দীর্ঘ ঘুম ভেঙ্গে অতল অন্ধকারে হারিয়ে যাওয়ার মুহুর্তে একটা সিগারেট ধরানোর কথা মনে হয়েছিল। তারপর আগুন খোঁজার বৃথা একটা চেষ্টা করবার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরবার ক্ষণে আগুন খোঁজাটাই তখন একমাত্র অভীষ্ট হয়ে দাঁড়িয়েছিল। কোন এক নাম না জানা দর্জির সেলাই করা ময়লা চিটচিটে পর্দাটা সরাতেই আলোর তীক্ষ্ণ বর্শা চোখ দুটো ভেদ করে ঢুকে গিয়েছিল। সেই বর্শা বিদ্ধ চোখ নিয়ে বাইরে তাকাতেই আজকের দিনটা যে সম্পূর্ন অন্যরকম তার একটা প্রতিফলন দেখা দিচ্ছিল। সরকার থেকে মনোরঞ্জনের জন্য আকাশের গায়ে বাবালার আঠা দিয়ে যে ঝুরো ঝুরো ক্ষয়াটে মেঘ গুলোকে সাঁটিয়ে রাখা হয়েছিল, সেগুলো ঝুর ঝুর করে তুষারের মত ঝরে পড়ছে রাস্তার উপরে। প্রবল কোলাহলে গন পাবলিক সেই জিনিসই পড়িমরি করে কুড়িয়ে নেওয়ার চেষ্টায় মশগুল। কি তার প্রয়োজন, কেনই বা সে কুড়োচ্চে, সেই নিয়ে মাথা ব্যাথা বাড়িয়ে লাভ নেই। যে কোন জিনিস ফ্রি তে নেওয়ার সুযোগ কোন আহাম্মক হাতছাড়া করতে চায়।
অগত্যা, সিগারেটের মায়া কাটিয়ে
আমার ও প্রবল ইচ্ছে করে উঠল মুঠো মুঠো মেঘ ধরতে চেয়ে। দুদ্দার করে দশ তলার ঘরের
বারান্দা থেকেই সোজা নিচে এসেছিলাম কালো কুচকুচে কদাকার পিচ রাস্তাটার উপর যেখানে
অনেকটা ঝুরো মেঘ জমে উঠে কুৎসিত রাস্তাটাকে মোটামুটি একটা চলনসই জাইগায়ে নিয়ে
আসবার চেষ্টা করছে।
কিন্তু একি! আমি যে ক্রমশ একটা অতল
খাদে আস্তে আস্তে ঢুকে যেতে চলেছি। আর সেই খাদে কি যেন প্রকারে ঝুরো মেঘ এসে জমা
হচ্চে না! তার আশেপাশে জমা
হচ্ছে, কিন্তু হাত বাড়িয়ে সেটাকে ছুঁতে চাওয়া যাচ্ছে না। চিৎকার করে ডাকছি, কিন্তু
কারো সাড়া মিলছে না। ওই যে ওইখানে, খাদটার অনতিদূরে, যারা ঝুরো মেঘগুলি মুখে মাথায়
গায়ে মেখে অসময়ে সান্তাক্লজ পোজ মেরে ছবি তুলছে কিংবা ছবি তুলে দিচ্ছে, অই যে যারা
কাঁখে এক চুটকি বাচ্চাটার নাক দিয়ে গড়িয়ে পড়া সিকনটা উপেক্ষা করে মেঘেদের মন্ড
বানিয়ে একে অপরের সাথে নিশ্চিন্ত ছুঁড়ে মারছে, ওই যে যারা আপিসযাত্রী – টাইমের বাস
ফেল করে বেজার বদনে ঝুরো মেঘের দিকে অলস দৃষ্টিতে তাকিয়ে একটা সিএল মারা গেল এই
নিয়ে গভীর চিন্তামগ্ন হয়ে উঠছে, তারা কিন্তু কেউই অবলীলায় আমার চিৎকার শুনতে
পাচ্ছে না। অথবা, পাচ্ছে। কিন্তু কোলকাতার লাগাতার কোলাহলে নতুন করে একটা চিৎকার
যে কি এমন তাৎপর্যপূর্ণ হতে পারে, সেই নিয়ে বিশেষ চিন্তামগ্ন হয়ে পড়ছে না। কারন
দারুন স্বাভাবিক ভাবেই এই চিন্তামগ্ন হয়ে পড়বার কিংবা ভাবনার জগতে বিচরণ করবার
অভ্যাসটি আমরা অনেক আগেই ত্যাগ করেছিলাম। কিন্তু গোলমাল বাঁধল এই খাদে সেঁধিয়ে
গিয়ে। অজানা কারনে, ভয়ংকর আশঙ্কা মূলক ভাবে চিন্তা-ভাবনার স্রোত গুলি, যা এতদিন
সমাজ ও সরকারের উপকরনে বাঁধ দিয়ে রাখা ছিল, হঠাৎই সেই বাঁধ ভেঙ্গে হু হু করে বয়ে
চলেছে ব্রেনের প্রতিটি নিউরোনে নিউরোনে।
কিন্তু একি! অবাক রহস্যময় ব্যাপার।
যে খাদের ভেতরে ক্রমশ নিচের দিকে ধাবমান হচ্ছিলাম, কি এক অশৈল কান্ডে তা এখন সাঁই
সাঁই ছুটে চলেছে তিলোত্তমার গর্ব বাইপাসের বুক চিরে। কোথায় চলেছি প্রথমটায় ঠাহর
পাচ্ছিলাম না। কিন্তু ওই যে, ভাবনার স্রোত গুলি ব্রেনের মধ্যে যে উথাল পাতাল তৈরী
করেছে, সেইখান থেকে নির্দেশ আসতে, পরিষ্কার চিনতে পারলাম ‘মা-ফ্লাইওভার’। হই হই
করে গাড়ি ছুটে চলেছে নিরন্তর। কিন্তু ফ্লাইওভারের মাঝের পিলার গুলোর ঠিক নিচেই যে
গভীর খাদের সৃষ্টি হচ্ছে এবং পিলারগুলি ক্রমশ সেই অতল খাদে নিমজ্জিত হচ্ছে, সেইদিকে
কারো কোন ভ্রুক্ষেপ নেই। চিৎকার করে সাবধান করতে থাকলাম। সেই শব্দ জানলা তোলা এসি
গাড়ির শার্সি তে ধাক্কা খেয়ে পিচের উপর চাকায় পিসে যেতে থাকল। আর টুকটাক ফাঁকফোকর
খুঁজে নিয়ে যদিও বা কিছু শব্দ ভেতরে সেধাতে পেরেছিল, কিন্তু তারাও ভ্যাপোর ভ্যাপোর
গান কে ভেদ করতে পারেনি। যদিও বা কেউ কেউ হয়তো পেরেছিল বলে ভেবেও নি, তালেও যে
তারা কোলকাতার একটা সাধারন চিৎকারের সাথে নিজেদের তফাৎ করতে পারেনি সেটার
গ্যারান্টি হচ্চিল প্রবল দ্রুততায় যখন একটার পর একটা গাড়ি ভেঙ্গে পড়া ফ্লাইওভারের
নিচে খাদের ভেতরে প্রবেশ করছিল। আর খাদও বোধকরি সেই ঘটনায় খুব মজা লুটে ক্রমশ নিজের আকার বড় করছিল।
আবার সাঁই সাঁই চলতে শুরু করলাম। চারিদিক
একটা বিষন্ন অন্ধকারে ছেয়ে যেতে থাকল। কতক্ষন এইরকম ছিলাম ঠিক ঠাহর করতে না
পারলেও, অন্ধকারটা কেটে যেতে আসতে আসতে বুঝতে পারছিলাম এখন পার্ক-স্ট্রিট চত্বরে
এসে পৌঁছেছি। এবং যেটা সবচেয়ে দারুন ব্যাপার হয়েছিল, কানে একটা সিগারেট ও গোঁজা ছিল। অবশ্য সেটা
বারান্দা থেকে নেমে আসার সময় থেকেই ছিল নাকি এখনই এল, সেই নিয়ে পাত্তা না দিয়ে বরং
আগুন পাওয়ার চেষ্টায় মনোনিবেশ করলাম। যাচ্চলে! যেটাকে এতক্ষন সিগারেট ভেবে বেশ
একটা পরিতৃপ্তির গর্ব অনুভব করছিলাম, সেটা কখন একটা রামকৃষ্ণ বিড়িতে পরিণত হয়েছে। তবে
নীল সুতো, কড়া মাল। খুশি হলাম। কিন্তু আগুন? আবার চিৎকার করতে থাকি।
পাশ দিয়ে লাইন করে অসংখ্য জীবের একটা দল
হেঁটে যাচ্ছে। মানুষের মত দেখতে, দুটো পা, দুটো হাত। সাথে আবার দুটো হাত সামনের
দিকে জড়ো করা। ঘাড় নিচু, চোখ দুটো মোবাইলের স্ক্রিনে নিবদ্ধ। এক অদ্ভুত ছন্দে
সমালিত হয়ে এগিয়ে চলেছে। রাস্তায় শুয়ে থাকা ভিখিরির পেট মারিয়ে চলেছে, আস্তাকুঁড়
থেকে রাস্তায় গড়িয়ে যাওয়া সদ্যজাত মৃত বাচ্চাটার পেট মারিয়ে চলেছে, একে অপরের সাথে
কনুয়ের গোঁত্তা লেগে যাচ্চে, পোশাকে পোশাকে ঘষে যাচ্ছে, কিন্তু ভ্রূক্ষেপহীন
প্রোগ্রামড রোবোটের দল হাত পা ব্রেনকে মুঠোফোনে সঁপে দিয়ে এগিয়ে চলেছে, গুগল
ম্যাপের দিক নির্দেশনায় প্রশ্নাতীত ভাবে অসীম ধাবমান তারা।
এই যে সূর্য উঠেছে, আকাশ মেঘেদের
খোলস ত্যাগ করে পুনরায় নিলচে আভায় সেজে উঠছে, চমকে চমকে একটা ঝিরঝিরে বাতাস বয়ে
বেড়াচ্ছে, আর তখনই রাস্তার উপর জমে থাকা ধুলো গুলো রেগে মেগে একটু লক্ষ্যহীন
ওড়াওড়ি করে খানিক আবার জিরিয়ে নিচ্ছে, গাছ গুলো বেশ পাতা দুলিয়ে নিজেদের মধ্যে
সারারাত সারাদিনের কত জমে থাকা কথাগুলি সেরে নিচ্ছে, এ কি কেউ ঠাহর করছে? আদৌ এই
গুলিই যে ঠাহর করবার মত একটা জিনিস, সেটাই বা কে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে?
আমি অবশ্য কাউকে দোষ দিই না। এই যে প্রকৃতির এত আয়োজন, উপকৌটন, সেইটে যে দেখবার
একটা প্রয়জনীয়তা আছে, সেটি আমি বেকার না হলে কি করেই বা অনুধাবন করতাম। মনে হল,
চিৎকার করে সকলকে ফাঁস করে দিই। বলি, মুঠোফোনের স্বেচ্ছাকারাগার ভেঙ্গে মুক্তির
নিশ্বাস নিই একসাথে। কিন্তু কেউ শুনতে পাচ্ছে না! এই সহজ কথাটা, এই মুক্তির কথাটা
কেউ শুনবার মাত্র চেষ্টা করছে না। আমি আবার অতলে তলিয়ে যেতে থাকি।
পরক্ষনেই দুটো
বাস বিকট শব্দ তুলে একে অপরকে টেক্কা দেওয়ার বাসনা নিয়ে ছুটে আসতে থাকে। মাথায় মোট
নিয়ে চলতে থাকা দেহাতি লোকটা যখন পিসে গিয়ে রাস্তার উপর ছড়িয়ে থাকা ঝুরঝুরে সাদা মেঘের
উপর লাল নকসা ছেপে দেয়, তখনো কি নির্দ্বিধায় লোকজন নিবিষ্ট চিত্তে ঠেলাঠেলি করে বাসে
উঠে যায়। সাদা জামা কাপড় পরা রাস্তার ট্রাফিক গার্ড একমনে কি যেন ভাবতে থাকে, আর পিসে
যাওয়া দেহাতি লোকটার মৃতদেহ একপাশে কেতরে পড়ে থাকে; ভ্রুক্ষেপহীন ভাবে। ঝুরো মেঘ এসে ক্রমশ ঢেকে
দিতে থাকে তার দেহ, কিন্তু পরক্ষনেই একটা বিলাসবহুল চারচাকা গাড়ি এসে এসির গরম
হাওয়া ছিটকে লাশের উপর জমে থাকা
ঝুরো মেঘ গুলোকে সরিয়ে দিয়ে প্রকট করে দেয় নীল হয়ে যাওয়া, পিঁপড়ে মাখানো লাশটাকে।
খাদের উপরে যে অজ্ঞতার ঠুলি সাঁটা অবস্থায় বেঁচে ছিলাম, খাদের
ভেতরে সেই ঠুলি চৌচির করে বিকল্প বাস্তব র্যালা নিয়ে তুরন্ত ঝিলিক মারতে থাকে।
স্পষ্ট দেখতে পাই, ঐ যে কৃষকের দল, মাথায় বিশাল এক ধানের বোঝা নিয়ে এগিয়ে আসছে,
তাদের সুঠাম পেশীগুলো উঠছে আর নামছে, বাজার থেকে ফেরত যাওয়ার পর, সেগুলো কি আর ওরকম
ছন্দময় থাকবে? তাদের চোখের মনিতে কি সেই একিরকম স্বপ্ন, দীপ্তি, প্রতিজ্ঞা ধরা
পড়বে? তখন তারা ক্লান্ত ধস্ত মন নিয়ে পেটের জমে থাকা খিদে দূর করতে, বিষ খাবে,
আত্যহত্যা করবে। আর আমরা? বাজারি পদ্ধতি মেনে, মহাজনদের দেখানো পথে বিরামহীন নিশ্চিন্তি
হেঁটে যাব খাদের সন্ধান না করেই।
ওই যে, যেদিকটায় মিউজিয়ামটা প্রবল অনিচ্ছা সহকারে দাঁড়িয়ে আছে,
সেদিক থেকে একটা বড়সড় মিছিল ‘আজাদি’ ইত্যাদি রবে ক্রমে এদিকে এগিয়ে আসতে দেখছিলাম।
ভাবলাম কাছাকাছি এলে একটুকরো আগুন চেয়ে নেব। ক্রমে গুঞ্জন স্পষ্ট হয়। সরকারের
চিটিয়ে দেওয়া মেঘ গুলো যে আঠা কেলেঙ্কারির কারনে খুলে খুলে পড়ছে, সেই নিয়ে তীব্র অভাব
অভিযোগ চলতে থাকে। তুমুল মিটিং হয়, বন্ধ ডাকা হয়, কিন্তু আমার কাছে এসে পৌঁছনোর
আগেই দূর থেকে সারি সারি ছুটে আসা বুলেটের তীব্র তাপে সেটিও কি অবলীলায় বাস্পীভূত
হয়। রাস্তাঘাট সুনসান হয়ে যায়, আমি খাদের ভেতরে আটকা থেকে যাই। খিদে তেষ্টা ভুলে
সবেধন বিড়িটা টানার আশায় আগুন খুঁজতে থাকি। আরো অতলে তলিয়ে যাওয়ার বাসনা প্রকাশ
করি, যেখানে একেবারে ভূ-অভ্যন্তরে গনগনে লাভার তীক্ষ্ণ স্রোত বিরামহীন পাক খাচ্ছে,
ঠিক সেইখানটায় যেতে ইচ্ছে করে, অন্তত বিড়ি টুকু শান্তি করে টানা যাবে। আর রাস্তার
উপর বাসে থেতলানো ঠিকানাহীন দেহটার পাশে বুলেটে ছিন্নভিন্ন হয়ে যাওয়া বাকি লাশগুলো
এই তামাশা দেখে বটকেরা করতে থাকে।
আকাশ তার নীল রং খানা ঝেড়ে ফেলে লালচে আগুন আভা ছড়িয়ে দেয়। একটি
দিনের সমাপ্তি হতে থাকে। আমি ঝুরো মেঘ ধরতে না পারার, বিড়ি না খেতে পারার একরাশ
হতাশা নিয়ে একটা দিন বয়ে যাওয়াকে চিহ্নিত করতে খাদের ভেতরে মাটিতে বৃথা আঁচড়াতে থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন