শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ধোনি তবে নির্ধ্বনি...!

সিনেমার ইতিহাস লিখতে বসে আমেরিকানরা যেমন পোস্ট-মার্লন ব্রান্ডো আর প্রি-মার্লন ব্র্যান্ডো ডিফাইন করে, ইতিহাসের টাইমলাইনকে সহজে চিনে ফেলবার জন্য...

ঠিক তেমনি, আজকের পর থেকে বিসিসিআই চালিত ক্রিকেটকে এমনকি আন্তর্জাতিক (আই সি সি চালিত) ক্রিকেট কেও চিহ্নিত করতে হবে পোস্ট-এম এস ধোনি আর প্রি-এম এস ধোনি হিসেবে। সৌরভ ক্যাপ্টেন হওয়ার পর থেকে বি সি সি আই এর ক্রিকেট টিম যে গুটি গুটি পায়ে প্রফেশনালিজমের আঁতুড় ঘরে প্রবেশ করছিল, ধোনির আমলে তা পূর্নতা পায়। পোস্ট ধোনি যুগে ক্রিকেট ডিফাইন হয় ইমোশনলেস রোবটিক পারফরমেন্সের নিরিখে। যেখানে হার-জিত টা বড় ব্যাপার নয়। ধোনি ফিলোসোফি আমাদের শেখায়, প্রসেস অর্থাৎ কিনা প্রতিটি ম্যাচ খেলার আগের প্রস্তুতি এবং খেলবার পর ঠিক-ভুলের চুলচেরা হিসেব নিকেশ করে ক্রমশ ধার থেকে ধারালো হয়ে উঠবার চেষ্টাই হল একজন ক্রিকেটারের মূল লক্ষ্য। তাই সে হার-জিত দিয়ে বিচলিত হবে না, আবেগান্বিত হয়ে অন্ধ হয়ে যাবে না। সে বরাবর জোর দেবে এই প্রসেসের উপর। যদিও এই ফিলসফির জনক বলা যেতে পারে দ্রাবিড়-চ্যাপেল জুটিকে। কিন্তু হিরো-পূজায় বিশ্বাসী দেশবাসীর কাছে, রোমান্টিসিজমে চুর থাকা দেশবাসীর কাছে সেই ফিলসফি যে দুপ্লান্তিস জাম্পে ডাস্টবিনিয়ে যাবে, তাতে আর আশ্চর্য কি!

আশ্চর্য হল, যখন সেই ফিলসফির ঘাড়ে চেপে, একটা ভাঙ্গা-চোরা দল নিয়ে একজন ছাব্বিশ-বছর বয়সী আনকোরা একটা লোক প্রথম ২০-২০ বিশ্বকাপ জিতে তাক লাগিয়ে দিল। হিরোপূজারী ক্রিকেট জনতা তখনো এই ঘটনা কে কাকতালীয়, অলীক, ভাগ্য ইত্যাদির মোড়কে পুরে সিউডো মিডিওক্রিটির জয়গান গাইছিল দেদার। সেই মূর্খ জনতা অবশেষে জেগে উঠেছিল, বা জেগে উঠতে বাধ্য হয়েছিল ২০০৭ এর ৫০-৫০ বিশ্বকাপ ঘরে তোলার পর। আর ইংল্যান্ডে ২০১৩ র চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সেই ফিলসফির গ্রহনযোগ্যতায় শেষ কীলটি পুঁতে দেয় এই মর্মে যে রাঁচি নামক ছোট্ট শহর থেকে উঠে আসা, খেপ ক্রিকেট খেলা একটা লোক, যে বি সি সি আই চালিত ক্রিকেট দলের একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি আই সি সি প্রতিযোগিতার শীর্ষ স্থান অধিকার করে। কারন ভাগ্যের দোহাই দিয়ে একই ঘটনা বার বার হতে পারে না। পুনরাবৃত্তি দাবি করে একটা নির্দিষ্ট পরিকল্পনা, একটা নির্দিষ্ট পদ্ধতির।

শুধু তাই নয়, আই সি সি টেস্ট র‍্যাঙ্কিং এ শীর্ষে উঠে আসা, তাবড় প্লেয়ারদের রিটায়ারমেন্ট সামলে, আবার টেস্ট দল টাকে দাঁড় করানো, এ সব তো আমরা দেখেইছি। কিন্তু যেটা অবাক করে, ধ্রুপদী টেকনিক না থাকা সত্ত্বেও তার কিছু অসামান্য ইনিংস, যেগুলো ধোনি ফিলসফিতে বিশ্বাসী হওয়ার পরেও অলীক বলে বোধ হয়। সেই সবই যে সম্ভব শুধুমাত্র নিজের উপর বিশ্বাস, প্র্যাকটিস, ঐকান্তিকতা, অধ্যাবসায় আর হার-জিতে উদাসীন থেকে সেই প্রসেসের উপর জোর দেওয়া, সেটি সৌর-কিরীটের ন্যায় জ্বল জ্বল করতে থাকে অবিরাম।

হ্যাঁ, অবশ্যই, সৌরভের কথা অনুযায়ী, একজন অধিনায়ক ততটাই ভালো, যতটা তার দল। মানছি। ক্যাপ্টেন হিসেবে কৃতিত্বগুলো একশবার ধোনির একার নয়। তার টিমের সমস্ত প্লেয়ারদের, কোচিং স্টাফদের, নির্বাচকদের ও আরো অনেকে যারা স্বার্থহীন ভাবে বি সি সি আই এর মধ্যে কাজ করে চলেছে নিরন্তর। কিন্তু সৌরভ যেটা বলেনি, সেটা হল, অধিনায়কের কৃতিত্ব হচ্চে, দল নির্বাচনে নির্বাচকদের পাশাপাশি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ম্যাচ চলাকালীন স্ট্যাটিসটিক্স কে শুধু গুরুত্ব না দিয়ে ম্যাচের অবস্থা অনুযায়ী তাৎক্ষনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ফিল্ড প্লেসিং এর মাধ্যমে ব্যাটসম্যান এর উপর মানসিক চাপ তৈরী করবার বিরল ক্ষমতা (উদাহরণ দিয়ে লেখা ভরাট করবার বিষয় এখানে নয়, পরে আলোচনা করা যেতে পারে), টিম মিটিঙে নিজের ক্যপ্টেন সত্ত্বার বিসর্জন দিয়ে দলের প্লেয়ারদের মতামত পুঙ্খানুপুঙ্খরুপে শোনা ও সুবিধে মত সেগুলি ব্যাবহার করা অথবা ডাস্টবিনিয়ে দেওয়া, বড় নামের প্লেয়ারের মোহে না পড়ে শুধুমাত্র কর্মক্ষমতা আর ফিটনেসের উপর জোর দেওয়া আর সর্বোপরি কি প্রবল শীতলতায়, কি নিদারুন নিস্পৃহের সাথে নিজের হিরো-সত্ত্বা, নিজের ভগবান হয়ে ওঠা সত্ত্বাটিকে সযত্নে হেলিকপ্টার শটে আস্তাকুঁড়ে পাঠানোর বিরল ক্ষমতা। তাই সে একটা টেস্ট সিরিজের মাঝে আরামসে সদর্পে অবসর নিতে পারে, অথচ ধোনির যা ক্ষমতা ছিল, চাইলেই নিজের দেশে একটা বিদায়ী সিরিজ খেলে বিশাল ইমোশনের মুন মুন চুরন ঝরিয়ে অবসর নিতে পারত। আর আজও সবার অন্তরালে সে সরে যায় মুচকি হেসে। এক কথায় দ্রাবিড়োচিত। ফলে সৌরভের মর্ডানত্বের সাথে এই যে দ্রাবিড়িয় ফিলসফির মিশ্রন আর তার সাথে নিজের পারফরমেন্সের বিচারে প্রচন্ড সৎ থাকবার বিরল ক্ষমতাই তাকে নিসন্দেহে শুধু বি সি সি আই চালিত ক্রিকেট নয়, সমগ্র আই সি সি চালিত ক্রিকেট পরিমণ্ডলের মধ্যেই লুব্ধক হিসেবে টিকিয়ে রাখবে অসীম কাল জুড়ে, তা নিশ্চিত। আর তার ঔজ্জ্বলের বিচ্ছুরন এক আলোকবর্ষ দূরেও একটু ম্লান না হয়ে চোখ ধাঁধিয়ে যাবে সমানতালে।

ধোনি ফিলসফির বুলি কপচিয়ে, রোমান্টিসিজমকে ঘাড় ধাক্কাতে পারলুম কই। হিরো-ওয়ারশিপের আরশি খানা ভাঙতে পারলুম কই। আমার বাঙালি সত্ত্বার চৌকাঠে আজ নির্ধোনির নির্ধ্বনি হয়ে যাওয়ার প্রাক্কালে ধোনি সত্ত্বা ঠোক্কর খাক বরং, অ-ধোনিচিত ভাবে, অন্তত একদিনের জন্য হলেও।

স্বাদহীন স্বাধীন তাধিন তাধিন

পনেরোর প্রাক্কালে ভ্যাপোর ভ্যাপোর বিউগাল জগঝম্প শুরু করার আগে, কিংবা রোদে পুড়ে বৃষ্টি মেখে ঠায় দাঁড়িয়ে জনগণ গাইবার চেষ্টা করার আগে কিংবা প্যানডেমিককে কাঁচকলা দেখিয়ে মিছিলে গিয়ে বোঁদে মাখা হাতে ঘেমো গা চুলকানোর আগে একবার বুকে হাত দিয়ে পরখ করুন দেখি –

নিজ ভাষায় কথা বলবার, নিজ সংস্কৃতি বিনা দ্বিধায় পালন করবার স্বাধীনতা আপনার আছে তো? জনগণ দাঁড়িয়ে কেন, বসেই গাইব, এবং তাতে একচুলও ভক্তির নড়চড় হবে না এমন স্বাধীনতা আপনার আছে তো? সিনেমা হলে জনগণতে ঠায় বসে থাকব ও একচুলও দেশাত্মবোধ না জাগাবার স্বাধীনতা আছে তো?

কারো ইচ্ছায় ‘জয় শ্রী রাম’ না বলার এমনকি রাম যে একজন বর্নবাদী-এলিট-পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ ফলে মানবজাতি হিসেবে পরের স্তরে বিস্তার পেতে গেলে সোচ্চারে রাম এবং তার রাজ্য চালাবার ফিলোসফি যে ঝেড়ে ফেলতে হবে, এই প্রচার চালাবার স্বাধীনতা আছে তো? জনগণ জানি কিনা তার পরীক্ষা না দিতে চাওয়ার, সাঁটিয়ে গরু থেকে শুয়োর – বিয়ার থেকে মহুয়া খাওয়ার স্বাধীনতা আছে তো? পাড়ার মুসলমান পাবলিককে কে পাকিস্তানে না খেদিয়ে আপন অন্তরস্থলে নিক্ষপিয়ে তাদের সংস্কৃতি কে আত্মস্থ করবার স্বাধীনতা আছে তো? হিন্দু পুজা- রবি পুজা- ১৫ই- ২৬শে- দোসরা পুজার- বড়দিনের তাধিন তাধিন মাইকের সাথে আজানের মাইককেও বিনা দ্বিধায় স্বেচ্ছা-গ্রহন কি স্বাধীন ভাবে হচ্ছে?

কন্যাভ্রুন না হত্যা করে, তাকে নিজের মত করে বেড়ে উঠতে দেওয়ার স্বাভাবিক প্রবৃত্তি স্বাধীন ভাবে নিজের মধ্যে বিচ্ছুরিত হচ্ছে তো? কিংবা স্কুলে শিক্ষার নাম করে বাচ্চাদের সুপ্ত প্রশ্নেচ্ছাকে সমাধিত করবার প্রচেষ্টাকে থামানোর স্বাধীনতা আছে তো? ছোট-বড় ড্রেস পরা, সকাল-রাতে একা-দল বেঁধে-প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো মেয়েদের দিকে লোলুপতা নিয়ন্ত্রন স্বাধীন ভাবে হচ্ছে তো? ভারতের সাথে অন্য দেশের প্রতিযোগিতামূলক ইভেন্টে অন্য দেশ কে বুক দিয়ে সাপোর্ট দেওয়ার স্বাধীনতা আছে তো?

সবচেয়ে গুরুত্বপূর্ন, নিজের দেশের সরকারের ভুল ত্রুটি গুলোকে পাকিস্তানের ঘাড়ে না চাপিয়ে সেগুলিকে ভীম-নিনাদে প্রকাশ করবার স্বাধীনতা আছে তো? যা খুশি লিখবার, বলবার, শিল্পের রুপ দেওয়ার স্বাধীনতা আছে তো? নিজের প্রাথমিক যে শর্ত গুলো অর্থাৎ অন্তত খাদ্য, থাকবার জায়গা, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার দাবির স্বাধীনতা আপনার আছে তো? রামমন্দিরের টাকায় এই মুহুর্তে গোটা কয়েক কোভিড হসপিটাল আর ভবষ্যতের দিকে তাকিয়ে কতক ভাইরাল ইনস্টিটিউট স্থাপিত হোক কারন রাম-শ্যাম-আল্লা-গড-ইত্যাদি কেউই যে কোভিড থেকে বাঁচাতে পারবে না, সে প্রমানিত সত্যি - ফলে এই দাবি গলা চিরে চেঁচাবার স্বাধীনতা আছে তো?    

উত্তর গুলো প্রোটোনিক হলে, ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস বলে চেঁচিয়ে উঠুন, নির্ঘাত ইয়াক ইয়াক শুনতে পাবেন। এক আলোকবর্ষ সমান কথা দিলুম।

আর না-বাচক হলে, একরাশ অন্ধকারে ডুবে থাকুন আজীবন, কিংবা টিভি সিরিয়াল তুৎ ওয়েব-সিরিয়ালে আত্ম-সম্মোহিত হয়ে স্বেচ্ছা পরাধীনতার মোড়কে স্বাদহীন স্বাধীনতার সিউডো জয়গান করুন মাইক লাগিয়ে, বাঙালী হিসেবে আর কিই বা করতে পারেন।