল। টাকরা অবধি কির কির করছে। মালও এন্তার চালান হয়ে গেছে। পেটের ভিতর ঝাল মাল মিশ খেয়ে
তান্ডব লাগিয়ে দিয়েছে। লগা আর পঙ্কা আজ দুপুর থেকেই বসে গিয়েছিল। তারপর ছাঁটের তরকারি
আর দশটা বাহার বয়ে নুকা এল। ওল্ড মঙ্কের দু দুটো খাম্বা আগেই তুলে রেখেছিল তারা। কারন
পঙ্কা সকাল সকালই ভালো দাঁও মেরেছিল, তার চেয়েও বড় কথা আজ বিশেষ সেলিব্রেশনের দিন।
পঙ্কাই মদটা খাওয়াচ্ছে আজ।
সে আপিস টাইমটা নিয়ম করে রুবী চিংরিহাটা করে। এস-টি-সিক্স
টা ভিড় দেখে কেতরে ঝুলে পড়ে। পঞ্চান্ন ঢুকতে ঢুকতে তখন সে পেছনে। যাওয়ার সময় এক খেপ
ছকে নেয়। এ বিষয় তার হাত চোখ কান ভয়ানক তীব্র কাজ করে। তারপর সায়েন্স সিটির সিগন্যালটা পেরোলে, আসতে আসতে আবার দরজামুখো এগোতে থাকে। পঙ্কা মোটামুটি ডেইলি প্যাসেঞ্জার এই লাইনে। এই বাসটা যা জোরে ছোটে, মাঝপুকুরের সিগন্যালটা পেয়েই যায়। তারপরে ফ্লাইওভার পেরিয়ে লোহাপুলের
এর সিগন্যালটা পায় নাহলে অনেকটা এগিয়ে স্টপ দেয়। পঙ্কা বাসের মাঝামাঝি এসে অপেক্ষা
করে। লোহাপুল এলেই যখন তাড়াহুড়ো করে টেনে ছেঁচড়ে নেমে আসে, হাতে গোটা দুই মোটা মানিব্যাগ, অন্তত
একটা ঝকঝকে স্মার্টফোন। আজকাল লোকজন খুব হারামী হয়েছে। শালা ক্যাশ ক্যারি করে না। সব
ডিজিটাল মারাচ্ছে। যদিও কার্ড নেওয়ার লোক আছে, কার্ড পিছু একটা ধরা টাকা আছে। তারা
কার্ড নিয়ে কি করে, কিভাবে টাকা হাতায়, পঙ্কার সে বিষয় বিশেষ আগ্রহ নেই। সে নগদ পেলেই
খুশি। মোবাইলটা ঝান্টুদার দোকানে ফেলে দিয়ে ঘরে এসে স্নান করে ও পেট ভরে টক টক বাসি পান্তা সাঁটায়। সে একা লোক। বাপ একটা নিশ্চয় ছিল। কিন্তু সেই ছোটবেলাতেই, পুলিশ
একদিন রাতে তুলে নিয়ে যায়। ছোট হলেও বুঝতে পারে, বাপের নামে মার্ডার কেস। বড় হয়ে
অবশ্য বোঝে, সবটাই ঝুট। কিন্তু ততদিনে প্রমান করেও লাভ হবে না কারন পুলিশের
বেদম মারে জেলের ভেতরেই বাপের মৃত্যু হয়। পরে সেই লাশ বেওয়ারিস হিসেবে মর্গে চালান
হয়ে যায় ও কঙ্কাল টা আরো অনেক কঙ্কালের সাথে মিশে বিদেশে পাচার হয়ে যায়। মা খুব ছোটবেলাতেই
বাপের মত একটা লোকের সাথে সেই যে যায়, তারপর আর ফিরে আসে না। অপেক্ষা করতে করতে তার
খিদে পায়। তারপর প্রচুর কাঁদে ও একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরেরদিন বোগো আর তার
বাপের সাথে শিয়ালদা যায়। বোগোর বাপের হাজার ধান্দা। সে আর বোগো চেয়ে মেগে দিনের শেষে পঞ্চাশ টাকা রোজগার করে ফেলে ও রুটি কিনে খায়। সেই থেকে এমনই চলছিল।
একদিন সে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এর গোড়ায় রোগা কালো ডিরডিরে
একটা ছেলেকে দেখতে পায় চকচকে একটা মানিব্যাগ থেকে নোটের তাড়া বের করে গুনছে। পরনে ইংলিশ
স্কুলের ফেলে দেওয়া ঘষাটে মার্কা একটা হাফ প্যান্ট আর নাইলনের নীল রঙ্গের গেঞ্জি। বগলের
কাছ থেকে কোমর অবধি ছেঁড়া, তাই সেটা কোমরের কাছে গিঁট পাকানো। পায়ে ছেঁড়া কেডস। লম্বাটে মুখ, কানঝাঁপা চুলে কপালের অনেকটা অংশ ঢাকা। চুল গুলো সরালে একটা বড় কাটা দাগ দুটো
ভ্রূর মাঝবরাবর দেখা যেত। তাতে মুখটা বীভৎস লাগে বলে, ছেলেটা চুল গুলো কপাল ঝাঁপিয়ে
রেখেছে। বয়স তারই মত অর্থাৎ বারো অথবা তের। পঙ্কা অবশ্য সঠিক জানে না তার বয়স কত। কারন
বয়স যে একটা মাপার জিনিস এবং একটা নির্দিষ্ট দিনে যে তার জন্ম ও সেটা মনে রাখতে হয়
সেটা সে জানত না। গুটিগুটি পায়ে পঙ্কা এগিয়ে যায়। হঠাৎ ছেলেটি মুখ তুলে পঙ্কাকে দেখে
ও দৌড়তে শুরু করে। পেছনে পঙ্কা দৌড়াতে থাকে। বোগো স্টেশনের গেটের মুখে পা মুড়ে খোঁড়া
সেজে বসেছিল। কিন্তু হঠাৎই পঙ্কাকে একটা ছেলের পেছনে দৌড়াতে দেখে সে ধেয়ে আসে ও ছেলেটাকে
ধরে ফেলে। ধরা খেয়ে ছেলেটা হতভম্ব হয়ে যায়, ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। কিন্তু
ভিক্ষার টাকায় রুটি সাঁটিয়ে বোগোও বয়সের তুলনায় অনেক শক্তিমান হয়ে উঠেছে, তাই ছেলেটি
পালাতে না পেরে গুম হয়ে কুঁকড়ে যায়। হাফ ছেঁড়া দড়ি বাঁধা প্যান্টের পকেটটা শক্ত করে
মুঠোবন্দী করে। ছেলেটাকে দেখে পঙ্কার মায়া হয়। সে বোগোকে ছেড়ে দিতে ঈশারা করে জিজ্ঞাসা
করে, কে বে তুই? আগে তো দেখিনি ইচত্বরে… ঐ মানিব্যাগ টা কার
বে? কত মাল ঝেড়েছিস আজ?
ছেলেটি আরো শক্ত হাতে পকেট মুচড়ে ধরে। মুখ নিচু করে
থাকে।
বোগো উত্তেজিত হয়, আবে শালা, বোবা কালা নাকি বে… বাঙ্কারে একটা বসাবো হড়
হড় করে সব বেড়িয়ে যাবে। এই পঙ্কা, ধর শালা মালটাকে। সাইড করি আগে।
এইবার ছেলেটি প্রচন্ড ভয় পায় ও কোনরকমে মুখ তুলে বলে,
মুইর লাম লগা আছে।
অনেকটা জেরা ফেরা করে এইটুকু জানা যায় যে, সে নদীয়ার বাসিন্দা।
সকালের ট্রেনে চেপে সে তার বাপ মায়ের সাথে শিয়ালদা এসেছে। তার বাপ মহাজনের কাছ থেকে টাকা
নিয়ে চাষ করত, কিন্তু পর পর দুইবছর চাষ ডুবে গিয়ে তারাও ডুবে গেছে। মহাজন শাষিয়ে গেছে,
টাকা না দিলে জান নিয়ে নেবে। তো তারা থানায় গেছিল কিন্তু সেখান থেকেও তাদের খেদিয়ে
দিয়েছে। উলটে রাতের বেলা পুলিশের ভ্যান এসে তার মাকে তুলে নিয়ে যায়। পরেরদিন তার মা
যখন ঘরে ফেরে চোখে পাগলের দৃষ্টি, কি হয়েছে কিছু বলে না। তাদের বাধ্য করে ট্রেন ধরে
শিয়ালদা পালিয়ে আসতে। তারা স্টেশনে বসে অবশ্য শুনেছে, থানার ওসি কে কেউ মার্ডার করে
পাশের হাগাখালে ভাসিয়ে দিয়েছে। ছুরির আঘাতে মুখ বলে কিছু অবশিষ্ট ছিল না। ইউনিফর্ম
দেখে লাশ আইডেন্টিফাই হয়েছে। আর এই মানিব্যাগ সেই পুলিশের। মায়ের হাতে ছিল, সেখান
থেকে সে নিয়েছে। তাকে দাঁড়াতে বলে বাপ মা কোথাও একটা গেছিল, সে যদি এখনই ৫ নম্বরের
সামনে আবার না যায় তালে বাপ মাকে সে হারাবে।
লগা তার বাপ মাকে নিয়ে এই মেট্রোপলিটনের বস্তিতে উঠে আসে। লগার সাথে পঙ্কার খুব ইয়ারি হয়ে যায়। তারা একদিন ঠিক করে,
এইভাবে ভিক্ষা করে কিছু হবে না। কলকাতা শহরে টিকতে হলে টাকা কামাতে হবে। এই পঞ্চাশ
একশ দিয়ে তাদের কিসসু হবে না। একদিন ধুলোপড়া বিকালে তাই শিয়ালদা-পার্কসার্কাস রেল লাইনের
উপরে বসে তারা ঠিক করে চুরির লাইন ধরবে। বোগোর উত্তেজনা সবচেয়ে বেশী। বলে, কানু শিট
জেল থেকে ছাড়া পেয়ে আবার দল গুছোচ্ছে, সেখানে ছেলে নিচ্ছে। কিন্তু পঙ্কা ও লগার তা
ভালো লাগে না। তারা নিজেরা কিছু করতে চায়। সেই থেক টুকটাক হাত সাফাই করতে করতে এখন
তাদের হাত শিল্পীদের থেকে কম কিছু না। কানু অবধি তাদের দলে নেবার জন্যে নিজে তাদের
বাড়িতে এসেছিল। কিন্তু তারা রাজি হয় না। কানু অবশ্য দমে না। হয়তো নিজের অতীতটাকে দেখতে
পায়। সেও তো কলকাতার এই লাখো লাখো কানুদের ভিড়ে মিশে যেতে পারত। দু চাক্কর সাইজের লোহার
পাইপের মধ্যে বারুদ, পেরেক, আলপিন ভরে পাইপবোমা বাঁধত। সেইখান থেকে উন্নতি করে আজ নিজের
একটা নাম বানিয়েছে। ব্র্যান্ড। এখন সে হাঁক পাড়লে, শ লোক দাঁড়িয়ে যায়, কারো দিকে পিস্তল
তাক করলে প্যান্টে হিসি ঝরে যায়। যেহেতু এই দুটো ছোকরা তার কারবার চট করতে আসছে না,
সে এদের একটু স্নেহের চোখে দেখে ও সাবধান করে দেয়, নিজের কাজ করছিস কর। আমাদের পোঙায়
লাগতে এলে জাম করে দেব, মনে রাখিস। লগা আর পঙ্কা অবশ্য কানুকে ঘাঁটায় না। তারা ঘুরে
বেড়ায়, সুযোগ পেলে শাঁসালো পার্টি দেখে পকেট কাটে, ব্যাগটা, সুটকেসটা সরায় ও সেই
টাকায় রোজকার খানাপিনা করে, নাইট শোতে গরম সিনেমা দেখে, সপ্তাহে একদিন দিশি চোলাই ছেড়ে ফরেন লিকার খায়। বেশী মাল সাঁটালে,
মাঝে মাঝে বোগোর জন্য কষ্ট হয়, বোগো কানুর দলে ভিড়েছিল, পাইপগান ক্যারি করত। ভোটের
ডিউটি দিতে গিয়ে বিরোধী দলের হাতে মার্ডার হয়। তারা জানে বিধাতার এই নিয়ম। তাই যতক্ষন
বাঁচো, ফুল হুল্লোড়।
পাশের দরমার দেওয়ালে পঙ্কা উঁকি দিয়ে দেখে লগা এখনো ফেরেনি।
লগার বাপ বাইরে দাওয়ায় বসে বিড়ি টানছে। ১ টা বেজে গেছে। আজ নেহাত ই জলদি জলদি কাজটা
ফিনিশ হয়ে গেল, হাতে ভালো ক্যাশ চলে এল। তাছাড়া আজ মদের আসর। নুকা ছাঁট আনবে বলেছে।
রোজ রোজ মদের সাথে আঁশ জোটে না। আঁশ ছাড়া নেশা আঁচায় না। ২ টোর দিকে নুকা ঢুকবে
বলেছে। পান্তা সাঁটিয়ে তার একটা বিড়ি খেতে ইচ্ছে হয় ও ঘরে একটাও বিড়ি খুঁজে না
পেয়ে সে লগার বাপের কাছে গিয়ে একটা বিড়ি চায়। তখনি দেখতে পায় ঘাম জবজবা একটা মুশকো
লোক, না লম্বা না বেঁটে, চুল ঠিক করতে করতে গায়ে ঘামের গন্ধ তুলে হাঁকপাক করে ছিটকে
বেরিয়ে আসে ও রাস্তার একপাশে সরে দাঁড়ায়। ওদের ঝুপড়িগুলো একেবারে পিচ রাস্তা ঘেঁসে
যে কালো নর্দমাটা দুর্গন্ধ ছড়াতে ছড়াতে চলেছে, সেটারই গা ঘেঁষে বাঁকা টেরা
ভাবে দাঁড়িয়ে আছে। দরমার ফুটো বন্ধ করতে কোথাও পার্টির ফ্লেক্স, কোথাও বিজ্ঞাপনের হোর্ডিং
সাঁটা যেমন তেমন। সামনের সরকারি কলটায়, যেখান থেকে বিশেষ আর্সেনিক মেশানো জল মাঝে মাঝে
সরবরাহ হয়, তাই সময় অসময় গুবগুব করে বেরোয় ও বেরোতেই থাকে, লোকটা সেই জলেই মুখ ধোয়। কুলকুচি করে ঘাড়ে মাথায় জল দেয়। লগার বাপ কলের দিকে গুটিগুটি এগিয়ে যায়। পঙ্কা দেখে
লগার বাপের হাতে একটা নতুন কমলা নোট চকচক করছে। পঙ্কাকে দেখে লগার মা ভেতর থেকে আওয়াজ
দেয়, কে রে লগা এলি?
পঙ্কা সাড়া না দিয়ে ঘর থেকে একটা প্লাস্টিক নিয়ে রওনা
দেয় মদ দোকানের দিকে। আজ আবার সরকারি কোন খেমটা আছে, সব সরকারি দোকান বন্ধ। এখন যেতে হবে
সেই চাউলপট্টি রোড, ক্যনাল পাড়। ক্যনাল পাড়ে এসে সে ডানহাত মোচড় নিয়ে অনেকটা হেঁটে
এসে পাগলাডাঙ্গা পুলিশ ফাঁড়ির লাগোয়া যে রাস্তাটা শিবমন্দিরের দিকে বাঁক নিয়েছে, সেই
গোড়ায় কোচনের ব্ল্যাকের ঝুপড়ি। পঙ্কা গিয়ে দেখে মেলা ভেজাল। কোচন তাকে চেনে। কড়কড়ে
আটশ টাকা দিয়ে সে ঝপাঝপ ২ টো রামের খাম্বা তুলে নেয় ও সোজা হাঁটা দেয় বাইপাসের দিকে।
বাইপাসে ওঠার ঠিক মুখেই রেশন দোকানের পেছনে যে ভেড়িটা আছে, তার লাগোয়া কোচনদের বাড়ি।
তার আশেপাশে লগার থাকার একটা চান্স আছে। সে কোচনের বোনের সাথে ছক করছে অনেকদিন থেকে।
পঙ্কা ঠিকই আন্দাজ করে। দেখে ভেড়ির পার ধরে লগা হেঁটে আসছে। পঙ্কা হাত দিয়ে নোংরা ঈশারা
করে চিল্লায়, কি রে শ্লা? খেয়ে পেট ভর্তি করিস নি তো? তারপর ২ টো খাম্বা তুলে দেখায় ও চোখ টেপে। লগা তেড়ে খিস্তি করে।
বাইপাসে অগুন্তি গাড়ি হু হু করে ছুটে চলছে। রাস্তা পেরোন
মানেই ঝকমারি ব্যাপার। কলকাতার ফার্স্ট ক্লাস সিটিজেন চকচকে গাড়ি করে ছুটে চলছে। ছুটির
দিনেও বিরাম নেই। এক একজনের গাড়িতে আবার কুকুর মুখ বের করে দাঁত কেলাচ্ছে। যেন
পঙ্কা আর লগাকে দুয়ো দিতে দিতে যাচ্ছে। একটা বিদেশী বাইক, পেছনে দাবকা একটা মামনি।
সাঁই করে বেড়িয়ে যায়। আবার কেরদানি কি। এই এদিক বাঁকছে, এই সেদিক বাঁকছে। মামনিও পুরো
লেপ্টে আছে পিঠের সাথে। লগা আবার খিস্তি করে, শালা মরবে…। এমন ভ্যান্তামারা হয়ে আছিস কেন বে তুখন থেকে? কোচনের বোনটা
কি আজও ছুঁতে দেয় নি তোকে। পঙ্কা খিক খিক করে আবার হাসে।অবশেষে গাড়ির স্রোতে ভাঁটা পড়ে। ওরা হুড়মুড় করে রাস্তাটা
পেড়িয়ে এসে ক্যাপ্টেন ভেড়ির পার ধরে পেচ্চাপ গলির দিকে এগিয়ে যায়।
শালা কোচনের বোনটা হেভি হারামি। একটা গোটা বিরিয়ানির
প্যাকেট খেল। তারপর ভাবলাম এইবার একটু টিপতে ফিপতে দেবে। এই কথা সেই কথা বলে যেই একটু হাত
বাড়িয়েছি, ছিটকে সরে গেল! বলে কিনা বাইকে চড়াতে হবে, ট্যাক্সি করে ঘুরতে হবে। লেওরার
মত উঁচিয়ে থাকা ঠান্ডা দোকান থেকে কাপড় কিনে দিতে হবে। শালা সব হারামী হয়ে যাচ্ছে।
আরে মাগীর পুত এইটা বুঝলিনে, বাইপাসে যা দেখাচ্ছে, সিনেমায় যা হচ্চে, সে আমি পাই কোথায়? মাগীর চক্করে
তো আর ডাকাতির লাইনে নামতে পারি না। এই দু-একটা মানিব্যাগ হাতিয়ে আর কত হয়। আগের
দিন শালা রাতের শোয়ের টিকিট কাটলাম। সন্ধে থেকে বলে কিনা যাবে না। শরীর খারাপ। আরে মাগীর
বাচ্চা, সেটা আগে বলতে কি হয়। মাঝখান থেকে দু’শ টাকা বিলা হয়ে গেল, কর্নার সিট ছিল।
পয়সাটা থাকলে তিন বোতল চোলাই হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছা হয়, একদিন শালার গলা টিপে ঠান্ডা করে দেব। কত দেমাক দেখাবি তখন দেকা! লগা অমন হাজার মাগীর ইয়ে মারে।
পঙ্কা বোঝে লগা তেতে আছে। মানে শরীরের গরমটা যায় নি এখনো।
কোচনের বোনের কেসটা অনেকদিন ধরে ঝুলে আছে। মাগী লগার সাথে কিত কিত খেলছে। অবশ্য তার
দোষ নেই। লগার সবেতেই বড্ড তাড়াহুড়ো। এ সব ভালোবাসার লাইন। কাটবে, জমবে, ছাড়বে, জড়াবে
তবেই না প্রেম আঁচাবে। লগা মনে করে, এ শালা নাইট শোয়ের পিকচার।
পেচ্চাপ গলিতে ছায়া দেখে শুকনো মত একটা জায়গায় ছেতরে বসে পড়ে ও মদের প্যাকেটটার
দিকে ঈঙ্গিত করে বলে, কাটা বে। পেটে হালকা করে চালান কর, দেখবি সব মায়া হয়ে গিয়েচে।
আয় বোস ঠান্ডা হয়ে।
তারপর নুকা আসে। তারা মদ প্যাঁদাতে থাকে। ক্রমে সন্ধে নামে। সূর্য তামাটে হতে হতে এক সময় ক্ষয়ে যায় পুরোটাই। কিন্তু গুমোটের তেজ কমে
না। শ্যাওলা ধরা আকাশের এক কোনায় লগার দুই ভ্রূর মাঝে কাটা দাগটার মত একটেরে চাঁদ
ওঠে। রাস্তার হ্লুদ আলো গুলো এবার ঝপঝপ করে জ্বলে উঠে চাঁদকে খিল্লি করতে থাকে। পেগের
পর পেগ উঠতে থাকে। জল শেষ হয়ে যায়। তাতেই বা কি। কে যাবে শালা এখন জল আনতে। অগত্যা
নিটই প্যাঁদাও। চোলাই আর রসা ডিস্ট্রিলারির কান্ট্রি খেয়ে খেয়ে ওল্ড মঙ্কের রাম তাদের
কাছে কিছুই কড়া লাগে না। দ্বিতীয় খাম্বাটার যখন প্রায় হাফ বাকি নুকা টলতে টলতে উঠে
বাড়ি চলে যায়, সে এমনিতেও বেশী টানতে পারে না। পঙ্কা এবার নিরিবিলিতে কথাটা পাড়ে ও
সেলিব্রেশনের কারণটা খোলসা করে।
ওই পঞ্চান্নর ফ্ল্যাটটা, বড় চাম্পি হোর্ডিংটার পাশে। সেখানে
পাঁচতলায় এক হেভি মালদার পার্টি থাকে। ফরেনে থাকে, এখন এখানে ফিরেছে, কয়েকদিন আয়েশ ফায়েশ করে আবার হাওয়া হয়ে যাবে। সেখানে কানুদার মাগী-ডিপো থেকে এক দিন অন্তর মেয়েছেলে সাপ্লাই হয়।
লগার নেশাটা জাঁকিয়ে বসে এবার। মন বড় আনচান করে
ওঠে একটা শরীরের জন্য। শালা টাকায় কি না হয়। কানুদার ডিপো মানে সব ঝাড়াই বাছাই
মাল। পরিষ্কার মোমের মত, গায়ে হাত দিলে পিছলে যাবে। তাই তাদের দামও তেমনি। এই লগার
মত অন্তত হাজার লগা জড় করলে একটা জোগাড় হয়। ওরা কানাইদার সাথে দেখা করতে গেলে বেছে
বেছে মাগী-ডিপোর ঠেকেই যায়। দূর থেকে দেখেও ওমটা পাওয়া যায়। লগা পুনরায় গরম হয়ে
ওঠে। শরীরের মধ্যে সরীসৃপের হিসহিসে অবস্থানটা খুব স্পষ্ট টের পায়। সে প্রথম টের
পেয়েছিল, বেশ কয়েকবছর আগে। তখন সবে তারা পঙ্কার হাত ধরে এই মেট্রোপলিটনের বস্তিটায়
এসে উঠেছে। কোনরকমে একটা দরমার খুপড়ি তারা তৈরী করে। একটাই রুম, সাইডে সিনেমার
ফ্লেক্স টাঙ্গিয়ে একটা ঘুপচি মত রান্নাঘর। রাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙ্গে সে
টের পায়, তার আসে পাশে কেউ নেই। রান্নাঘরের ফ্লেক্সের ভেতর থেকে টানা একটা ফোঁস
ফোঁস নিঃশ্বাসের শব্দ পায় সে। অন্ধকারে চোখ সয়ে গেলে বাবার লুঙ্গি আর শাড়িটা পড়ে
থাকতে দেখে মেঝেতে। কিছু একটা ছবি যেন এক ঝলক তার চোখের সামনে ভেসে উঠতেই শরীর টা
শক্ত হয়ে যায়, ঘামতে থাকে সে। দরমার ফুটো দিয়ে ধেয়ে আসা চাঁদের আলোটা তার বড়ই কম
বলে মনে হয়, ফ্লেক্স এ তাকিয়ে দেখে সেই ভুতুড়ে আবছায়া আলোতে সে হিন্দি ছবির এক
নায়িকাকে তার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিমায় তাকিয়ে থাকতে দেখে ও এক অজানা গন্ধে তার মাথা ঝিমঝিম করে
ওঠে। দ্বিতীয়বারের জন্য সে হিস হিস শব্দটা শুনতে পায় তার মাস তিনেক বাদে। ওদের
বস্তিটা থেকে একটু এগিয়ে গেলে পেল্লায় ড্রিমল্যান্ড হাইরাইজ। সেখানে সে একদিন
টকাইয়ের সাথে জলগাড়ি করে ঢুকে পড়ে। টকাইয়ের কাকা সেখানে জলের সাপ্লাই দেয়। ভেতরে
ঢুকে তার চোখ ধাঁধিয়ে যায়। ইয়া ইয়া চব্বিশ তলা বিল্ডিং দেখে সে ঠাহরই করতে পারে
না কোথায় আছে। তারপর দেখে পালিশ করা, মোম মোম হূরীরা তার দিকেই যেন ধেয়ে আসছে। বিলিতি
পারফিউমের সুবাস আর গোল গোল লোমহীন ফর্সা পা থেকে আসতে আসতে উপরের দিকে উঠতে থাকে
অনতিউচ্চ পাহাড়ের ঢেঊ টপকে। ফেসিয়াল করা এমন চমকানো সুন্দরী সে আগে এখেনি। তাদের
দরমার বেরার মধ্যে সব কালো কালো নোংরা, পায়ে খড়ি ওঠা, মুখে ব্রন ওঠা মুখ দেখে সে
অভ্যস্ত। দম দেওয়া কলের পুতুলের মত সে গুটি গুটি শিকারি পায়ে এগিয়ে যায় ছুঁয়ে দেখবে
বলে। আর তখনি সজোরে দুই পায়ের মাঝে একটা সজোরে লাথি খায় ও সামনে উল্লাস লোলুপ ঘেন্না
ভরা চোখ গুলো দেখে খুবই তলপেটের নিচটা চেপে বসে পড়ে। এই ঘটনা তাকে খুবই বিচলিত করে।
তার থেকে উলটো লিঙ্গের শরীরের অজানা কৌতুহলের ভাপে সেই থেকে ক্রমশ ধিকিধিকি সেদ্ধ
হতে থাকে সে।
কি বে শালা, শুনছিস কি বলছি, কাতলা মাছের মত ড্যাব
ড্যাব করে কি ভাবচিস বে। নেশা ফেশা হয়ে গেল নাকি।
পঙ্কার খিস্তি খেয়ে চটকাটা ভাঙ্গে। ঝিলের উপর দিয়ে
হালকা ঢেউতোলা বাতাসে পেচ্চাপের ঝাঁঝালো গন্ধে বমি উঠে আসে। দুপুরের সস্তা
বিরিয়ানি আর প্রত্যাখানের বিষন্ন ঢেকুরে মুখে টকজল জমে। টক টক জল টা পিচিত করে সে
পাশে ফেলে। পঙ্কা এক নাগাড়ে বলে চলে,
তো সেই কানুদার মাগী মোহনা, চিনিস তো? মুনলাইট বারে গান গায়। তো সে খবর পাঠিয়েচে, ওই ফ্ল্যাটে প্রচুর ক্যাশ জমে উঠেছে। ফরেন
মাল একদিন বাথ্রুমে পায়খানা করতে যায় মোহনাকে বেড্রুমে শুইয়ে রেখে। তখন সে আলমারি হালটে
সেই ক্যাশের সন্ধান পায়। কানুদা অবশ্য মোহনা কে ওখানে পাঠিয়েছিল সব ছকে ফেলবার
জন্য। যদিও তারা কানুদার দলে কাজ করে না, তবে কানুদা ওদের উপর ভরসা করে বলে খবর পাঠিয়েছে।
আধা আধি বখরা। তা কাজ টা কি করবি?
লগা পাশে দাঁড়িয়ে মুতছিল। মোতা হয়ে গেলে তারা মরা কালো
ধোঁয়া ধোঁয়া আকাশটার দিকে তাকায়। তার চিন্তা ভাবনা সব কেমন গুলিয়ে যাচ্ছে। খালি অই
ড্রিমল্যান্ডের হাইরাইজ যেন চুম্বকের মত টানছে। সেদিনের ঘটনার পর আর সে যদিও ভেতরে
ঢোকে নি। কিন্তু বাইরে ঘুর ঘুর করে নিবিষ্ট মনে মেয়েছেলে দেখেছে ও মোবাইলের ফ্রি
নেটে আশ মিটিয়েছে। রিসেন্ট অন্যরকম একটা ভিডিও পেয়ে সে একেবারে পাগলা হয়ে গেছে।
এরকমও হয়। বিহারের ভিডিও। বোগো গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে যাবার আগের দিন রাতে তাকে পাঠিয়েছিল। তাদের দলে বিহারি ছেলেপিলে প্রচুর। তারাই আমদানি করেছে এ জিনিস। তিনটে তারই মত ছেলে মাল হাঁকিয়ে টান্টু হয়ে একটা মেয়েকে নিয়ে
তোলপাড় করছে। ভিডিও টা নাকি আসলি, মানে সিনেমার মত স্টূডিও কিংবা পার্কে বসে ন্যাকামির
অভিনয় নয়। এ হল সাচ্চা সিন। শালা! দেখেও সুখ। মাগীটাকে পেয়েছেও তেমনি, সেই মোমের হুর-পরী মার্কা। এই ভিডিও টা দেখার
পর থেকে লগার ব্রেনটাই পুরো লকডাউন হয়ে গিয়েছে। খালি থেকে থেকে এই ভিডিওটা সে দেখে
আর নিজেকে ওদের তিনজনের সাথে কল্পনা করে। মাথায় প্রজাপতির মত উড়ে বেড়ায় সেদিনের লোমহীন
গোল গোল পায়ের লাথিটা, শালা দেখে নেব একদিন। কোচনের বোনটাকে নিয়ে সে যে এরমটা ভাবেনি
তা নয়, কিন্ত সে সবের কাছে এইটা ফেলনা। রোগা হাড় গিলে টাইপের। শরীরে মাংস বলে কিছু
নেই। তাতেই কি খাঁই। আর টানছে ঐ হোর্ডিং এর মামনি টা। শালা ফ্লেক্স টা খুলে এনে ঘরে
লাগাতে হবে। ঘর আলো হয়ে যাবে। এইবার যেন চিন্তাভাবনাগুলো জট পাকানো ছেড়ে আসতে আসতে
ক্লিয়ার হচ্ছে। সে বলে, একটা শর্তে কাজ টা
ধরতে পারি।
কি? পঙ্কা অবাক হয়। লগার এ গলারস্বর সে চিনতে পারে
না।
ওই শালা হোর্ডিং টা খুলে নিয়ে আসব। ওটা আমার চাই।
পঙ্কা বিরক্ত হয়। হচ্চিল কাজের কথা। খামোকা হোর্ডিং টা
আবার কেন। তবে ওটা কোন কাজই না। তার মানে লগা রাজি।
ইইইইকককক, বলে সে লগাকে জড়িয়ে ধরে। নে নে লাস্ট পেগ
টা তোল। মেলা রাত হয়েছে। টকাই কে নিতে হবে দলে। কাল ই সেরে ফেলা
যাক। নাহলে শালা ক্যাশ ভাগলবা হয়ে গেলে সব বিলা হয়ে যাবে।
হ্যাঁ। লগা জানে। হাত থেকে ক্যাশ উড়ে যাওয়া মানে, সব ভাগলবা।
তার বাইক ভাগলবা। তার ট্যাক্সি ভাড়া করে রায়চক ভাগলবা। কোচনের বোনের এসি দোকানের
জামা প্যান্ট ভাগলবা। আর তার দীর্ঘ বারো বছরের ইচ্ছাও ভাগলবা। ঢক ঢক করে খাম্বার শেষ
টা সে মেরে দেয় ও টলে যায়।
আজ হেভি ঝাম ধরেচে, কি বলিস… শালা রাস্তাঘাট মনে
হচ্চে দীঘার সমুদ্রের উপর খাবি খেলছে। একবার ইদিক… একবার সেদিক… দুই মাতাল এরপর রামের ঘোরে বকতে বকতে কোলকাতার রাত্রে থিতিয়ে
পড়া বাস-গাড়ী-কলকারখানার কালো ধোঁয়ার সোরা সোরা গন্ধ শুঁকতে শুঁকতে উঠে আসে
বাইপাসের উপর। দূর থেকে চামড়া কারখানার সেই শিয়ালদা-পার্কসার্কাসের রেল-লাইন মাখানো
অনুভুতি নিয়ে তাদের কাছে বটকেরা করতে থাকে। রাস্তায় উঠে ল্যাম্পপোস্টের আলো আর
গাড়ির হেডলাইট তাদের গুলিয়ে যায়, মাঝে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি অশৈল, ল্যাম্পপোস্ট
গুলো কেমন সাঁ সাঁ দৌড়ে যাচ্চে,আর পরক্ষনেই আবার একটা গজিয়ে উঠছে। তারা মজা পায়। গলা
জড়িয়ে শ্লোগান দেয়, জয় নুকাবাবার ছাঁটের জয়, জয় কোচনের ব্ল্যাকের রামের জয়, জয় মোহনার
ফরেন পার্টির জয়, জয় হোর্ডিং মামনির জয়।
কলকাতার
রাত্তিরে বাড়িতে বাড়িতে শরীর ঘর্ষনের শব্দে, হাইরাইজ থেকে ভেসে আসা ইংরাজি
মিউজিকের শব্দে, পুলিশ পেট্রল কারের ঝ্যাড়ঝ্যাড় শব্দে, কোথাও সলজ্জ বিদ্যুৎ আলোকের
মত পিস্তল গর্জাবার রাজনৈতিক শব্দে, মাঝরাতে ফুটপাথে পাগলের উপর বিলিতি গাড়ির চাকা
ঊঠে যাওয়ার আর্তনাদের শব্দে লগা – পঙ্কার মত হাজার হাজার জয়ধ্বনী স্রেফ হারিয়ে যায়।
অথবা খালের স্থির পাঁকালো রাসায়নিক মেশানো জলে ফালি চাঁদের অর্ধমৃত প্রতিফলন হয়ে নির্বাক বন্দী থাকে তাদের জীবন-টাইমলাইনের দ্যোতক হিসেবে।
৬
গুমশানি গরম। রাস্তার গুচ্ছের কোলাহলে বার থেকে বেরিয়েই
নেশা ফেশা সব উবে গিয়ে মেজাজ ঠিক থাকছিল না। তাই ঘরে ফেরার পথে পঞ্চান্নর মোড় থেকে
বিপির পাঁইট কিনে বাড়ি ঢুকেছিলাম। সাথে এক বোতল সোডা তুলেছিলাম। খরচা হচ্চে যখন ভালো
মতই হোক। বাদ থাকে কেন। তাই খানিকটা চিকেন ও নিয়ে নিলাম। চিকেন কষা দিয়ে বিপি জমবে
ভালো। এই সব আয়োজন করে, মুড টা সবে ভালো হবে হবে করছে, ঘরে ঢুকেই আবার কিচাইন হয়ে গেল।
ভর সন্ধেবেলা দেখি বউ ঘর অন্ধকার করে শুয়ে আছে। চিকেন টা কষিয়ে দিতে বললে, শরীর খারাপ,
পারব না। শুনেই রগ টা দপ করে জ্বলে উঠল। পারবি না মানে শালা। সারাদিন তো কাজকর্ম নেই।
শুয়ে বসেই কাটাস। ঘরে ফিরে যে একটু শান্তি করে মদ টানব, শালা তারও উপায় নেই দেখছি।
“ন্যাকামি না করে, চিকেনটা রেডি কর, আমি স্নান সেরে আসি।“
“আমি কাজের লোক নই, জেনে রাখবে। এতই যদি শখ বাড়িতে একটা
কাজের লোক রাখতে কি হয়?”
“তাহলে তোমায় শুয়ে বসে আয়েস করে কাটাতে সুবিধা হয় বল?
এই জন্য শালা ছোটলোকদের মেয়ে ঘরে তুলতে নেই। তখনই মাকে বারন করেছিলাম, শুনল না। জেদ
ধরে রইল। নাও ম্যাও সামলাও এবার।“
“তা মায়ের নেকুপুষু না সেজে নিজেও তো বারন করতে পারতে
নাকি। আমার বয়েই গেছিল এ বাড়িতে বিয়ে করে আসতে। বিয়ের আগে তো তোমার মায়েরই কত ইনিয়ে
বিনিয়ে কথা। তোমাদের জন্য আমার শেষ পরীক্ষা টা অবধি দেওয়া হল না। নাচের স্কুলটা কি
ভালো চলত, সেটা অবধি বন্ধ হল। তখন মনে হয় নি, কথার খেলাপ করাটা ভদ্রলোকের সাজে না।
তুমি আবার আমাকে ছোটলোক দেখাচ্ছ? ছি… যেমন মা তার তেমন সন্তান।”
প্রবল চিৎকার চেঁচামিতে মা বেরিয়ে এল সামনের ঘর থেকে।
আমি স্নানে ঢুকলাম। মাথা দপদপ করছে। আর একটু দাঁড়িয়ে থাকলে একটা অঘটন ঘটে যাবে। আগে
এত বুলি ছিল না মুখে। আজকাল যেন কিসের এক ছোঁয়ায় মুখে কথা গজিয়ে গজিয়ে উঠছে। শাওয়ারের
ঠান্ডা জলে দাঁড়িয়ে শুনতে পেলাম, মা বলছে,
“ও কি বউমা, ও কি মুখের ভাষা! স্বামীকে কেউ ওইভাবে কথা
বলে। অপিসের কত কাজ সেরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, এই সময় স্বামী একটু ভালোবাসা চায়,
স্নেহ চায়। আর বলিহারি তোমাকে, তিন বছর তো হতে চলল। এখনো একটা বাচ্চা হল না। বলছি ডাক্তার
দেখাও একটা, সেও তো শুনবে না।”
“ডাক্তার আমি একা কেন দেখাব? বাচ্চা হচ্চে না সেকি কেবল
আমার একার দোষ? তার সমষ্যা থাকতে পারে না? ডাক্তারের পরীক্ষা করলে দুজন মিলেই করাব।
এই কবছর তো আপনি অনেক ওষুধ খাওয়ালেন, অনেক বার ব্রত চাপালেন, কত হাবিজাবি বাবাজির কাছেও
নিয়ে গেলেন। কই কিছু লাভ হল না তো? আপনার কি একবারও মনে হল না, আপনার ছেলের সমষ্যা
থাকতে পারে?”
“আমার ছেলেকে আমি জানি। তার কোন সমষ্যা নেই। ছেলেবেলা
থেকেই সে স্বাস্থ্য সচেতন এবং তার খাওয়া দাওয়া পুষ্টিতেও কোন কম রাখিনি আমরা। তুমি
যে বাড়িতে বড় হয়েছ, দেখে তো মনে হয় না, ভালো খাওয়া দাওয়া পেতে ঠিকমত। তোমাকেই ডাক্তারি
পরীক্ষাতে যেতে হবে।“
“নাহ আমি যাব না। গেলে দুজনে একসাথে যাব, নাহলে আমার যেতে
বয়েই গিয়েছে। কি করবেন করে নিন।”
বাথ্রুম থেকে বেরিয়ে আমি নিজের কাজে মন দিলাম। এদের অন্তত
এখনো ঘন্টাখানেক চলবে। আমার আপাতত কথা বাড়িয়ে লাভ নেই। সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয়,
সমস্যা আমার মধ্যেও থাকতে পারে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার কথা চেপে রাখা যায় না।
বন্ধু মহলে খোরাক হয়ে যাব আমি। অপিসের লোকজন পেছনে লাগতে শুরু করবে। না সে হয় না। আবার
অনেক চেষ্টা করেও আমাদের বাচ্চা হয় না, এটাও সত্যি। মায়ের খুব শখ একটা নাতির। এ নিয়ে
বন্ধু মহলে আমাকেও যথেষ্ট ঠেস খেতে হয়। যতীন শালা আমার পরে বিয়ে করে দিব্যি দুটো ফুটফুটে
বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। বিপ্লবের ও আগের মাসে একটা ছেলে হল। সবাই দেখতে গিয়ে আমাকেই
নিয়ে পড়ল, কিরে তোর বউ তোকে করতে দেয় না নাকি তুই ব্রম্ভচর্য পালন করছিস। রাগে গা রি
রি করলেও কিছু বলবার নেই। কথাটা সত্যি। একরাশ অন্ধকার মন নিয়ে গ্লাসে কড়া করে মদ ঢাললাম।
বউ গজগজ করতে করতে রান্নাঘরে ঢুকল। খানিক পরেই মাংস কষার ঝাল ঝাল গন্ধ পেলাম। ধুর রোজ
রোজ এই হুজ্জতি আর পোষায় না। মা যে কোথা থেকে কি একটা ধরে এনে বিয়ে দিয়ে দিল। তখন সবে
হাতে কাঁচা টাকা আসছে। বন্ধুদের সাথে দেদার উড়ছি। আজ দীঘা, কাল পু্রী করে বেড়াচ্ছি।
‘বয়স হচ্চে আমার, আর কটা দিনই বা বাঁচব, বিয়েটা করে ফেল। ভালো মেয়ে। শান্ত। তোর কথা
শুনবে।‘ মা তখন এই সব ইমোশনাল সেন্টি ঝেড়ে আমায় গেঁথে দিল। নাও, এখন সামলাও।
ঘুম ভাঙতে দেখি, চারিদিকে এখনো অন্ধকার। অসময়ে ঘুম ভেঙ্গে
গেছে ভেবে আবার চোখ বুজতে যাব, ডাইনিং এর ঘড়িটা ঢং ঢং করে আটটা বাজার জানান দেয়। কিছুই
মেলাতে পারিনা হঠাৎ। তারপর শোঁ শোঁ শব্দ শুনে বুঝতে পারি প্রবল ঝড় এসছে, আর মেঘে অন্ধকার
হয়ে আছে চারিদিক। যাহ, আজ তাহলে অপিসের দফারফা। এমনিতেই লেট হয়ে গেল উঠতে। উঠে বসতে
যেতেই মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। রাতের হুইস্কি মাথায় জানান দিয়ে গেল চিড়িক করে।
এই জন্য শালা হুইস্কিটা অ্যাভোয়েড করি। প্রচুর হ্যাং করে। সে দামী খাও আর সস্তাই খাও।
এই সময় একটু চা পেলে ভালো হয়।
“কই গো, চা কই? আটটা বাজে তো নাকি…!”
কোন উত্তর না পেয়ে মেজাজ টা আবার খিঁচড়ে যেতে থাকে। আরে
শুনতে পাচ্ছ না নাকি, চা টা কই? এবার বিছানা থেকে উঠে বসি। বাঁ দিকে কেতরে শুয়ে বাঁহাত
টা ঝন ঝন করছে, বাঁ পাটাও এবার ঝন ঝন করছে। বিছানা থেকে না উঠলেই নয়। আড়মোড়া ভেঙ্গে
বিছানা ছাড়ি আসতে আসতে। মাথার ভেতর দুম দুম করে হাতুড়ির ঘা পড়তেই থাকে অনবরত। আর শালা
এখনো চা এসে পৌঁছায় না। বিরক্ত লাগে খুব। মায়ের আওয়াজ পাই,
“কি হল বউমা, বুবুন যে উঠে পড়েছে, চা টা দাও। বলি সংসারে
কি তোমার একটুও গা নেই নাকি? বিছানায় চা না পেলে বুবুনের আবার মাথা ধরে।”
“আপনার যখন এতই দরদ, আপনিই বানিয়ে দিন না। সবে তো আপনাকে
দুধ টা গরম করে দিলাম। চায়ের জল চাপিয়েছি। সময় লাগবে।”
“আটটা বাজে। এত ঘুম কিসের শুনি তোমার। সকালে ঊঠতে পার
না?”
“সেটা আপানার ছেলেকেই জিজ্ঞাসা করুন। কেন আজ চা বানাতে
দেরী হল কিংবা আপনাকে দুধ দিতে।”
মা অবশ্য আমাকে জিজ্ঞাসা করে না। আমারই মনে পড়ল। কাল কষা
মাংস দিয়ে পুরো এক পাঁইট সাঁটানোর পর আমার হুঁশ ছিল না বিশেষ। রাতে বিছনায় বসেই কোনমতে
দুটো রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম। মাঝরাতে হড় হড় করে মাংস শুদ্ধ প্রায় পুরো মদটাই বেড়িয়ে
এসেছিল। মা এসব অবশ্য জানে না। জানবার কথাও নয়। এখন দেখছি খাটের পাশটা পরিষ্কার। কোন
চিহ্নই নেই। ভোরে উঠে তাহলে পরিষ্কার করা হয়েছে। তবে এখন চা পাওয়াটা খুব দরকারি। মনে
হচ্চে একটা বড় প্লাস দিয়ে মাথাটা কে চেপে রাখি। কে যেন মাথা ফেটে ভেতর থেকে ছিটকে বেড়িয়ে
আসতে চাইছে। আমি ডাইনিং এ এসে বসলাম। রান্নাঘরে হঠাৎই ঝন ঝন শব্দ শুনে, তাকিয়ে দেখি,
চা নিয়ে আসতে গিয়ে বউ স্লিপ করে মেঝেতে পড়ে গেছে। গায়ে গরম চা ঢেলে বসে আছে। ধুস… কোন
কাজটা যদি ঠিকমত করতে পারে। সকালের চাটা মনে হয় আর জুটল না। মাথাটা দপদপ করছে আবার।
মায়ের চিৎকার ভেসে আসে, “অত দামি কাপ টা ভেঙ্গে দিলে?
অবশ্য তোমার মত হাঘরে মেয়ে আর বুঝবে কি?”
রান্নাঘরের দরজার কাছ থেকে একটা ফোঁস ফোঁস শব্দ শুনতে
শুনতে বাথরুমে যাই। সকাল বেলাই শাওয়ার খুলে দাঁড়িয়ে থাকি। বাইরে ঝম ঝম করে বৃষ্টি শুরু
হয়েছে। শাওয়ারের জলে ভিজতে মাথার হ্যাং টা কাটে। আজ আর অফিস গিয়ে লাভ নেই। এই ওয়েদারে
হালকা রাম প্যাঁদাতে পারলে ভালো হত। কিন্তু বাইরের যা অবস্থা, বের হওয়া অসম্ভব। অবশ্য
দারোয়ান টা কে পয়সা দিলে এনে দেবে। কিন্তু অন্তত আরো কিছুক্ষন কাটাতে হবে। মেজাজটা
আবার খিঁচড়ে যেতে থাকে।
স্নান সেরে বেরিয়ে দারোয়ান কে ডেকে পাঠাই ও পয়সা দিয়ে
একটা পাঁইট আনতে বলি। বউ দেখি এর মধ্যে রান্নাঘর টা পরিষ্কার করে ফেলেছে। ন্যাকামি
করে আবার হাতে গায়ে বোরোলিন লাগাচ্ছে। অথচ এদিকে চা বসাবার নাম নেই।
“কি হল, চা টা দাও?”
“দেখতে পাচ্ছ না? গায়ে গরম চা পড়ে কি অবস্থা। তুমি মানুষ?
বিবেক বলে কি কিছুই নেই তোমার?”
“কি? মুখে মুখে কথা।“ চুল ধরে হ্যাঁচকা টান দি। “চা বানাবি
কিনা বল? অনেক দেখেছি তোমার মত? একটা কাজ যদি ঠিক মত করতে পারে। শালা বাঁজা মাগী, “সপাটে
একটা চড় মেরে নিজেকে শান্ত করতে থাকি। বউ হ্যাঁচকি তুলতে তুলতে বলতে থাকে, “কি? কি
বললে! বাঁজা? তোমার যদি এতই মুরোদ তো চল না, ডাক্তারের কাছে। আমি তো কবে থেকে বলছি…
তোমার নিজেকে পুরুষ বলতে লজ্জা হয় না?”
শান্ত ভাবটা কেটে যায়। অস্থির বোধ করতে থাকি ভেতরে ভেতরে।
কিন্তু এই অস্থির ভাবটা বেশীক্ষন থাকলে চলবে না। এদিক সেদিক খুঁজতে খুঁজতে টেবিলের
উপর স্টিলের স্কেলটা পেয়ে যাই। পিঠ বরাবর ব্লাউজের উপর অংশে একটা লাল লম্বা দাগ তৈরী
করতে পেরে, বেশ উত্তেজনা বোধ হয়। বউ চিৎকার করে ওঠে, সেটা আর্তনাদের মত শোনাতে থাকে,
আর বাইরে কলিংবেলের প্রথম আওয়াজটা মিস করে যাই।
“বুবুন, আমি ঠাকুরঘরে, দেখ তো কে এল?” মায়ের কথা শুনে
চটকাটা ভাঙ্গে। দেখি বউ সামনের ড্রেসিংটেবিলটায় মুখ নামিয়ে স্থির হয়ে পড়ে আছে। খোলা
পিঠের লাল দাগ টা দেখতে বেশ ভালো লাগে, অনেক্ষন তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
দরজা খুলে দেখি দারোয়ান এর মধ্যেই পাঁইট হাতে হাজির। নাহ,
লোকটা কাজের বলতে হবে। খুশি হয়ে কিছু বখশিশ দিয়ে দি। পাঁইটটা হাতে পেতেই খিদেটা এবার
চাগাড় মারতে থাকে। পেটের ভেতর যেন যুদ্ধ শুরু কয়ে গিয়েছে। ১১ টা বাজতে যায়, এখনো ব্রেকফাস্ট
জোটেনি।
মা পুজো সেরে বেরিয়ে বলে, “কি গো বউমা, এখনো বেড্রুমে
বসে থাকলে হবে? আজকের খাওয়ার দাওয়ার কি কিছুই জুটবে না। সকাল থেকে বুবুন না খেয়ে আছে।
এবার যে ওর শরীর খারাপ করবে।” বউ কান্না ভেজা চোখে উঠে রান্নাঘরে যায়, “এইভাবে আমি
থাকতে পারব না। আমি চলে যাব।”
“কোথায় যাবে? তোমার বাপের বাড়িতে গেলে তোমায় নেবে ভেবেছ?
তোমার বোনকে গলায় দড়ি দিতে হবে তাহলে, এ কথা জেনে রেখ। আরে বাবা স্বামী স্ত্রী র মধ্যে
এরকম কত হয়। ওই নিয়ে সারাদিন কাটিয়ে দিলে সংসার যে লাটে ওঠে বউমা। কতদিন থেকে বলছি,
একটা বাচ্চা নাও। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। বুবুন টা আসলে এখনো ম্যাচিওর করে নি
তো। বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি তো আবার ডাক্তারের কাছে যাবে না?”
“আমি তো যাব না বলিনি মা, খালি বলেছি গেলে ওকেও যেতে হবে।
ওর ও ডাক্তারি পরীক্ষা হোক।”
“এ কেমন কথা? আমি তো বলছি, ওর কোন সমস্যা নেই। আসলে আমারই
ভুল। বিয়ের আগে একটা ডাক্তারি পরীক্ষা করে নেওয়া উচিত ছিল তোমার।”
পরটা আলুর দম দিয়ে ফার্স্ট টাইম রাম খেতে খারাপ লাগছিল
না। বাইরের ঘরের কথা গুলো তাই ঠিক কানে ঢুকলেও অত মাথা ঘামাচ্ছিলাম না। কিন্তু আমাকেও
নাকি ডাক্তারের কাছে যেতে হবে শুনে রগটা দপদপ করতে থাকল। এত সাহস! আজই দেখিয়ে দেব ক্ষমতা।
তখন সেই বিচার করুক কাকে যেতে হবে ডাক্তারের কাছে।
দুপুরে খেয়ে দেয়ে হালকা মত একটা নেশা নিয়ে বিছানায় শুয়ে
আছি। বাইরে বৃষ্টিটা একটু যেন ধরে এসেছে। এখন আর রাগি রাগি ভাবে পড়ছে না। কিছুক্ষন
যেন বিশ্রাম নিয়ে নিচ্ছে। তবে আকাশ পুরো কালো হয়ে আছে। ভ্যাপসানি একটা গরম চেপে বসছে
ক্রমশ। এখনো আরেকবার না ঢাললে এই গুমোট কমবে না। অবশ্য যে কোন মুহুর্তেই আরেকবার শুরু
হতে পারে। মোবাইলের স্ক্রিনে পুষ্পর মুখ ভেসে ওঠে, “কি আজ আসবে না? এত সুন্দর ওয়েদার,
এই যে খিচুড়ি রান্নার ব্যাবস্থা হল, একা একা খাব?” পুষ্প আকাশি রঙএর একটা হাতকাটা ফিনফিনে
নাইটি পরে আছে। ঘাড়ের কাছে সদ্য স্নান করা চুল নেতিয়ে পড়ে আছে। তার পাশ থেকে নেমে এসেছে,
গোল গোল মসৃন হাত। খুব পুষ্প কে কাছে পেতে ইচ্ছে হয়। কিন্তু এই ওয়েদারে রাম চড়ানোর
পর আর বেরতে ল্যাদ লাগছে। এই সময় বউ তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ঘরে ঢোকে। “শোন না
রাখছি এখন। একটু পরেই ফোন করছি, দেখি, বৃষ্টি না হলে বিকেলের দিকে যাব।” বলেই ফোন টা
কেটে দিই। বউ তোয়ালে টা বারান্দায় ঝুলিয়ে চুল ঠিক করতে করতে বলে, “কি ডাক এসে গেল?
আচ্ছা, সেখানেও কি তোমার বাচ্চা হচ্ছে না?”
কথাটা সত্যি। পুষ্পও একটা বাচ্চা চায়। যদিও এ লাইনে ব্যাক্তিগত
ভাবে জড়িয়ে পড়ার নিয়ম নেই। কানু দার সাথে যতই দোস্তি থাকুক, ব্যাবসা ব্যাবসার জায়গায়।
কানু দা মাঝে মধ্যেই মনে করিয়ে দেয়। কানু দা এমনিতে দিলদরিয়া লোক। কিন্তু বেচাল দেখলে,
ভয়ংকর। নিজের হাতে মার্ডার করেছে এমন সংখ্যাটা নেহাত ফেলনা নয়। কিন্তু পুষ্প অন্যরকম।
তাকে ক্লায়েন্ট হিসেবে দেখতে ইচ্ছে করে না। আয়না দিয়ে বউএর মুখটা কিরকম কুৎসিত দেখাতে
শুরু করে হঠাৎ। লোম গুলো সারা গায়ে ছড়াতে ছড়াতে একটা গরিলার মত আকার নিয়ে নেয় ও আমাকে
তীব্র ভাবে আক্রমণ করে। তার শক্ত বাহুবন্ধ দিয়ে আমার গলাটা চেপে ধরে। চোখে খেলা করতে
থাকে নিষ্ঠুর দৃষ্টি। পাশে কানু দা হা হা করে হাসতে থাকে। শালা ধজ, শালা ধজ একটানা
শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হয়। আমার হাত পা অবশ হয়ে আসে। সামান্য প্রতিরোধ
করবার ক্ষমতাও লোপ পায়। যতীন খ্যাক খ্যাক করে হাসতে থাকে, “তোর বউ বাঁজা না তুই বাঁজা
বে?” পুষ্প, যে পুষ্প কিনা সকালের ফুলের মত সুন্দর, স্নিগ্ধ, সেও প্রেতিনির মত তাড়া
করে ছুটে আসে। পেছনে আম্বুল্যান্সের বাঁই বাঁই সাইরেনের শব্দে মাথার নার্ভ গুলো ভেবে
পায় না কি করবে। ক্রমশ শিথিল হয়ে আসতে থাকে, আর বউএর কালো কালো লোম ওয়ালা হাতা গুলো
যেন অক্টোপাসের শুঁড়ের মত আমাকে ঢেকে দিতে থাকে। আমাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে এগিয়ে
যায় আম্বুলেন্সের দিকে। একটা লোক, সাদা গাউন পরা, গলায় সাপের মত দুলছে স্টেথো আমার
দিকে দুহাত বাড়িয়ে থাকে। “নাহ নাহ! আমি যাব না ডাক্তারের কাছে, আমার কিছু হয় নি” বলে
আমি নিষ্ফল চেঁচিয়ে ওঠার চেষ্টা করি। গলা শুকিয়ে কাঠ। আওয়াজ বেরতে চায় না। পাশ থেকে
“মুন্নি বদনাম হুই” এর ঝ্যাং ঝ্যাং শব্দে ধড়পড় করে উঠে বসি। দেখি মোবাইলটা একটানা বেজে
বেজে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল।
আমি উঠে বসে মোবাইলটা জ্বালিয়ে দেখি, সন্ধে সাতটা, আর
পাঁচটা মিসড কল। পুষ্পর। প্রচন্ড জল তেষ্টায় ছাতি যেন ফেটে পড়তে চাইছে। বুকের ঢিপ ঢিপ
শব্দটা স্পষ্ট শুনতে পাই। বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে। পাশে বউ শুয়ে আছে এখনো। গায়ের
নাইটিটা গুটিয়ে থাই অবধি উঠে আছে। ফর্সা মসৃন পা গুলো আমাকে উপহাস করতে থাকে।
“কি হল বউমা, পড়ে পড়ে আর কত ঘুমাবে? সন্ধের চা টা কি এবার
বাইরে থেকে খেয়ে আসতে হবে? যত্তসব…” মায়ের গলার শব্দ পাই। বউকে ঠেলা লাগাই। “আরে ওঠো,
সাতটা বেজে গেছে, ডাকনি কেন?” বউ ঘর ঘর করে কি একটা বলার চেষ্টা করে। “বুবুন বুবুন…
তোমাদের কি কোন লাজ লজ্জা নেই, ভর সন্ধেবেলা ঘরে খিল দিয়ে ঘুমুচ্ছো…” মায়ের গলা তীব্র
থেকে তীব্রতর হতে থাকে। আমি এবার জোরে একটা লাথি মারি। বউ চোখ খুলে তাকায়, “আমার শরীর
টা খুব খারাপ লাগছে, আজকে মাকে বল চা বানিয়ে নিতে। আমি মাথা তুলতে পারছি না। খুব ব্যাথা।”
আমার মেজাজ বিগড়োয়। শালা একটা সুন্দর রেনি ডে তে আমি ঘরে বসে ঘুমুচ্ছি। ওদিকে যতীনদের
আড্ডাও নিশ্চয় এতক্ষন জমে উঠেছে। পুষ্প ও না জানি কি ভাবছে। ধুত। সবটাই এর জন্য দায়ী।
নিশ্চিন্ত শুয়ে থাকতে দেখে মেজাজ চড়ে যায়। চুলের মুঠি ধরে তুলি, “কি? তুই থাকতে মা
বানাবে চা? এই জন্য তোকে শালা ছোটলোকের বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছিল? নেমকহারাম”।
বউ ফোলা ফোলা চোখ নিয়ে উঠে বসে। দেখ ঘুমিয়ে ঘুমিয়ে কি হাল। ঘাড়ে ধাক্কা দিয়ে বিছানা
থেকে নামাই। হাতের কাছটা সিগারেটের ছেঁকা খাওয়ার মত মনে হয়। “যাও গিয়ে চা বানাও। আর
সন্ধ্যের টিফিন। খিদে পাচ্ছে তো নাকি। শুয়ে শুয়ে শরীর গরম করছে।” বউ টলতে টলতে উঠে
দাঁড়ায় ও চিৎকার করবার চেষ্টা করে, কিন্তু ফ্যাঁসফ্যাঁসে একটা গলায় বলে, “বলছি না আমার
শরীর খারাপ। মায়ের জন্য এতই যদি দরদ, যাও না গিয়ে নিজে গিয়ে খাওয়ার বানাও গে যাও। আমি
পারব না”। তীব্র অস্বীকারে, কি করব বুঝতে না পেরে অস্থির লাগে। মা দেখি দরজার সামনে
এসে দাঁড়িয়েছে। “বুবুন হাঁ করে দেখছিস কি? তোর গায়ে লাগছে না? কিছু বলবি না তুই?” মায়ের
কথায় আলাদা কি যেন শক্তি ভর করে হঠাৎ। আমি এলোপাথারি হাত চালাতে থাকি। “বেড়িয়ে যা,
এই মুহুর্তে, বেড়িয়ে যা বাড়ি থেকে। দূর হ। ছোটলোক কোনদিনই মানুষ হবে না, যতই তাকে সুযোগ
দাও না কেন। মা তোমাকে আমি তখনো বলেছিলাম, কিন্তু শোননি। এখন দেখছ তো? জেদ দেখাচ্ছে
আবার!” মারতে মারতে আমি তাকে বাইরের ঘরে নিয়ে আসি ও দরজার দিকে কোণঠাসা করতে থাকি।
“মেরে বের করে দে একেবারে। আমারই ভুল হয়েছিল বুবুন। তোর কোন চিন্তা নেই। আমি আবার বিয়ে
দেব তোর। এই বেহায়া মেয়েকে আর ঘরে রাখবার দরকার নেই”। ঘড়িতে আটবার ঢং ঢং করে শব্দ হয়
আর আমি সেই বেহায়া মেয়েকে ঘর থেকে ছুঁড়ে ফেলে দিই, চিরদিনের মত।
জাঁকিয়ে বসা স্বপ্নের ভয়টা দূর হয়। অনেকদিন পর, অনেকদিন
পর মায়ের হাতে বানানো চা পকোড়া তারিয়ে তারিয়ে উপভোগ করি কাঁচের ডাইনিং টেবিলটায় বসে।
একঘেয়ে বৃষ্টিটাও ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়তে থাকে। আমি সম্পুর্ন স্থির মস্তিষ্কে পুষ্পর
নাম্বারে ভিডিও কলের আহ্বান জানাই। পুষ্প কি এখনো সেই আকাশ রঙ্গের ফিনফিনে নাইটি টা
পরে আছে? কানু দা কে মোহনার ব্যাপারে জানতে চেয়ে টেক্সট ছেড়ে রাখি। বিপ্লব-যতীন কে
বলি কোথাও একটা বেরিয়ে আসার প্ল্যান বানাতে। চায়ের শেষ চুমুকটা দিতে দিতে বিদ্যুৎ চমকানির
ঝলক আলোতে দেখতে পাই, ঝিরঝিরে বৃষ্টির মধ্যে টলতে টলতে সে হেঁটে যাচ্ছে। তার চোখের
দৃষ্টি কি শূন্য ছিল? তার কি প্রবল জ্বর এসেছিল? স্কেলের দাগটা কি আরো গভীর ভাবে ক্ষত
সৃষ্টি করেছিল? এইসব ভাবতে ইচ্ছা হয় না… পুষ্পর মুখটা ভেসে ওঠে মোবাইলের স্ক্রিন জুড়ে…
৭
টকাইকে আসতে দেখে লগা বিড়িটা ফেলে মেট্রোর স্টিকার লাগানো
টিনটার উপর থেকে উঠে দাঁড়ায়। পঙ্কা তখনো ঠায় আকাশের দিকে তাকিয়ে। মনটা পাঁইট পাঁইট
করলেও, টকাইয়ের বারন শুনে সে সত্যি সত্যি খেয়ে ফেলেনি। ভোর থাকতেই চলছিল ধুম ঝড়। এখন
অবশ্য ধরে এসে ওয়েদার টা ফ্যাঁসফ্যাঁসে হয়ে আছে। মেঘ সরে গিয়ে আলো ওঠার কোন সিগন্যালই
নেই। এই ওয়েদারে সাধারণত সবাই ঘরবন্দী থাকলেও, তাদের পার্টি যে আজ ফ্ল্যাট ছেড়েচে,
সেই সবচেয়ে ইম্পর্টান্ট খবরটা টকাইয়ের খোঁচরই
নিবেদন করেছে। টকাই পাকা কাজের ছেলে। সুতো যেমন ছাড়তে পারে, গুটোতেও পারে। পঙ্কা আর
লগার সাথে গলায় গলায় না হলেও ভালো দোস্তি। এক বোতলের পার্টনার তারা। তবে টকাই পার্টির
কাজে ঢুকে যাওয়ার পর থেকে তার লুপ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তারা আলাদা আলাদাই খায়। কিন্তু
আজ যদি কাজটা ভালোয় ভালোয় উঠে যায়, তাহলে টকাই তাদের সাথে খাবে বলেছে। আর টকাই থাকা
মানেই বিলিতি খাওয়াবে সে। যতীনদার ডান হাত হয়ে এখন স্ট্যাটাস মেনটেন করে। পঙ্কাদের
সাথে চোলাই প্যাঁদায় না। একটা সময় তারা খুব খেত। বেল ফ্লেভার হার্বাল প্রোডাক্ট। টকাই
এর আবিষ্কার। তারপর কোচনের স্টক। ষাট টাকায় এক বোতল খেয়ে নেশা কমপ্লিট। আর শালা টেস্ট
ও তেমনি।
সিগন্যাল টা ঝুপ করে লাল হতেই টকাই আর পঙ্কা রাস্তাটা
পেরোয় ও লগাকে নিয়ে রুবীর একটা বাসে রানিং উঠে যায়। পঙ্কা লোকগুলোকে ঠাহর করে বুঝবার
চেষ্টা করে কারো হালকা করা যায় কিনা। কিন্তু টকাই তার হাতে চিমটি কাটে। একটা শুভ কাজে
বেড়িয়েচি। অশৈল কান্ডকারখানা ঘটাস না। কিছু উল্টোপাল্টা হলে, একদিকে কানু দা, অন্যদিকে
যতীন দা, পুঁটকি জাম হয়ে যাবে বলে রাখলাম। চোখ বুজে রাখ নাহলে বাইরে মেট্রোর লাইন দেখতে
থাক। টকাইএর কথাগুলো লগা কে বলাটা খুব গুরুত্বপূর্ন
মনে করে সে। পাশে তাকিয়ে দেখে লগা অলরেডি কেতরে বাসের মাঝামাঝি নোংড় গেঁড়েছে। তার পাশে
মাঝবয়সী একটা ফোলা ফোলা বউদি এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও বিন বিন করে ঘামছে
আর লেপ্টে জড়িয়ে আছে। একটা হাত সিটের উপর আরেকটা হাত দিয়ে উপরে রড টা ধরে লগার চাপটা
সামলানোর চেষ্টা করছে,আর ঠোঁট টিপে মাঝে মাঝে আড়ে আড়ে লগাকে দেখছে ও অবাক হচ্চে। হাড়গিলে
চেহারার একটা লোক যে এতটা চাপ কিভাবে দিতে পারে, সেইটাই তার ভাবনার বাইরে চলে যাচ্ছে।
লগা শালা সেই মস্তি নিচ্চে। পঙ্কা দুঃখ পায়। নেহাতই টকাই তাকে একহাতে জাপটে রেখেছে,
নাহলে সেও লাগার অন্য পাশ টায় চলে যেত। হালকা ঘষাঘষির ওম টা জুটে যেত ফ্রিতে। দরজার
সামনেটায় হাওয়ার ঠান্ডা ঝাপটা লাগছে।
ভারী বউদির পাশে দাঁড়িয়ে লগা উগ্র পারফিউমের গন্ধটা পায়।
ভিড় বাস তার বরাবরই পছন্দ। তাতে লেপ্টে দাঁড়ানো যায়। এখন তাই ভর্তি বাসটাকে সে মনে
মনে বাহবা দেয়। হালকা চালে কনুইএর খেলা চালাতে চালাতে শরীরের ভেতরের সরীসৃপটার উপস্থিতি
টের পায়। আর তখনই কন্ডাক্টর ও টকাইয়ের গলার আওয়াজ শুনে মুখ ফিরিয়ে দেখে পঞ্চান্ন ঢুকতে
পোলটা পেরোচ্ছে। লগা বউদিকে ছেড়ে বাসের সামনে এগিয়ে আসে। নামার সময় একটা মাঝবয়সী লোকের
প্যান্টের পেছন টা উঁচু হয়ে থাকতে দেখেও সে লোভ সামলায় ও খালি হাতেই নেমে আসে। বাস
থেকে নামতেই এক ঝাপটা ঠান্ডা হাওয়া আর স্কুটির বিজ্ঞাপনের হোর্ডিংটা দেখে সে। গেলবারের
মত আজও সেই মামানি হেভি ঝাঁকানি দিয়ে তাকে কাছে ডাকছে। পাশে মুখ ফিরে লম্বা পাঁচতলা
ফ্ল্যাটটা দেখতে পায়। শালা দেখতে দেখতে জায়গাটা অন্যের হয়ে যাচ্ছে। এখানে ছিল পগাদের
বাড়ি। তারা প্রায়ই এদিকটায় এসে নেশা ফেশা করত। আর এখন দেখ, কয়েকবছরের মধ্যেই জায়গাটা
তার পুরোন জামাকাপড় ছেড়ে নতুন বছরের নতুন জামা কাপড় পড়ে দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটের উপরে
মুখ তুলে চারতলার বারান্দাতে সে একটা বউদি টাইপকে দাঁড়িয়ে থাকতে দেখে। চুল গুলো এলোমেলো
মুখের পাশ দিয়ে নেমে এসেছে। সবুজ রঙের শাড়ি পরে উদাস চোখে সামনে তাকিয়ে আছে। উথালপাথাল
সুন্দরী বলা যাবে না। কানুদার ডিপোতে এর থেকে ঢের গরম মাল দেখা যায়। পাকা গেমোরঙা পেটিটা
শাড়ির ফাঁক দিয়ে এক ঝলক দেখতে পায়। বড় বুক আর চওড়া পাছাটা এই চারতলা নিচ থেকেই মালুম
হয়। লগা সরীসৃপের উপস্থিতি সম্পর্কে এবার নিশ্চিত হয়। বউদি না দিদি চট করে মালুম না
হলেও, শীর্নকায়া এই মহিলাটিকে তার বিবাহিত বউদি বলেই ভাবতে ভালো লাগে। বউদি সামনের
দিকে নিবিষ্ট হয়ে কি দেখছে, সেইটে বোঝার জন্য লগা এবার ঘাড় ঘুরিয়ে উপরে তাকিয়ে দেখে
ও চমকায়, হাঁ হয়, লালা ঘিট মারে। উল্টোদিকে যেখান থেকে এই কাল পরশু অবধিও আকাশ দেখা
যেত, সেখানে এখন বিরাট একটা হোর্ডিং ঝুলছে। নতুন ছবির রগরগে পোস্টার। মরুভূমির তপ্ত
বালু তে নায়িকা হাফ ন্যাংটো দাঁড়িয়ে, হাতে একটা ছোট রিভ্লবার, চোখে চশমা। পোস্টারের এককোণে ছোট মত একটা সার্কেল, সেখান থেকে হিরোবাবাজি
মুখ বাড়িয়ে। মুখে লম্বা সিগারেট। মারকাটারি সিনামা হবে মনে হচ্চে। কাজটা উতরে গেলে
রাতের শো জমে যাবে। লগা সিনেমার নামটা দেখে, তপ্ত বালুকাবেলা। শরীরের শিরশিরানিটা চাপা
দিয়ে সে ফ্ল্যাটের দিকে পা বাড়ায়।
বারান্দার মালটা কে দেখলি? চাম্পি আছে না! পঙ্কা তার কাছে
একটা বিড়ি নিয়ে ধরায় ও ফ্ল্যাটটার দিকে এগিয়ে যেতে যেতে বলে।
ভালো দাবকা আছে, শালা নিয়ে যাবি তো চল, টাকা লুটে কি হবে!
আজ রাতে হবে নাকি তপ্ত বালুকাবেলা? লগা চোখ টেপে।
হারামিপনা টা গেল না তোদের! টকাই ঝাঁকান দেয় ও ফ্ল্যাটের
গেটের কাছে এসে উপস্থিত হয়।
ফ্ল্যাটের কাছে এসে দেখে, উঁচু পাঁচিল, তার উপরে আবার
উলটানো পেরেক আর ভাঙ্গা বোতলের কাঁচের টুকরো বিছানো। তার মানে টপকানোটা হেভি ঝামেলার
ব্যাপার। লগার মেজাজ খিঁচড়ে যায়। এই সব গা যোয়ারী কাজ তার না পসন্দ। গেটের ভেতরে টুলের
উপরে দেখে একটা লোক বসে আছে। বোধহয় দারোয়ান টারোয়ান হবে। এইবার পঙ্কা ও লগাকে অবাক
করে দিয়ে, টকাই সটান এগিয়ে যায় লোকটার দিকে ও গেটের ফাঁকে হাত বাড়িয়ে একটা কড়কড়ে পাঁচশর
পাত্তি নাড়ায়। লগা অবাক ভাবে দেখে, লোকটা সম্মোহিতের মত সে দিকে এগিয়ে এসে নোট টা নেয়
ও গেট খুলে একটা চোখ টিপে ঈশারা করে উপরে যেতে বলে। তারা বিস্ময়ে লাট খায়। শালা টাকার
এত গরিমা। চুম্বক যেমন লোহা কে দূর থেকে স্যাট করে টেনে নেয়, টাকাও দেখি চুম্বকের মত
বা তার থেকেও স্পিডে লোকজনের বিশ্বাস, সততা, ডিউটি কি অবলীলায় টেনে নেয়। জয় বড় বড় নোটের
জয়। বড় পাত্তির এমনই এক অভূতপূর্ব ঘটনা দেখে তাদের তাক লেগে যায়। কাজের প্রতি একটা
আলাদাই উৎসাহ আসতে শুরু করে।
পাক দেওয়া সিঁড়ি। উঠতে হবে সেই পাঁচ তলায়। লিফট একটা আছে।
কিন্তু সেটা আউট অফ অর্ডার থাকার জন্য চড়া গেল না। অবশ্য ঠিক থাকলেও চড়া যেত না। কারন
দারোয়ান লোকটি তাদের পই পই করে সাবধান করেছে, লিফটের সামনে না যেতে। ওখানে ক্যামেরা
লাগানো আছে। পঙ্কা আর লগা হাসে। ইডিওট গুলো ভাবতেই পারেনি বোধহয়, সিঁড়ি দিয়ে তাদের
মাল খালাস হয়ে যাবে। শয়ে শয়ে বিড়ি আর খানকির স্পেশাল গাঁজার গুনে ধুঁকে আসা ফুসফুসটা
চারতলায় এসেই বিদ্রোহ ঘোষনা করে। তিনজনেই চারতলায় উঠে তাই সদ্য পুকুর থেকে তোলা জ্যান্ত
মাছের মত পাকুস পাড়তে থাকে। একটা বিড়ি খাই নাকি? পঙ্কা উত্তর শোনবার সময় না দিয়েই বিড়ি
টা মুখে নেয়। আর তখনই চার তলার ডানদিকের ফ্ল্যাট থেকে প্রবল চিৎকার চেঁচামেচি শুনতে
পায়। খানিক কান পেতে লগা নিশ্চিত হয়, শালা ঠিকই ছকেছিলাম। বউদি। লগা শুকিয়ে যাওয়া চামড়া
ওঠা বিড়ি খেয়ে খেয়ে কালো ঝাম হয়ে যাওয়া ঠোঁটটায় জিভ বোলায়। পঙ্কার চোখেও কি কিছু একটা
চাহনি খেলে যায়? সেই বিষয় আপাতত পাঠকদের না ভাবলেও চলবে। কারন এখন তারা যে অপারেশনে
এসচে, সেটা ভিন্ন। সেখানে পাত্তির খেলা। তাই ঢ্যামনাগিরিটা একটু পরে করলেও চলবে। লগা
ও পঙ্কা জানে পাত্তি একবার পকেটে ভিড়ে গেলে, তখন মাগীর লাইন লাগিয়ে দেবে তারা তাদের
বাঁকাটেরা ঝাপসা ঘরের সামনে। সেই মাগীর তেজেই তখন ঘর হয়ে উঠবে পাঁচতলার আলিশান বাংলো।
পাঁচতলার ফ্ল্যাটের সামনে এসে এবার আসল খেল দেখায় লগা
আর পঙ্কা। লগার পকেট থেকে বেরোয় এক থোকা চাবির গোছা। ঠিক চাবির গোছা বললে ভুল হবে,
তাতে চাবি ছাড়াও হরেক মাপের লম্বা লম্বা পাতি রয়েছে। লগা সেখান থেকে বেছে একটাকে গোদরেজের
লকটার ভেতর ঢোকায় আর পঙ্কা ঠায় কান লাগিয়ে দাঁড়ায় লকটা যেখানে দরজায় গাঁথা হয়েছে, ঠিক
সেইখানে। খুট করে শব্দটা শুনেই পঙ্কার চোখ জ্বলজ্বল করে ওঠে, আর টকাই লগার দিকে শ্রদ্ধাভক্তি
চোখে তাকায়। নাহ এলেম আছে ছেলে দুটোর। আজকাল এরম মসৃন হাতের কাজ জানা লোক কই। সবাই
গা যোয়ারিতে চলে গেছে। আইদার গ্যাস কাটার নাহলে ধারালো করাতের কাজ। কিন্তু এমন নিশ্চুপ
কাজ, আর কেউ করে দেখাক দেখি। এরপরের কাজ খুবই সংক্ষিপ্ত। তারা হুড়মুড় করে ঘরে ঢোকে,
ও মোহনা উরফ কানুদা নির্দেশিত ভেতর ঘরে যায় আর সেই একই উপায় লাগ ভেল্কি লাগ বলে আলমারি
হালটে একটা বড় ব্যাগ পেয়ে যায়। টকাই আলতো চেন খুলে দেখে থোকে থোকে দুহাজার-পাঁচশ সাজানো
আছে। বেড়িয়ে আসার সময় পঙ্কার পেট টা গুজগুজ করলে, সে হালকা করে বড়লোকের বাথ্রুমে হাগার
বাসনা প্রকাশ করে। টাইল দেওয়া বাথ্রুমে সে আগে কখনো হাগে নি। সিনেমায় দেখেচে কেমন কেতা
মেরে কোমোডে বসে খবর কাগজ পড়তে পড়তে নায়ক নায়িকা হেগে বেড়ায়। তারপর অবশ্য চুমু খায়
ও শাওয়ারের তলায় লাগায়। কিন্তু এখানে মাগী কই। অন্তত হাগাটা যাক। তাই আজ সে এই প্ল্যানেই
না হেগে বাড়ি থেকে পাড়ি দিয়েছে। হারামিগিরির একটা লিমিট আছে! টকাই ছদ্দ রাগ দেখায়।
সে এখন নিশ্চিন্ত। ভালোয় ভালোয় কাজ উদ্ধার হয়ে গেছে। কানুদার ইনফরমেশন একদম ইঞ্চ পারফেক্ট।
দলীয় মিটিং অ্যাটেন করে করে সেও আজকাল ইংরিজি জেনে গেছে অনেকটা। যতীনদা কে দেখে দেখে
শিখচে। কলকাতার মার্কেটে হালে পানি টানতে গেলে, দু একটা ইংরিজি জানাটা খুবই দরকার।
টেবিলের উপর ক্লাসিকের প্যাকেটটা পরে থাকতে দেখে সে একটা সিগারেট ধরায়। নে ধরা? বলে
টকাই লগাকে সিগারেটের প্যাকেটটা বাড়িয়ে ধরে। ধুর, এই লাইট মাল পোষাবে না। তারা পতাকা
বিড়ির খদ্দের। হাতে কাঁচা টাকা এলে অবশ্য ফ্লেক খায়। কিন্তু এই বড়লোকি সিগারেটে মজা
নাই। দু-একবার ঝেড়ে খেয়ে দেখেছে, পোষায় নি। তাও ধরায় একটা। ফ্যানের সুইচটা অন করে,
টেবিলের পাশে মদের ক্যাবিনেটটা এবার নজর করে
লগা। সাত বোতল ইম্পোর্টেড হুইস্কির বোতল সাজিয়ে থাকতে দেখে সে। হাত বাড়িয়ে সবুজ মত
একটা বোতল নিয়ে দেখে ছিপি সিস্টেম নয়। কাঠ কাঠ একটা জিনিস বোতলের ভেতরে ঢোকানো। কামড়ে
টেনে বের করা যায় না। টকাই লাগার কান্ড দেখে হাসে। সে জানে, এ জিনিস খোলার যন্ত্র আছে।
নেতাজি ইন্ডোরে সরকারি মিটিং এ সে খেতে দেখেছে লোকজনকে। কেতা মেরে টেবিলের ড্রয়ার হালটে
সে জিনিসটা খুঁজে পায় ও লগাকে ডবল অবাক করে যন্ত্র টা কাঠ কাঠ ছিপিতে ঢুকিয়ে দিয়ে প্যাঁচ
মারতে থাকে। ছিপি আপনি খুলে আসে। বিলিতি স্কচের মিষ্টি গন্ধ ভুরভুর করে বেরোয়। লগা
খানিকটা মাল ঢকঢক করে গলায় ঢেলে দেয়। বাহ, তোফা খেতে। এই সমস্ত মাল টেস্ট যখন চলছিল
একের পর এক বোতল খুলে, পঙ্কা হেগে বেরিয়ে আসে। এরপর ঘর খুঁজে আরেকটা চটের ব্যাগ পায়
তারা। সেটায় করে মালের বোতল গুলো সরিয়ে নেয়। টেস্ট করার চক্করে, এক বোতল মাল শেষ হয়ে
যায়। লগা সেই বোতলটা নেয় না, বরং মুতে ভর্তি করে রাখে। এই বটকেরা দেখে পঙ্কা হেভি মজা
পায়।
রাতের টিভির নিউজে পাঠকরা যখন অবহিত হয় যে, বাইপাস লাগোয়া
ফ্ল্যাটে টাকা চুরি ও মদের বোতলে মুত্র, ছটা বিলিতি বোতল হাপিস এবং কোমোডে ভাসমান কাঁচা
গু, আর সেই জন্য রাজ্য সরকার তাদের বিশেষ অথিতি ইন্ড্রাস্ট্রিয়ালিজের এই চুরি তদন্ত
করতে বিশেষ কমিটি বসিয়েছে, আর তার নেতৃত্বে আছে লোকাল কমিটির নেতা যতীন। তখন টকাই লগা
আর পঙ্কা পঞ্চান্নর ক্যানেল পাড়ে বসে জমিয়ে বিলিতি মাল সাঁটাচ্ছে ও আজকের এই সাক্সেস্ফুল
অপারেশনে পিঠে শাবাশি ঝাড়ছে। তাদের কাজ ছিল দুটো ব্যাগ বাইরে বের করে আনা। কানুদার
লোক রাস্তার ওপার থেকে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। কানু দা এক কথার লোক। সে টাকার বখরামি
নিয়ে খেলাপি করবে না। একি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের ত্রাণের টাকা, যে সেই নিয়ে
এ হাত সে হাত হবে। এ হল হকের কামাই।
-টকাই শালা আজ তোর মদের পয়সা বেঁচে গেল। আরেকদিন কিন্তু
দিতে হবে!
-হবে বে হবে। আগে এইগুলো শেষ কর। খাসা মাল সব। সবকটাই
বিলিতি। এগুলো সিঙ্গেল মল্ট বলে জানিস? খাস তো শালা বেল ফ্লেভার হারবাল নাহলে বাংলা।
এ হল খাঁটি সাহেবি জিনিস।
-ধুর সে যাই বলিস। এই সব বড়লোকি ব্যাপারে অত ঝাঁঝ নেই।
কান্ট্রি যুগ যুগ জিও। গলায় ঢালছি আর ভ্যানিশ।
-একটায় ঝাঁঝ থাকে। সে হচ্চে বড়লোকি পালিশ দেওয়া মামনি।
লগা পঙ্কাকে শুধরে দেয়। টকাইএর একটা ফোন আসে সে দু বোতল
ইন্ট্যাক্ট রেখেই ভেগে পড়ে। যতীনদার কল। যেতেই হবে। তদন্ত কমিটির সাথে থাকতে হবে এখন।
লগা আর পঙ্কা দাঁত বের করে হাসে।
-শালা কি খেল দেখাচ্ছিস বে!
টকাই গুন গুন করতে বেরিয়ে যায়। হালকা নেশা ধরে গেছে। মাল
গুলো খাঁটি। লগা-পঙ্কা বুঝতে চায় না। লাইট হলে কি হবে, এই সন্ধ্যের শিরশিরানি হাওয়ায়
নেশা ধরিয়ে দেয়। থাক খাচ্চে খাক। ছেলে দুটো কাজ জানে।
টকাইয়ের চলে যাওয়া দেখতে দেখতে লগা এবার বলে ওঠে, চল বে!
-কিসের কি বে? পঙ্কা নেশা জড়ানো গলায় জানতে চায়।
-আবে! কাল কি কথা হয়েছিল? কাজে যাব, শর্ত একটাই। হোর্ডিং
টা খুলে এনে লাগাবো ঘরে। আজ দেখি দুটো আছে। দুটোই পাড়ব শালা।
-আমি তো ভেবেচি তুই খচরামি করছিস। তবে হোর্ডিং গুলো কিন্তু
চাম্পি। দেখলেই শরীর গরম হয়ে যায়। মাগী ছকতে হলে, শালা এমনই মাল চাই। কি যে তুই কোচনের
বোনটাকে নিয়ে চু কিত কিত করছিস।
- সত্যি, মাইরি, জীবনটাই কেতরে চলছে বে। এরম একটা জুটে
গেলে জমে যেত, কি বলিস…
ঢক ঢক করে মাল চলান হতে থাকে পেটের ভেতরে। দামী মালের
মিষ্টি গন্ধ চাপা পড়ে যায় ক্যানেল পাড়ের পচাগলা পাঁকানির তীব্র গন্ধে। তাও তাদের নাক
কুঁচকে যায় না। অপারেশন সেরে বেরিয়ে এসে সামনের মোড়ের শাহীনের দোকান থেকে দু প্যাকেট
মাটন বিরিয়ানি আর এক প্লেট ঝাল ফ্রাই কিনেছিল। ডবল লঙ্কা দিয়ে তেজিয়ান করা। সেই ঝাল
ফ্রাই খেয়ে সু সু করে পঙ্কা। শাহিনকে তেড়ে খিস্তি করতে থাকে। বিলিতি মালের সাথে এ জিনিস
জমে না। এর ঝাল ঝুঝবার জন্য মালও হতে হবে সেরকম তেজিয়ান। শেষ বোতলের শেষ চুমুকটা মেরে
দিয়ে পাঁকানি গন্ধ মিশিয়ে তারা পেট ভরে ঠান্ডা বিরিয়ানি সাঁটায়। কাস্তের মত যে চাঁদ
টা তাদের চুপিসারে উঠে আলো বিলাবার ধান্দা করছিল, তখনই রোঁয়া রোঁয়া মেঘ এসে ঢেকে দেয়
ও কালো অন্ধকার করে রাখবার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা বৃথা যায় কারন, ল্যাম্পপোস্টের
সাদা হলুদ নীল আলো গুলো কলকাতাকে অন্ধকার থেকে দূরে রাখবার সফল সরকারী প্রয়াস করে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।
-আজ ই যাবি? পঙ্কা দোনামোনা করে। শালা এত মাল ফাল টেনে,
বিরিয়ানি সাঁটিয়ে এখন আর হোর্ডিং খুলতে ইচ্চে করছে না।
-হ্যাঁ এখনই। চল বে। ঐ হোর্ডিং দে, নাহলে মামনি দে শালা।
লগা খেঁকিয়ে ওঠে।
-চল শালা। বারিশ এলে ভিজে ভিজে করব। দোস্তের জন্য জান
কবুল। পঙ্কা উঠে দাঁড়ায় ও লগাকে নিয়ে টলতে টলতে বাইপাসের দিকে এগোতে থাকে। ক্যানেল
পাড় থেকে সোজা হেঁটে এলে খানিকটা ফাঁকা মত জায়গা পরে। তার মধ্যে দিয়ে বনকুলের ঝোপ,
নাম না জানা গুল্মের সারি, কাঁটা বাবালার ঝোপ পেরিয়ে শর্টকার্ট নেয় বাইপাসে ওঠার জন্য।
ক্যানেলের উপর পোল টা যেখানে শেষ হয়েছে, হালে মেট্রোর লাইনের পিলার পরেছে, তার পাশ
দিয়ে তারা বাইপাসে উঠে আসে। রাস্তায় উঠে বাঁদিকে খানিকটা এগোলেই বড় পাঁচতলা ফ্ল্যাটটা
আর তার পাশে স্কুটির হোর্ডিং। রাস্তার উল্টোদিকে হাফ-নেংটা নায়িকার সিনেমার পোস্টার।
দুটোই খোলা হবে। ঝিরঝিরে বৃষ্টি, হঠাৎ হঠাৎ আকাশ চমকানি আর বাইপাস দিয়ে শোঁ শোঁ গাড়ির
ভিড়ে তারা টলমল পায়ে হাঁটতে থাকে। দামি বিলাতি মালের মিষ্টি মিষ্টি গন্ধে বুঁদ হয়ে
তারা হোর্ডিং দুটোয় তারিয়ে তারিয়ে শরীর দেখে ও ঝামেলা করতে থাকে কোনটা আগে খোলা হবে।
সিনেমার বিজ্ঞাপনের বড় ফ্লেক্সটা নামানোর জন্য যখন তারা
কিভাবে উপরে ওঠা যায় সেই নিয়ে নিরীহ আলোচনায় চলছিল, তখন লগার চোখ কিন্তু ঐ ফ্ল্যাট
আর তার চারতলার বারান্দার দিকেই ঘুরপাক খাচ্ছিল। এই সময় সে দেখতে পায় সবুজ শাড়ি আর
লাল ব্লাউজ পরে সেই বউদি গেটের বাইরে বেরিয়ে আসছে। চুল উস্কোখুস্কো। কপালে সিঁদুর ঘেঁটে
আছে। চোখের দৃষ্টি কি উদভ্রান্তের মত? শূন্য মাথায় হাঁটতে থাকলে, যেরকমটা হয়, লগা কি
তাকে ঠিক সেই মত হাঁটতে দেখছে? বাইপাসের এপার থেকে এতকিছু বোঝা যায় না। তবে এই ঝিরঝির
বৃষ্টির মাঝে, যেখানে একফালি চাঁদটা ওঠা-নিরন্তক লুকোচুরি খেলছে, তখন এইভাবে ছাতাহীন
বউদির একা বাইরে বেরিয়ে আসাটা যে মোটেই সাধারন কোন ঘটনা নয়, সেই বিচার করবার বোধ লগার
আছে। লগা পঙ্কাকে ডেকে দেখায় ও তারা দুজনে রাস্তা পার করে। বউদি নিজের মত বড় রাস্তা
থেকে বাঁক খেয়ে ক্যানেল পাড়ের দিকে চলতে থাকে। তারা সামনের দিকে পা চালায়, যাতে চোখের
আড়াল না হয়ে যায়।
পঞ্চান্নর মোড়ে বাইপাসের একধার থেকে ওধার হওয়া মোটেই সহজ
কাজ নয়। প্রথমে সার্ভিস রোড। তারপর তিন লেনের বড় রাস্তা। তারপর রেলিং। সেখানে নির্দিষ্ট
একটা জায়গায় কিছু রড সরিয়ে একটা পার হবার ব্যাবস্থা। তারপর আবার তিন লেনের চওড়া রাস্তা।
তবে তুমি পেরিয়ে এসে মাটিতে পা ছোঁয়ালে। সিগন্যাল একটা আছে ঠিকই, কিন্তু ট্রাফিকের
অনুপস্থিতিতে সেটা না থাকারই সামিল। আর এই হঠাৎ কাঙ্খিত ঠান্ডা ওয়েদারে বাড়ি বসে জাঁক
না করে রাস্তায় লোক ডিঊটি দেবে, এই আশা করাও বৃথা। ফলে সোঁ সোঁ করে দামী গাড়ি ছুটে
বেড়ায় রাস্তায়। আর রাস্তার একপাশে গুটি গুটি করে লোক জমতে থাকে পার হবার আশায়। ঝড় জল
যাই হোক না কেন, এই লোকগুলিকে বাড়ি থেকে বেরোতেই হয়। পেটের টান। তবে যারা গাড়ি করে
কালো পিচের বুক চিরে রগরগে হোর্ডিং গুলোকে পরখ না করেই ছুটে চলেছে, তারা এই অলস ওয়েদারে
কোথায় যাচ্চে, কি ব্যাপার, তা অবশ্য লগারা বুঝতে পারে না। তাদের বুঝতে বয়েই গেছে। তারা
রাস্তার মাঝামাঝি এসে রেলিংটা গলে দাঁড়িয়ে আছে বাকি হাফটা পেরোনর জন্য ও বউদি ঠিক কোন
দিকে হাঁটা দিল, সেইটা নিয়ে তারা বরং বেশি চিন্তিত এই মুহুর্তে। শিকার চোখের আড়াল হলেই,
শিকারি যেমন মনোযোগ হারিয়ে বিরক্ত হয়, তারাও তেমনি এবার গাড়ি টাড়ি লক্ষ্য না করে হাঁচোড়
পাঁচোড় করে বাকি রাস্তাটা পেরোবে বলে ছুট লাগায়। ঘ্যাঁস করে এসে একটা বিলাতি মার্সিডিজ
লগাদের সামনে ব্রেক করবার একটা চেষ্টা করে ও পাশের সাইকেলওয়ালাটা যেটায় সব্জি ছিল বোঝাই
হয়ে দড়াম করে ধাক্কা মেরে দাঁড়িয়ে পরে। পঙ্কা চোখ বুজে ফেলেছিল। ভেবেচে, শালা চিপ্টেই
দিল মনে হয়। কিন্তু সাইকেলটার জন্য তারা বেঁচে যায়। গাড়ি থেকে একটা যুবক বয়সি ছোকরা,
চুলে গোল্ডেন রং করা, এক হাতে লম্বা ক্লাসিক সিগারেট মুখ বার করে কাঁচা খিস্তি করে।
লগা লাল লাল দাঁত গুলো বের করে, হাত দেখিয়ে বাকি রাস্তাটা পার হয়ে যায়। গাড়ির ভেতর
দেখে আরো একটা ছেলে আর দুটো চকচকে মামনি বসে আছে। হাতে বিয়ারের বোতল। উদ্দাম গান বাজছে।
চারিদিক থেকে লোকজন ছুটে এসে জমা শুরু করবার আগেই, সাঁই করে বিলাতি গাড়িটা অন্তর্হিত
হয়। এখন কিচাইন করবার সময় নয়। নাহলে দেখে নিত শালাদের। লগা আর পঙ্কা পা চালায় ক্যানেল
পাড়ের দিকে। ফাঁকা মত জায়গাটা যেখানে কাঁটাবাবলার ঝোপ গুলো গজিয়ে আছে সারি দিয়ে, সেইখানে
এসে অনতিদূরেই দেখতে পায় একা দাঁড়িয়ে থাকা বউদিকে। বউদির উত্তেজনা, বিলাতি গাড়ির উঁচুবুক
ওলা মামনির ওমে তারা স্কচের নেশাটা টের পায় এবার। শালা ঝাম ধরিয়ে দিচ্ছে যেন। গুটি
গুটি পায়ে নিশব্দে এগোতে থাকে তারা। মেঘ সরে গিয়ে একফালি চাঁদের টিমটিম আলো আর দুরের
রাস্তার হলদেটে আলোতে জায়গাটা আরও বেশী শুনশান লাগে। লগা এগিয়ে গিয়ে বউদির চওড়া পাছায়
আলতো করে একটা চাপড় মারে ও বলে, হবে নাকি আজ? পঙ্কা সিক করে একটা সিটি মারে। রাস্তার
উপর সাইকেলওয়ালা নিয়েই এখন সবাই ব্যাস্ত। দুরের হইচই, আর মাঝে মাঝে মেঘের গড়গড়ানির
জেরে তার সিটিটা কোন শব্দ না তুলেই যেন হারিয়ে যায়।
বউদি কিছু বুঝে উঠবার আগেই, লগা তার হাত ধরে এক হ্যাঁচকা
টান মারে। কিসের চিন্তায় বিভোর সে হঠাৎ ঘটে চলা ঘটনায় তাল রাখতে না পেরে, মাটির উপর
বৃষ্টির জল খাওয়া বেনা ঘাস, মুথা ঘাসে পা স্লিপ করে পরে যায়। পঙ্কা মুখের উপর সজোরে
হাত চেপে ধরে। বউদি চিৎকার করবার ও নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করতে থাকে। লগা
আর পঙ্কা খ্যাক খ্যাক করে হেসে ওঠে। তাদের হায়েনার মত হাসির শব্দে নাকি কি ঘটতে চলেছে
সেটা আঁচ করেই চাঁদ অবধি ভয়ে মেঘের ঠুলি পরে চোখ বুজে ফেলে। বনকুল আর কাঁটা বাবালার
ঝোপ গুলো চলাক চলাক বাতাসে আধো ভেজা হয়, যে ঘসাঘসির খেলা খেলছিল, তারাও একটা আকাশ ফোঁড়া
তীব্র তীক্ষ্ণ চিৎকার শুনে পাথরের মত স্থির হয়ে যায়। লগা প্যান্টের চেন টা খুলতে খুলতে
আধা অন্ধকারে বউদিকে দেখে। আয়ত চোখ কান অবধি টানা টানা, গোল পানা মুখ, রোগা শরীর কিন্তু
উন্নত বুক, লোমহীন চকচকে হাত পা। চুল গুলো কানের পাশ দিয়ে পিঠ অবধি ঝেঁপে এসেছে।
লগার মনে পড়ে, তাদের বস্তির দুর্গাপূজার জন্য তারা কুমোরটুলি
গেছিল ঠাকুর আনতে। বিশাল বড় বড় মাটির ন্যাংটো দেহ গুলি দেখতে দেখতে তাদের নেশা লেগে
গেছিল। ইয়া ইয়া বুক, জাপটে কুল পাবে না এমন সব পাছা। এক একটা আবার এক এক রকম। কেউ কোমর
ভেঙ্গে হাসি মুখে আয়ত চোখে তাকিয়ে। কেউ একদম স্ট্রেট রাগি রাগি চোখে তাকিয়ে। কেউ আবার
নাচের ভঙ্গীমায় লম্বাটে মত মুখ নিয়ে অস্ত্র উঁচিয়ে। তবে বুক আর ভরা পাছার ব্যাপারটা
কমন ছিল। ওরা অবশ্য অত বড় ঠাকুর কিনতে পারে নি। কারন তাদের ছোট বস্তি। ছোট বাজেট। ছোট
পূজা। এই সময় মাতব্বর নেতা, এমপি, এমএলএ সব বড় বড় ক্লাবে যুক্ত। বস্তির পুজোয় কেউ হাত
ও চরিত্র গন্ধ করতে চায় না। তাই লগারা সেদিন ছোটমত একটা ঠাকুর কিনেই ফিরেছিল। কিন্তু
সেটারও বুক পাছা আর শরীর দেখে তাদের মত অনেকেই গরম হয়ে গিয়েছিল ও ভক্তিতে গদগদ চিল্লান
দিয়েছিল, জয় দুগগা মাই কি। অবশ্য দুগগা টা তারা মাঝে মাঝেই বলছিল না।
কিন্তু আজ তারা বউদির দেহের নিম্নাংশে একটা স্পেশাল দাগটা
দেখতে পেয়ে দুগগা ঠাকুর দেখার মত নিরাশ হয় না ও ডবল উত্তেজনায় বুকের উপর জড়ো করে রাখা
হাত দুটো দুপাশে টেনে ধরে। মুঠোবন্দী আঁচল খসে পড়ে অচিরেই। চোখে শঙ্কা, সাহায্য, সহানুভূতির
আর্তি আধো অন্ধকারে বৃষ্টির জলের সাথে ক্যানেলের জমে থাকা কালো জলে ধুয়ে যেতে থাকে।
পঙ্কা হাত দুটো সজোরে ধরে। লগা প্রবল বেগে ঝাঁপিয়ে পরে তার অনেকদিনের চেপে রাখা বাসনার
উপর। তীব্র বৈষম্য ঝুজতে ঝুজতে, চারিদিকের দেখনদারির খেলায় তাকে খেলতে না নেওয়ার গুমোটে
স্বার্থপরতার বীজ আজ প্রকট আকার ধারন করে। ভালোবাসা, মানবিকতার মত শব্দবন্ধ মানেহীন
হয় দিকশূন্য চাপা পড়ে আলো চলকে যাওয়া পিচের রাস্তার উপর সাঁই সাঁই ছুটে চলা দামী দামী
গাড়ির চাকার তলায়। এই ওশ পড়তে থাকা মেঘবন্দী সন্ধ্যেটা ঠাট্টা করতে থাকে, এই পণ্যায়িত
সমাজ ব্যাবস্থাকে। যেখানে বিনোদনের নামে, সমাজের নামে নারীদেহ কে চটকানোর পিন্ড বিশেষে
ডিফাইন দেওয়া হয় ও সেই মনস্কতা সিক্তিয়ে ব্রেনে প্রতিস্পন্দন জাগবার কথা নয়, এমন জিনিসের
উদ্দীপনায় ব্রেন বিরামহীন প্রশ্নহীন সাড়া দিতে থাকে।
দেহের নিচে পিষে যেতে থাকে কাঁকুড়ে মাটি, বর্ষার জলে ন্যাতানো
ঘাসপালা, নাম না জানা কি একটা কাঁটা গাছ আর কামড়াতে চাওয়া ব্যার্থ ডেঁও পিঁপড়েগুলো।
হাজার হাজার তীক্ষ্ণ বর্শার ফালি দিয়ে ক্ষত বিক্ষত করতে থাকে লগা। কতক্ষন এরকম চলছে,
সেই হিসাব থাকে না। সময় চলরহিত হয়ে পড়ে। বাতাসের দমকে ক্যানেল পাড়ে নিজের মত গজিয়ে
ওঠা পিঠালি ফলের গাছটা থেকে শয়ে শয়ে পিঠালি ফল তাই মাটিতে পড়বার আগে স্থির হয়ে দাঁড়িয়ে
যায়। কাস্তের মত চাঁদ টা সেই যে মুখ লুকিয়েছে, এখনো বের হতে পারে নি। তাই সময়ের হিসাবও
বুঝি কেউ রেখে উঠতে পারেনি।
এক সময় বউদির হাত গুলো শিথিল হয়ে আসে। তার বাধাদানের ইচ্ছা
পশ্চিম আকাশে লাট খায়। মুখে আর হাত চেপে রাখতে হয় না। বার বার মাথাটা ঠুকে অজ্ঞান করবার
চেষ্টাও করতে হয় না। লগা হাঁপিয়ে উঠে সরে যায় ও পঙ্কার থেকে একটা বিড়ি নিয়ে ধরায়। পঙ্কা
হাঁফিয়ে পড়ে পাশেই শুয়ে পরে। উরু বেয়ে নেমে আসা রক্তের ধারায় স্নান করতে থাকে কাঁকুড়ে
মাটিতে গজিয়ে ওঠা বেনো ঘাসেদের দল। টাটকা রক্তের গন্ধে, এই স্যাঁতানি ওয়েদারেও বৃষ্টি
ভিজে লাইন পরে লাল পিঁপড়ের। তেতে ওঠা মাটি থেকে যৌনতার গন্ধ, ক্যানেলের পাঁকানির গন্ধ,
হাগার গন্ধ আর পাশের ঝোপ থেকে ঝরে পড়া বনফুলের গন্ধ মিল মিশ খেয়ে ঘুরপাক খায় তিলোত্তমা
কলকাতার গর্বফুটানি বাইপাসের চকচকে তিন লেনের রাস্তায় রাস্তায়।
-কি করবি বে? নড়ে না চড়ে না যে। মরে ফরে গেল নাকি? ক্যানেলে
ফেলে দেব? পঙ্কা এবার একটু চিন্তিত হয়। উঁচু কিন্তু খাবলানো খোলা বুকে একটা হাত রেখে
শুয়েছিল সে। বৃষ্টির দানা গুলো একটু বড় বড় হতে উঠে বসে।
-কিছু করতে হবে না। ফেলে রেখে দে। তবে খাঁটি মাল ছিল কি
বলিস? লগা আকাশের দিকে কি একটা খুঁজতে খুঁজেতে উত্তর দেয়।
-জ্ঞান ফ্যান ফিরে যদি পরে ক্যাচাল করে।
-আবে, বেকার ভয় পাচ্ছিস। এইসব হাফ বড়লোক দেশি মেয়েছেলে।
দেখছিস না সিঁদুর দেয়। হাতে তো মনে হয় শাঁখা-পলা ও দেখা যাচ্ছিল। এরা হেভি ভীতু হয়।
লজ্জার ভয় পুরো চেপে যাবে দেখিস। কোন চাপ নেই।
-কিন্তু তাও… আজকালের মাগী কে বিশ্বাস নেই। হাজার একটা
দল বেরিয়ে গেচে। এই তো সেদিন কোচন বলছিল, রেপ হবার পর নাকি সবাইকে চিনিয়ে দিয়েছিল।
-নাহ সে ছিল অন্য জিনিস। এর থেকে ভয় নাই। দেখছিস না, কেমন
ভয় কুঁকড়ে রয়েছে এখনো। আর দুপুরে কি শুনলি বে ওই ফ্ল্যাট থেকে। এই মালকে হয় বাড়ি থেকে
বের করে দিয়েচে নাহয় পালিয়ে এসেচে মারের হাত থেকে বাঁচতে। পিঠে লম্বা মত টাটকা একটা
দাগ দেখলাম।
-তা ঠিক ই। দুপুরেই তো শুনলাম, স্বামীটা শাসাচ্ছে কুথাও
যাওয়ার নেই বলে, বাপের বাড়িতেও নাকি তুলবে না। তালে বেরিয়ে পরেচে মানে, তাড়িয়েই দিয়েচে
কি বলিস… আমাদের সাথে নিবি? ঘরে রাখব। ফুর্তি করার জন্য তো লোকে কত কি ঘরে তোলে? আমরা
না হয় লোকের ফেলে দেওয়া একটা মামনি তুললাম। উফ জমে যাবে যে পুরো।…
-মেলা বকিসনি। বাঁশ কেন ঝাড়ে, আয় আমার গাঁড়ে। থাক পড়ে
থাক। বারিশ আসচে। এমনই জল খেয়ে জ্ঞান ফিরে গেলে বাড়ি চলে যাবে। আর এই অন্ধকারে আমাদের
মুখ এমন কিছু দেখতে পায়নি যে ধরিয়ে দেবে। আমাদের চেনেও না… বকে বকে মাথা খাসনি। একটা
শুকনো দেখে বিড়ি দে দেখি…
লগা আর পঙ্কা দুজনে দুটো বিড়ি টানতে টানতে হাঁটা দেয়।
পেছনে হাফ লাশ হয়ে পড়ে থাকে খোবলানো আঁচড়ানো দেহ টা। বৃষ্টির দানা গুলো এবার অনেকটা
বড় হয় ও বেশী বেশী করে পড়তে থাকে। থমকে যাওয়া সময়ও আবার নরম্যাল নিয়মে চলতে শুরু করে।
পিঠালি ফল গুলো কিছু মাটিতে আর কিছু ক্যানেলের কালো জলে পরে যাওয়ার ঝুপ ঝুপ শব্দ শোনা
যায়। কাঁটাবাবলা আর বনকুলের ঝোপগুলো আবার ঘষাঘষি করতে থাকে। কোথা থেকে গুচ্ছ কোলা ব্যাঙ্গ
ওঁইয়াক্যাক ওঁইয়াক্যাক শব্দে ডেকে ওঠে। বাইপাসের উপর ভিড় পাতলা হয়ে যায়। সাইকেলওয়ালা
তার ভাঙ্গাচোরা সাইকেল আর ছড়ানো সব্জি তুলে নিয়ে লেংরে লেংরে বাড়ি চলে যায়। হোর্ডিং
দুটো এখনো জুলজুল করে তাকিয়ে থাকে বাইপাস লাগোয়া হাজার হাজার মানুষের দিকে। তাদের আজও
কেউ খুলে নিয়ে এই ডিঊটি থেকে মুক্তি দেয় না। আর হ্যাঁ, এখনো কলকাতার আকাশের একমাত্র
আলো - ঘোলাটে চাঁদখানা মুখ দেখানোর কারণ খুঁজে পায় না।
৮
এই যে প্রায় এক বছর আগে খাস বাইপাসের ধারে, পঞ্চান্নর
পোলটার পাশে, আগে যেখানে ফাঁকা মত একটা জায়গা ছিল, এখন লম্বা চওড়া হাইরাইজ আকাশ চিরে
উঠেচে, আর তার মধ্যে সবচেয়ে বড় বেডরুমে ডিজাইনার প্লাইয়ের খাটখানা যেখানে পাতা আছে,
হয়তো ঠিক সেইখানটাতেই এই চিত্তাকর্ষক ঘটনা
ঘটেছিল। কিন্তু সেটা আমোদগেঁড়ে পাবলিকের নজর এড়িয়ে যায়। গোটা সমাজ ব্যাবস্থাও তার ঢ্যামনামির
কেত্তনের ঝ্যানোর ঝ্যানোর শব্দে সেই তীক্ষ্ণ আর্তনাদ স্বাভাবিক সমাহিত করে। ফলে এই
সময়ের ফাঁকে শিয়ালদা স্টেশন চত্বরে যে এক বা একাধিক কালো, সাদা, শিক্ষিত, অশিক্ষিত,
সুস্থ, অসুস্থ, মোটা, রোগা নানা কিসিমের মেয়েছেলে এসে জুটেছিল, সেই জ্বলজ্বলে সত্যিও
লাখ লাখ আপিস যাতায়াত মধ্যবিত্ত লোকেদের আরামসে চোখ এড়িয়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই
তাদের মধ্যে একজন খোবলানো, আঁচড়ানো গোলপানা মুখের সবজে শাড়ি পড়া নতুন এন্ট্রির আলাদা
করে আর নজরে আসে না। গোদা পাবলিক ঝিরকামৃগীর মত লাট খেতে খেতে মাজাকি মারতে থাকে এবং
প্রবল আগ্রহভরে বগল চুলকিয়ে শিয়ালদায় ভিখিরি বেড়ে গেচে বলে খুব ভাবিত হয়।
নিউজ চ্যানেল, খবরের কাগজ, সিনেমা, সাহিত্য কিংবা হালের
ইউটিউবেও যে খবর চেপে যাওয়া হয়েছিল, তা হল সাউথ কোলকাতার বিক্রমগড়ের এক ছোট একতলা বাড়িতে
একটি আত্মহত্যার খবর। কারন এতই একজন সাধারন সম্মান্য রিটাইয়ার্ড পোস্টাপিসের কেরানীর
মৃত্যু হয়েছিল যে, নিউজ চ্যানেল থেকে ইউটিঊব, অ্যামাজন থেকে নেটফ্লিক্স সবাই এই মৃত্যু
খারিজ করেছিল তার মার্কেট নেই বলে। তার পণ্যহীনতায়। খবর সামান্যই। ঠিক দু’মাস বাদে
মেয়ের বাপকে যখন বলা হল, তার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গিয়েছে। সেই শুনে মেয়ের সরল
সিধা বাপ সেই গভীর শোক নিতে না পেরে সিলিং ফ্যানে দড়ি টাঙিয়ে ঝুলে পরে। দরজা
ভেতর থেকে লক ছিল। ফলে মাঝপথে কেউ বাগড়া দেওয়ার চেষ্টাও করেনি। মা আর তার ছোট মেয়ে
তখন বাড়ির ছাদে জামা কাপড় তুলতে গিয়েছে। সেই নিরীহ উত্তেজনাহীন মৃত্যুর হাত ধরেই বিষিয়ে
যাওয়া ঘাটাকে কোনমতে ঢেকেঢুকে সমাজ চলছিল তার
নিজস্ব গতিতে।
আর এই গতির সাথেই তাল রেখে পৃথিবী তার বার্ষিক গতির একপাক
কমপ্লিট করে ও পঞ্চান্নর সেই পাঁচতলার ফ্ল্যাট, পাবলিক যাকে ইয়াদে রেখেছিল পাঁচতলার
অদ্ভুত চুরির কেসটায়, যেখানে চোর চুরি করবার পর মালের বোতলে পেচ্ছাপ ঢুকিয়ে রাখে ও
কোমডে হেগে ফ্লাশ করতে ভুলে যায়। স্কুটির হোর্ডিং সরে গিয়ে দখল নেয় পারফিউমের। সিনেমার
হোর্ডিং এর পাশাপাশি আরও হোর্ডিং আকাশ জুড়ে জ্বলজ্বল করতে থাকে। আর তাতে উঁচিয়ে থাকা
দেহ ভঙ্গীমায় ঠোঁট চাটে সহস্র অযুত কাজকামহীন, ঈপ্সিত বস্তুর না পাওয়ার হতাশায় কামাতুর
যুবকের দল। আর সেই ফ্ল্যাটের নিচে গাড়ি দাঁড় করাবার ওপেন গ্যারেজে আয়োজন হয় বিয়ে বাড়ির।
চারতলার লোকদের পক্ষ থেকে। সানাই টানাই ছাড়াই, ঝাড়ের দেমাকি উপস্থিতি ছাড়াই মাত্র কয়েকশ
পাবলিকের উপস্থিতিতে চারতলার ত্রিশ বছরের যুবক অর্থাৎ যতীন ও বিপ্লবের বন্ধুর বিয়ের পিঁড়ি
পাতা হয়। পুনরায়। মা মাসি মেসো পিসের দল দ্বিতীয়বার বিয়েতে বসতে যাওয়া ছেলেটির উপর
আবেগে ভারাক্রান্ত হয়। ডাকিনি ঝেড়ে ফেলেছে লপ্তে রাবনিক পিএনপিসি চলতে থাকে। আহা, বউ
ভেগে গেছে অন্য ছেলের সাথে এমন গালভরা কাহিনী উড়ে বেড়ায় আনাচে কানাচে। বউ এর আগে থাকতেই
নাকি দোষ ছিল। সেইসব লুকিয়ে পয়সার লোভে জোর করে তাদের গছিয়ে দেওয়া হয়েছিল। সেই মেয়ে
ভেগেছে এখন আমার সোনাটার উপর থেকে অশুভ শক্তি দূর হয়েছে। এই নতুন বউ দেখেছ? কি দারুন
মিষ্টি, প্রতিমার মত রূপ একেবারে। গায়ের রং টা দেখো, দুধে আলতায়। আগেরটার মতন পাউডার
মাখানো মেকি নয়। আর ছেলেটিও লাজুক লাজুক চোখে ধুতি পরে খালিগায়ে বসে থাকে প্রপার লগ্নের
অপেক্ষায়।
কিন্তু সাধারন মানুষের আর দৌড় কতটা যে, অশুভ শক্তির ঘাঁতঘোত
পুরো ছকে ফেলবে। ফলে লগ্ন আগত, পুরোহিত বার বার ঘড়ি দেখছে, এমন সময় বাইরের গেটের মুখে
বিস্তর গোলমাল শোনা যায়। একটা কর্কশ নারী কণ্ঠ আর বিহারি দারোয়ানের ভাঙ্গা ভাঙ্গা বাংলা।
যতীন, বিপ্লব বাইরে আসে কি হচ্চে, সেটা সরেজমিনে বুঝবার জন্য। রান্নার জায়গা থেকে বেরিয়ে
আসে ক্যাটারারবালা পঙ্কা আর লগা। হুজ্জতি আরও ফেনিয়ে উঠলে, বর স্বয়ং গেটের কাছে চলে
আসে কি হচ্চে বুঝবার জন্য। একটা মিনি ভিড় তৈরী হয় গেটের মুখে। একটা পাগলী টাইপ, মাথা
ন্যাড়া, হাড়জিড়জিড়ে কিন্তু গোলমুখো, ময়লা ক্ষয়াটে শাড়ি পরা, কোলে নোংরা কাঁথার পুঁটুলের
মধ্যে একরত্তি বাচ্চা নিয়ে চিৎকার করে বরের নাম ধরে ডাকছে।
-যত্তসব, ভিখিরি এসে জুটেছে। এরা সব অনুষ্ঠান বাড়ি দেখলেই
জড়ো হয়। দারোয়ান, মেরে বের করে দাও সামনে থেকে। যতীন তার লিডারশিপ অ্যাকশন প্রয়োগ করে।
লগা আর পঙ্কা পাথরের থেকেও স্থির ভঙ্গীমায় দাঁড়িয়ে থাকে। আয়ত চোখ, গোল পানা মুখ আর
তীক্ষ্ণ আর্তনাদের পরিচিত গন্ধটা খাসি কষার ঝালঝাল গন্ধকে হেলায় হারিয়ে দিতে থাকে।
ধীর পায়ে তারা ভীড়ের পেছন দিকে চলে আসতে থাকে।
-অ্যাই, অ্যায়ই… আবার বিয়ে করা হচ্চে? আবার একটা মেয়ের
জীবন নষ্টের ধান্দা না…! পুরুষত্বহীন ক্লীব। এই দেখ, এই দেখ আমার মেয়ে… হাঃ হাঃ হাঃ…
আমার মেয়ে… আমার…
বলেই পাগলীটা হু হু করে কাঁদতে থাকে, গেট ধরে ঝাঁকুনি
দেয় ও আবার কান্না থামিয়ে একটানা আমার মেয়ে আমার মেয়ে বলে কখনো ঘুরতে থাকে, কখনো বরের
নাম ধরে চেঁচাতে থাকে। লজ্জা ভুলে যাওয়া ঘোলাটে চাঁদ টা আজ মুখ না ঢেকে, ড্যাবড্যাব
করে তাকিয়ে থাকে। পেছনে পুরোহিত তাড়া লাগায় লগ্ন পেরিয়ে যাওয়ার ভয়। দারোয়ান গেট খুলে
তাকে ধাক্কা মারে। বুকের উপর আঁকুড় করে ধরে থাকা শিশুটি নিয়ে সে ফুটপাথের উপর পড়ে যায়।
কংক্রিটের সাথে মাথার সজোর সংঘর্ষের শব্দেও চাপা পড়ে না তার ছুঁড়ে দেওয়া প্রশ্ন, “ক্লীব
কে?”
যত্তসব পাগল ছাগল… চল চল… যান ভেতরে যান… এখানে কি? এখানে
কি… ভেতরে চলুন… পুরোহিত মশাই, আপনি শুরু করুন… এখনের লগ্ন টা চলে গেলে আবার সেই রাত
আড়াইটে, অত জাগা যাবে না। যতীন তাড়া দেয়।
কনক্রিটের ফুটপাথ, রাস্তার উপর মেট্রোর লাইন, ইদিক সিদিক
গজিয়ে ওঠা হাইরাইজ, ঝলমলে শপিং মল আর আকাশ ঢাকা হোর্ডিংএ হোর্ডিংএ অনুরনিত হতে থাকে
ক্লীব কে? স্বামী? লগাদের শাস্তি না হওয়া এই সমাজ? লগাদের মত লোকেদের নিরন্তর বানিয়ে
চলেছে যে যন্ত্রটা, সেটা? নাকি গতিস্তব্ধ হয়ে পরা এই জড়বৎ মানুষ গুলো? সমগ্রতার ক্লীবত্বের
মাঝে সে বাচ্চা টা কোলে নিয়ে হতভম্বের মত দাঁড়িয়ে থাকে ও ভাবতে থাকে। নিরন্তর ভাবতে
থাকে। তার এলোমেলো ভাবনার ঝড়ে পানসে চাঁদের আলো আরও ফ্যাকাসে হয়ে যেতে থাকে। ল্যাম্পপোস্টের
ধবধবে আলো ম্যাড়ম্যাড়ে হয়ে যায় আর বড় বড় হোর্ডিংএর আড়ালে অতল আকাশ মুখ লুকিয়ে রেহাই
খোঁজে।