বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে
সোজা দক্ষিনেশ্বরের দিকে যেতে থাকলে ডক্টর-বাগান বলে একটা জায়গা পরে। কিছুটা এগিয়েই ডানদিকে ‘মুনলাইট বার’। হাতে এখনো ঘন্টা খানেক সময় আছে। ঘড়ির দিকে তাকিয়ে গোল্ডফ্লেকটা পায়ে ভালো করে পিষে রিল্যাক্স
মোডে বারে ঢুকল বিল্টা। বারের একটা জিনিস ভালো। হালকা ঝিলমিল লাইট গুলো। ডবল আমেজ
দেয়। একটা বড় ওল্ডমঙ্কের পেগ অর্ডার দিয়ে দেওয়ালের কোনের টেবিলটায় আরাম করে বসল। তিন চার পেগ সাঁটিয়েই বেরোতে হবে। দেরি হয়ে গেলে
বাঙ্কুদা রেগে যেতে পারে। আজ কাজটা উতরে দিতে পারলে ভাল পেমেন্ট আছে। তবে বিল্টা পেমেন্টের কেয়ার করে না। এ কাজ
ভারী ভালো লাগার কাজ। কাজ করে যে ইমোশান টা ঝরে, তা কই কেউ টাকা দিয়ে মেপে দেখাক।
অসম্ভব।
মদ
খেলেই ছোটবেলাটা মুচড়ে মুচড়ে পেটের ভিতর পাকাতে থাকে। বাঙ্কুদাকে বলাতে বলেছিল,
“বয়স হচ্ছে হে ছোকরা, তোমার, বয়স হচ্ছে”...
বৃষ্টিটা
বেশীই রেগে হচ্ছিল। আকাশ ভেঙ্গেই পড়বে আজ। মায়ের জ্বরটাও সেদিন আগুনের মত গরম।
বিল্টার ১০ বছর বয়স হলে কি হবে সবই বুঝতে শিখেছে তখনই। বাবার উপর রাগ হচ্ছিল খুব।
সকালে দেখে গেছে মায়ের জ্বরটা আজ কত গরম। ওষুধ আনার কথা। এত লেট করার কি
আছে। সে কি আর একা সামলাতে পারে। মারের ভয় সে আজ তাড়াতাড়িই রান্না টা সেরে রেখেছে।
রান্না বলতে ওই আলুসেদ্ধ ভাত। মা তো গত তিনদিন ধরেই কিছু খেতে পারছে না। শরীর টা
যেন বিছানায় মিশে গিয়েছে একেবারে। ঘড়িতে দেখল ১১টা বাজে। মায়ের পাশে বসে আছে ঠায়।
হঠাত একটা ভয়ংকর আলোতে একেবারে চোখ ঝলসে গেল। রেশ কাটতে না কাটতেই কান ফাটানো একটা
শব্দ। ভয় বিল্টা মায়ের বুকে মুখ লোকায়। বেশ ঠান্ডা ঠান্ডা অনুভুতিটা
ভালোই লাগছিল তার। জ্বরটা কি কমল তবে। ‘মা’, ‘মা’ করে ঠেলা লাগাল। কিন্তু কোন
সাড়াশব্দ না পেতে বিল্টা ভয় পেল একটু। কানটা বুকের কাছে পেতে দেখল ধুক পুক শব্দ টা
হচ্চে কিনা। গেলবার জ্বরে সে যখন জ্বরে পড়েছিল ডাক্তার কাকু তাকে এই জিনিসটা
শিখিয়ে দেওয়ার পর সে মাঝে মাঝে নিজের ধুক পুক টা শোনার চেষ্টা করত।
সেই
সময় দরজায় ঠক ঠক শব্দটা হতেই বাবা এসছে বলে ছুটে গেল। দরজাটা খুলতেই টেনশনে বাবার
উপর রাগ হ’ল খুব। কি মনে হল ছুটে গিয়ে
বাবাকে একটা ধাক্কা দিল।
টাল সামলাতে না পেরে পড়ে গেলেন নিশীথ বাবু। তার ভয়ানক বিশ্বাস, বাবা যদি একটু আগে
আসত ওষুধ টা নিয়ে।
মাকে যে সে ইনফিনিটি ভালবাসত তা নয়। কিন্তু শেষের দিকে মা যখন
অসুখে পড়ল। ডাক্তার এসে বলল ‘ডেঙ্গু’। তখন থেকেই সে একটুও মায়ের কাছ ছাড়া হ’ত না।
জগা বাপী ডাকতে এলেও সে মায়ের কাছে বসে থাকত চুপটি করে। কত কথা হত তখন। মা অবশ্য
জ্বরের ঘোরে বেশী কথা বলতে পারত না।
“স্যার,
আরেকটা দি..”
শুনে
চটকাটা ভাঙ্গে বিল্টার। এই রে সময় তো হয়ে
এসেছে।
মুনলাইট
বার টা থেকে দক্ষিনেশ্বরের দিকে মিনিট তিনেক হাঁটলেই ডানদিকে অনেকটা ঝোপ পড়ে। বেশ
ঘন। ভেতরে ঢুকে বসে থাকলে কেউ দেখতে পাবে না। ভারী লরি গুলো বেড়িয়ে যাচ্ছে সাঁই
সাঁই করে। সেখানেই বাঙ্কুদার থাকার কথা।
“কোথায়
ছিলি বাঁড়া এতক্ষন। স্যার ফোন করেছিল। গাড়ী নিয়ে বেরিয়ে গেছে মুন্না রা। যখন তখন
এসে পড়বে।।..”
“কিন্তু
দেখছ তো! এত স্পিডে গাড়ি যাচ্ছে। তারপর শালা মারা পড়ব নাকি।...”
প্রথম
থেকেই অ্যাসাইনমেন্ট টা নিয়ে সন্দিহান ছিল সে। নিজের ফুর্তিতে কাজ করত। নিজেই চাকর। নিজেই মালিক। কাউকে জবাবদিহি করার নেই। আর কাজটাও হত মাখন। তার
বিশ্বাস এ কাজ তার মত আর কেউ করতে পারবে না। কিন্তু বাঙ্কুদাকে না করতে পারল না।
প্রথম
নিখুঁত কাজটা করে আন্দাজ সাত বছর আগে। কলেজস্ট্রিটের যে কফি হাউস। তার পেছনেই একটা
দোকান আছে। বই দোকান। রোববার। বাঙ্কুদা একটা বই’এর প্যাকেট ধরিয়ে বলল দিয়ে আসতে।
বাঙ্কুদা যখন, বেরোতেই হ’ল। সন্ধে হয়ে আসছিল। প্যাকেট টা দিয়ে বেরিয়ে আসতে আসতেই
ঝম ঝম করে বৃষ্টিটা নামল। একেবারে ভাসিয়ে দেওয়া বৃষ্টি। তার সাথে আকাশচমকানি। এই
জিনিসটা সে ছোট থেকেই ভয় পেয়েছে। তাও বৃষ্টিতে ভিজতে তার ভারী ভালো লাগল। কতদিন
ভেজেনি। অনর্গল।
রাস্তাঘাটে তারই মত কত পাগল ভিজঝে ঠায়। রাস্তা থেকে ভাপ উঠছে শোঁ
শোঁ করে। মানুষের যত পাপ পিচে আটকা পড়ে সারা গ্রীষ্ম জুড়ে। এখন বৃষ্টিতে মিশে আলগা
পেয়ে সব মিলিয়ে যাচ্ছে ক্রমাগত। তারই তাপ চারিদিকে ভাপিয়ে বেরোচ্ছে। কতগুলো
স্কুলের বাচ্চা ছেলেমেয়ে লাফাতে লাফাতে চলে গেল। ছোটবেলাটা আদ্ভুত ভাবে চেপে বসল
বিল্টার। সেও ছপাত ছপাত করতে করতে তাদের পিছু নিল। বড় স্বাধীন লাগছিল আজ। সব কিছু
ধুয়ে যাচ্ছিল তার থেকে। অদ্ভুত একটা শান্ত ভাব ছড়িয়ে পড়ছিল ক্রমশ।
শ্যামবাজার
এর দিকে একটু হাঁটলেই ডানদিকে একটা গলি। কলেজ রো। সেটা গিয়ে পড়ছে বেনিয়াতোলা লেনে।
সেখান থেকে বাঁদিক নিয়ে সিতারাম ঘোষ স্ট্রিট ধরে সে সোজা এসে পড়ল সাঁই বাবার
মন্দিরটার সামনে। কি মনে হ’ল তার পাশের গলিটায় ঢুকেই যে প্রথম ঘুপচি একতলার
বাড়ীটা। সেখানে সেরেছিল তার প্রথম কাজটা। আগে থাকতে প্ল্যান
ট্যান এর ও যে ব্যাপার ছিল এমন না। হঠাত সুযোগ এসে গেছিল। দরজা খোলা দেখে ঢুকে পড়তেই
দেখে একজন ঘুমুচ্ছে। অসাড়।
বলা
যায় বাঙ্কুদার কাছেই মানুষ সে। বাঙ্কুদার একটা চায়ের দোকান আছে মোড়ের মাথায়।
সেখানে থেকে থেকেই লোকজন পাড়ার নেতা থেকে মন্ত্রীলেভেল আনাগোনা লেগেই থাকত। তখনই
বুঝে গেছিল চায়ের দোকানটা নাম মাত্র। দেখনদারি। সেখানেই সে প্রথম দেখেছিল মন্ত্রী। তবে সাইরেন বাজিয়ে
ভোটের সময় দিনের বেলা আলো ঝলকাতে ঝলকাতে যেমন যায় তেমনি নয়। তারপর থেকে বাঙ্কুদাকে
মানে খুব। কাউকে মানুক বা না মানুক বাঙ্কু দা কিছু বললে না করতে পারে না। শালা আজও
বাঙ্কুদা আছে বলে খাওয়াটা নিয়ে ভাবতে হয় না। আজকাল টিভি দেখে দেখে সে বুঝে গেছে
ফ্রিলান্সিং এর যুগ কবেই শেষ। এখন সবাই কেই কোন না কোন কম্পানির আওয়াতেই আসতেই
হবে। এই কাজের ফিল্ডে যে সে সেরা, সেটা কাউকে বলে দিতে হবে না। সুবিধা হল যেদিন
মুড হয় করে। নাহলে করে না। বিল্টা ভেবে দেখেছে যে এই কাজ টা করবার জন্যিই উপরওলা
তাকে পাঠিয়েছে। বাঙ্কুদা শুনে হাসে শুধু। ভাবতেই পারে না যে কেউ নিজের ইচ্ছেয়
স্রেফ আনন্দর জন্যই এ কাজ টা দিনের পর দিন চালিয়ে যেতে পারে।
বাঙ্কুদার
ঠেলায় হ্যাং টা কাটল।
“কি
রে হটাত এরকম হারিয়ে যাচ্ছিস কেন। বার বার করে বললাম কাজের আগেই ঠিক নেশা করবি
না”....
বাঙ্কুদা
কিছুতেই বুঝতে চায় না যে নেশা টা সে নার্ভ শীতল রাখার জন্য করে না। এ কাজের সময়
তার নার্ভ একদম বরফ। নেশা করে ধুনকিটা ঠিকঠাক আঁচাবে বলে। কাজ টা সে চোখ বনধ করেও
করেছে বহুবার। প্রথমবার একটু গোলমাল হয়ে গেছিল যা। ক্লায়েন্ট এর বেশি পাকামোর
জন্যই তো এমন হল। কি দরকার ছিল দুম করে হাত চালানোর চেষ্টা করা। বেশীরভাগ
ক্লায়েন্ট ই চুপচাপ নিশাড় থাকত। কিন্তু নেশা না করলে তৃপ্তি টা মাটি হয় পুরো।
হালকা নেশোয় বেশ একটা ফুরফুরে ভাব আসে। মনটা এদিক সেদিক ছটপট করে না। নিবিষ্ট হয়ে
আনন্দটা চেটে খায় শেষ কণা অবধি।
কিন্তু
আজ কি হচ্চে বুঝতে পারছে না। ৫টে লার্জ। কিছুই না। বড্ড ভাবাচ্ছে এদিক সেদিক। মনটা
শান্ত হচ্চে না। কাল অমবস্যা গেছে। চারদিকের আন্ধকার টা আলোয়ানের মত চেপে বসছে। পৃথিবীর
সব কালো যেন ব্রাশ দিয়ে কে বুলিয়ে দিচ্ছে। যদিও অন্ধকাররেরও নাকি একটা রঙ আছে।
সেটা কালো নয়। বিল্টা ভেবে দেখেছে ব্যাপারটা ঠিক ই। রাতের আকাশ দেখলেই কত আলো। ঠিক
ওই বারটার রাইস চেনগুলোর মত। কেউ একটা ঝুলিয়ে দিয়ে বলেছে, নে স্টেজ রেডি করে
দিলাম। লুটে খা।
তারা
বসেছে দুটো ল্যাম্পপোস্টের ঠিক মাঝামাঝি জায়গাটায়। যেখানে অন্ধকার টা সবচেয়ে ডিপ।
বাঙ্কুদা লাইনের লোক। এই সব রাস্তা সে হাতের তালুর মত চেনে। দুরের স্ট্রিটলাইট
গুলোর হলদে চটচটে আলোটা ক্রূর হয়ে অন্ধকারকে আক্রমণ শানাচ্ছে ক্রমশ। ঘড়ির রেডিয়াম আলোতে
দেখল ১১’টা বাজে।
“লোকাল
থানার সাথে গটাপ আছে। ২টো সিগন্যাল আগে থেকেই ওরা ফলো করে এসে এখানে ঘেরবে। আমাদের
কাজ গাড়ি থামার পরে। ওরা দাঁড় করাতে না পারলে আমরা ফিরে যাব”...
বিল্টা
নিশ্চিন্ত হ’ল। পরিশ্রমের কাজ টাজ কিম্বা গা জোয়ারি এসব তার সাথে পোষায় না। তার
কাজ শিল্পীর মত। সুক্ষ। নিপুণ। মানুষ দেখে আগে তারিফ করবে। তারপর যা যা করার করবে।
যা ডিসিশন দেয় দেবে।
“শালা
পুলিশ ও ইনভল্ভ নাকি। কি খেল দেখাচ্চ গুরু”...
“পুলিশ
তো কোন ছাড়। এটা একেবারে রাজার কেস। খোদ কমিশনার থেকে শুরু করে সি.বি.আই মিলে মাথা
ঘামিয়ে প্ল্যান করেছে। এখানে গোলমাল মানে আমাদের ও বিপদ...”
যাহহ
শালা। বিল্টার তাক লেগে গেল শুনে। একাজের জন্য এত প্ল্যান। এত উস্তুম ধুস্তুম।
পারেও মাইরি। সে তো বিনা প্ল্যানে, বিনা হেল্পে কত কত কাজ সাকসেসফুলই জাস্ট
চুটকিতে শালটে দিয়েছে। অবশ্য শখ বোঝা বড় জটিল। তার টা শুনে যেমন বাঙ্কুদা হেসেচে।
ক্লায়েন্ট নাকি নিজে স্পটে থাকবে। তবে বাঙ্কুদার ক্লায়েন্ট আর তার ক্লায়েন্ট
আলাদা। তার শুধু ড্রাইভার। সে শুধু জানে যে, যার সাথে তার কাজ সেই ক্লায়েন্ট। যে টাকা দিচ্ছে সে নয়।
ঘ্যাঁষ
করে একটা টায়ারের আওয়াজ কানে আসতেই বাঙ্কুদা ঝাঁকা দিয়ে উঠল।
“বিল্টে,
আজ যদি কাজ টা ঠিকমত উৎরোয়..খেয়াল রাখিস পেছনের সিটে একজন থাকবে। আমাদের টার্গেট
শুধু মুন্না।”
বিল্টা
আর বাঙ্কুদা সাপের মত নিঃশব্দে এগিয়ে যায় গাড়িটার দিকে।
শেষ
বারের মত পকেটটা চেক করে নেয়।
ক্যানভাসে
তুলির প্রথম টানটার মতোই নিপুণ ভাবে মুন্নার অ্যাডামস আপেল টার ঠিক নিচ দিয়ে পাতলা
ছুরি টা চালায় বিল্টা। অন্ধকারে একটুও অসুবিধা হয় না। হাত কেঁপে যায় না। ফিনকি
দিয়ে রক্ত টা বেরোনোর সময় যে শির শির শব্দটা হয় সেটা পেছনের সিটে বসা লোকটার
“শাবাশ” চিৎকারে মিস হয়ে যেতেই বিরক্ত হল সে। অন্ধকারের চোটে লাল টা অবধি হলদেটে লাগছিল অই ল্যাম্পপোস্টটার মত। থক থকে। নাহ আজকের কাজ টা বৃথা গেল।
ঠিক
তখনই দড়াম একটা আওয়াজে বিল্টা মাথা ঘুরে পড়ে গেল। বাজ পড়ার আওয়াজ ছোট থেকেই ভয় পেত
বিল্টা। মাথাটা পাক দিয়ে উঠত। একটা শীত শীত অনুভুতির সাথে একটা গরম গন্ধ নাকে
আসতেই অবাক হল সে। আগেও তো শুনেছে বাজের শব্দ। কিন্তু এই গন্ধ টা নতুন। তাজা।
বোরিং লাইফটাতে একটা অচেনা অজানা গন্ধ তে মন টা ভরে উঠল খুব। তৃপ্তিতে চোখ বুজল
বিল্টা। মায়ের সাথে অনেক কথা জমে আছে। তার কাজের কথা। কত লোক। কত অভিজ্ঞতা। এইবেলা
বলে না ফেললে সে যে আসতে আসতে ভুলতে বসবে। খেয়াল করে দেখেছে তার স্মৃতি খুব প্রখর
নয়। কই বাবার মুখটা তো চেষ্টা করেও মনে করতে পারছে না সে।
পেছনের
সিটে বসা লোকটার চোখে রগরগে লালটা শেষমেষ দেখতে পায় বিল্টা। আর সব হলদে। ফ্যাকাশে।
বাঙ্কুদা হলদে। সামনে মুন্না হলদে। সেও হলদে। স্ট্রিটলাইট গুলো অন্ধকারের সাথে
খেলাটায় হ্যালায় জিতে যায়। আকাশের রাইস চেন গুলোও হটাত রঙ পালটে হলদেটে হতে শুরু
করেছে। মুনলাইট বারের ঝিকমিক আলোটাও কি হলদে হয়ে গেছে। সেটা আর জানা হল না। ইচ্ছে করল না চীৎকার
করে বাঙ্কুদাকে জিগ্যাসা করতে।