১
বোগো মার্ডার করে। সে মার্ডার করতে ভালোবাসে। অনেক লোকের
অনেক রকম শখ থাকে। বোগোর শখ হল মার্ডার করা। কেউ যেমন গ্রীষ্মের তীব্র দাবদাহের পর
কাঙ্খিত কালবৈশাখীর শীতল ওয়েদারে কবিতা লেখে, লোডশেডিং নিয়ে ভুতের গল্প লেখে, বসন্ত
কালে ঝাপাঝপ প্রেমে পরে প্রথমে প্রেমের, বছর ঘুরে বেদনার পদ্য ঝাড়ে, খুব রোমান্টিক
টাইপ আবার শরৎ আর হেমন্তের বিকেল তুলনা করে তুখোড় সাহিত্যচর্চা করে, বোগো তেমনি মার্ডার
করে। শীত-গ্রীষ্ম-বর্ষা সব সিজিনেই সে মার্ডার করে।
ছোট থেকেই হিন্দি ফিলিমের ভিলেনদের সে লক্ষ্য করত খুঁটিয়ে।
আর বড় হয়ে মার্ডার করব, এই ফ্যান্টাসিতে বিভোর থাকত। শুধু টিভি-মোবাইলে নয় রিয়েল লাইফেও
সে মার্ডার দেখতে থাকে আকছার। অবশ্য রিল আর রিয়েলের মধ্যে একটা ফারাক ছিল। রিলে মার্ডার
করবার প্রসেসটা দেখা যেত। আর রিয়েলে মার্ডার হয়ে যাওয়া ব্যাক্তির ন্যাচারাল অভিব্যাক্তি
দেখা যেত। ফলে এই দুই লাইফের অভিজ্ঞতা তার জীবনে কমপ্লিমেন্ট করত। পাড়ার নাতুদা যেদিন
বালিখাদানে মার্ডার হয়, সেও সবাইয়ের সাথে ভিড় করে বডি দেখতে গেছিল। তখন তার কতই বা
বয়স। তার সমবয়সীরা ইস্কুলে সবে সপ্তম কি অষ্টম শ্রেনী তে উঠেচে।
নাতুদা রাতের অন্ধকারে নদীপালে হাগতে গেছিল। সবে বেগড়িবাদাম
গাছটার তলায় বসেছে, নদীর ভেতর থেকে টর্চের আলো দেখে এগিয়ে গিয়ে গলা খাঁকারি দেয়। বালি
মাফিয়ারা তখন মেশিনটলিতে খাদানের চোরাই বালি লোড করছিল। খাদান মালিক নাতুদার চেনা নয়।
ফলে তার এগিয়ে যাওয়ার কথাও নয়। কিন্তু ঐ… কথায় আছে না! বেলগাছ ন্যাড়া কে চুম্বকের মত
টানে। নাতুদার কি মতি হল, এক হাতে গাড়ু আরেক হাতে মোবাইল ব্যাটারির জোরালো টর্চ নিয়ে
এগিয়ে যায়। আর তখনই টাঙ্গির এক কোপে ধড় থেকে আলাদা হয়ে মুন্ডুটা ছিটকে পড়ে খাবলানো
খাবলানো বালির গর্তে। তারপর সেই রক্তমাখা বালিই কাটা হয়, মেশিন টলি বোঝাই হয় এবং সকাল
এগারোটা নাগাদ খবর রটতে থাকে। পুলিশ এসে ধড় মুন্ডু সরাতে বিকেল হয়ে যায়, ফলে প্রচুর
লোক ‘কি বিভৎস!’, ‘শালা মার্ডারের এলেম আছে’, ‘পোঁচ টা দেখেছিস’ ইত্যাদি ঠাট্টা ইয়ারকিতে
মেতে ওঠে। কেউ কেউ আবার বলে যে, ‘পুঁতে দিতে পারত। লাশ চালান করে দিতে পারত’। ‘কি বোকাদের
মত কাজ’। ‘এখন তো পুলিশ ফিঙ্গার প্রিন্ট দিয়েই চোর ধরে নেবে ইত্যাদি’। বিজ্ঞের মত কেউ
মাথা নাড়ে, ‘কিন্তু মার্ডার ওয়েপন টা কোথায়? ওটাই তো আসল।’ এই সমস্ত জল্পনাকল্পনা থেকে
শত হস্ত দূর থেকে মজা নেয় বোগো আর হেজে যাওয়া প্রশাসন ব্যাবস্থা।
টাঙ্গির নিঁখুত ব্যাবহার দেখে, বোগো চমকিত হয়। মার্ডারারের
গায়ের জোর, ঠিক জায়গা বুঝে ক্ষীপ্র লক্ষ্যভেদ করবার ক্ষমতায় বোগো শ্রদ্ধাশীল হয় ও মনে
মনে ঠিক করে, সেও মার্ডারার হবে। সিনেমা দেখে দেখে ছুরি চালানো, ব্লেড ধরা, সিরিঞ্জ
ফুঁড়া ইত্যাদি মার্ডারের উপায় সম্পর্কে সে অবহিত হয় ও আঠেরো বছর বয়সের পর থেকে পাকাপাকি
তা প্রয়োগও করতে থাকে। লোকাল মেডিক্যাল শপ থেকে সিরিঞ্জ কিনে নিয়ে এসে সে প্রথমে মার্ডার
করে পাশের বাড়ির এক জবথুবু বুড়ো কে। বুড়ো প্যারালাইসিস হয়ে কেতরে বিছানা শায়িত বহুদিন।
বুড়োর বাড়িতে লোকজনও কম। জল ঢালার দিন সবাই লোকাল মন্দিরে পুজো ফুজো সারতে গেলে দুপুরের
দিকে সে বুড়োকে একা পেয়ে যায় ও ফাঁকা সিরিঞ্জ ফুঁড়ে দেয়। মাত্র পাঁচ মিনিটের মধ্যে
সে দেখেছিল বুড়োর ঠিকরে বেরিয়ে আসা চোখ। সবাই ইনক্লুডিং ডাক্তার বলেছিল স্ট্রোক। হার্ট-অ্যাটাক
কেস। যা গরম পড়েছে, সুস্থ মানুষই হাঁকপাঁক করছে। আর তাই এই ঘেঁটে যাওয়া বুড়োর স্ট্রোক
হওয়াটা মোটেই আশ্চর্যের নয়। বোগো পুনরায় চমকিত হয়।
২
বোগো যে একেবারে আনপড় গাঁওয়ার কিসিমের ছিল, তা কিন্তু নয়।
ফার্স্ট ডিভিসনে এইচ-এস পাশ করে সে পড়াশুনা ছেড়ে দেয়। কারন পড়াশুনা করবার আর মোটিভেশন
সে পায়নি। তবে সে যে মূর্খ নয়, তার প্রমান পাওয়া যায়, যখন ফার্স্ট মার্ডারের পর একটি
স্বরচিত পদ্য লেখে,
‘আজি এই গ্রীষ্ম দুপুর
বেলায়
অবলীলায়, মার্ডার করিচি
হ্যালায়,
সিরিঞ্জ ফুঁড়ে বাবল খেল
সহজে মার্ডার কর, রেখো
নাকো ঝেল’।
সে যতদিন নিজের ভালোলাগার জন্য, শখ পূরনের জন্য মার্ডার করত,
ঠিক ছিল। কিন্তু কাল হল পয়সার চক্করে অন্য লোকের হয়ে মার্ডার করবার ঠেকা নিয়ে। এই প্রফেশনের
ব্যাপারে তার একটা প্রছন্ন গর্ববোধ ছিল। এই কাজে জল মেশানো যায় না। করাপশন করবারও সুযোগ
নেই কোন। কারন মার্ডার না করে পার্টির কাছে পয়সা চাওয়া যায় না। আর পার্টি ক্লায়েন্টকে
জলজ্যান্ত ঘুরতে দেখলে, পেমেন্ট নিয়ে হেভি লাফরাবাজি করবে। আর যেকোন লাফরাবাজি তার
না পসন্দ। যতদিন বাপ মা বেঁচে ছিল, বাপ মাঠে যেত। খাওয়ার অসুবিধা ছিল না, ঘরে কিছু
না হলেও পেটভর্তি ভাত, মুড়ি এসব পাওয়া যেত। ততদিন সে নিজের আনন্দে, নিজের আহ্লাদে,
নিজের শখে মার্ডার করত। সমস্যা দেখা দিল বাপ মরে যাবার পর। পেটের টান আসতে শুরু করল।
বিয়ে ফিয়ে করে বউ বাচ্চা নিয়ে সংসার সামলানোই মুশকিল হয়ে উঠল। অগত্যা কিছুটা পয়সার
টান আর অনেকটা নেশার টানে সে পাকাপাকি ভাবে মার্ডারার হিসেবে আত্মপ্রকাশ করে। ভোটের
সিজিন হচ্চে, তার আসলি সিজিন। সারা বছরের কামাই ওই সিজিনেই হয়ে যায়। বাকি সময়টা সে
নিজের মত মার্ডার করত। ভোটের সিজিনে এক একদিনে তো তিনটে চারটে করে মার্ডার করেছে সে।
এ পার্টি, সে পার্টি, এই দল, সেই নেতা কাজ লেগেই থাকে। প্রফেশনাল এথিক্স থেকে সে কোন
দল করত না এবং ভোটও দিত না। তাই কোন রাজনৈতিক দলের সাথেই তার বিশেষ দহরম-মহরম ঘটে নি।
সে শুধু মন দিয়ে মার্ডার করত আর পেমেন্ট নিয়ে ঘরে তুলত।
ভোটের সিজিন ছাড়াও ভালো ভালো কেস আসত। কিন্তু সে সব কেস নিত
না। নতুন কোন চ্যালেঞ্জ পেলে সে গ্রহণ করত। হাজার লোকের হাজার দাবি, কারো চাই নৃশংস
মার্ডার, কারন সেখানে একটা মার্ডার দিয়ে হাজার লোককে ভয় দেখানোর ব্যাপার আছে। বালি
খাদানের নাতুদার কেসটার মত। কারো দাবি এমন মার্ডার করতে হবে, ডাক্তার অবধি নরমাল ডেথ
সার্টিফিকেট লিখে বাড়ি যাবে। কেউ বলত আত্মহত্যার মত লাগবে, এমন মার্ডার করতে হবে। এই
কাজে ব্লেডের ব্যাবহার গুরুতর। প্রথমে ঘাড়ের কাছে একটা বিশেষ যায়গায় রদ্দা মেরে ক্লায়েন্ট
কে পেড়ে ফেলতে হবে। ক্লোরোফর্ম হলেও চলবে। তারপর বাঁ হাতের শিরার উপর কোনাকুনি দু তিন
বার ব্লেড ঘষে শিরা কাটতে হবে। এখানে অনেক খুঁটিনাটি স্টাডির ব্যপার আছে। নাহলে তো
সবাই বোগো হয়ে যেত। কেস হাতে নেওয়ার পর সে ক্লায়েন্ট কে ফলো করত ঝাড়া সাতদিন। দিনক্ষন
ঠিক হত। ঘরে ঢোকার বন্দোবস্ত করতে হত। দারোয়ান থাকলে, তাকে আলাদা করে হাত করতে হত।
ঘরে লোকজন বেশি থাকলে ফিউজ বক্স খুঁজে নিতে হত। জানলার মাপ দেখতে হত। হাজার ঝামেলা।
সেই সব বাহ্যিক ঝামেলা মিটলে শুরু হত সাবজেক্ট পর্যবেক্ষন। বুঝে নিত বাঁহাতি না ডান
হাতি। সেই হিসেবে একটা হাতে ব্লেড ঘষা হবে, আর অন্য হাতের বুড়ো আঙ্গুল আর অনামিকার
মাঝে ব্লেড ঢোকানো থাকবে। উল্টোপাল্টা হলেই সন্দেহ, আর পুলিশি তদন্ত। অবশ্য পুলিশ এত
সূক্ষ্য ব্যাপার বুঝবে না। কিংবা বোঝার চেষ্টাই করবে না। শিরা কাটা ও হাতে ব্লেড দেখেই
আত্মহত্যা বলে ফাইল বন্ধ করে দেবে। কিন্তু সে বোগো। দুনিয়ার এক নম্বর মার্ডারার। সে
কেন কাঁচা কাজ করবে। এইভাবে নিজের জন্য, লোকের জন্য মার্ডার করে সে আরামসে দিন গুজরান
করছিল। মার্ডারের টাকায় বছরে দুবার ফ্যামিলি নিয়ে দীঘা-পুরি, সপ্তাহে একদিন মুরগী,
মাসে দুবার রেওয়াজি খাসি, তাছাড়া মাছ, ডিম, দুধ, ঘি, ইত্যাদি ভালোই চালিয়ে নিচ্ছিল।
নিজের জন্য মাঝে মাঝে বেল ফ্লেভার হার্বাল চুল্লু আর মাসে হয়তো এক আধ দিন রামের পাঁইট।
এই নির্ঝঞ্জাট নিরীহ সময় বোগো একটা বিশেষ কেস পায় ও একটা নতুন চ্যালেঞ্জ অনুভব করে
বেশ খুশিয়াল হয়ে ওঠে। কারন একসাথে রথ দেখা কলা বেচা দুটোরই সুযোগ এসে যায় এই কেসটায়।
৩
‘মার্ডার করে পেট চালাই,
কিসের তাতে লাজ ভাই?
যখন তখন তোমার মত মার্ডার
আমিও করি,
খালি আমার থাকে সিরিঞ্জ
ব্লেড
আর তোমার জে-৩৪ ম্যানিলা
কটন দড়ি’।
বোগো এই জঘন্য লজঝড়ে পদ্যটি কবেই বা লিখেছিল আর কেনই বা লিখেছিল,
সে কথা জানা যায় না। আর এই দড়ির ব্যাপারটা যে কাকে উদ্দেশ্য করে লেখা, সেই নিয়ে পাঠকমহলে
যথেচ্চ কৌতূহল দেখা দিলেও কিছু করবার নেই। কারন এ বিষয়ে বোগো ছাড়া আর কেউ জানে না।
তবে একটা হিন্ট দেওয়া যেতে পারে, বোগো আজ অবধি যতগুলো মার্ডার করেছিল বা ভবিষ্যতে করবে,
তার একটিতেও দড়ির ব্যাবহার ছিল না বা হবে না। একটি কেসে সে সিল্কের শাড়ি ব্যাবহার করে,
তাও হাত পা বাঁধতে, মার্ডার ওয়েপন হিসেবে নয়। তবে চোখ কান খোলা রাখলে ও বক্সা সেন্ট্রাল
জেলের রোপতৈরী মেশিনে আটজন প্রিজনার ‘মোচড় ও ভ্রামক’ পদ্ধতিতে কোন দড়ি পাকায় সে বিষয়
খোঁজ খবর নিলে হয়তো বোগোর কবিতার একটা উদ্দেশ্য উদ্ধার হতে পারে। কিন্তু আপাতত এ কাহিনীতে
তা মুলতুবি থাক। কি এমন কাজে বোগো বিশেষ চ্যালেঞ্জ অনুভব করল সেই বিষয় জোরালো আলোকপাত
করা যাক বরং।
এই বিশেষ চ্যালেঞ্জের কাজটা তাকে দেয় ……। এই রে আরেকটু হলেই
পার্টির নাম বেরিয়ে যাচ্ছিল। এই লাইনে কথার দাম হল আসল। বিশ্বাসের উপর কাজ। আর পার্টির
নাম গোপন রাখা ফান্ডামেন্টাল নিয়মাবলীর মধ্যেই ধরা থাকে। পার্টির নাম জেনে আমাদের ও
কিছু ছেঁড়া যাবে না। সুতরাং সেটা বোগো ও পার্টির অপ্রাকশিত রুলের মত, নামটাও অপ্রকাশিত
থাক। কাজটা ছিল একজন মাঝবয়সী সোনার কারবারি, তাকে মার্ডার করতে হবে কিন্তু দেখে মনে
হবে অ্যাক্সিডেন্ট। এখন কেন তাকে মার্ডার করতে হবে, আর সেটা দেখে কেনই বা অ্যাক্সিডেন্ট
মনে হতে হবে, সেই প্রশ্ন খুব স্বাভাবিক ভাবেই বোগোর মাথায় আসেনি। কাজটা শুনেই কিভাবে
প্রশ্নটায় সে মনোনিবেশ করে। টাকার অ্যামাউন্টটা তার কাছে বোনাস মনে হয়। তাকে উদ্দীপিত
করে এই ভাবনাটা, যেটা সে আগে ভেবে উঠতে পারে নি। বোগো তাই আবার অনেকদিন পর চমকিত হয়।
কাজটা হাতে নিয়েই সে দু বোতল বেল ফ্লেভার চুল্লু,
এক পুরিয়া খানকির তামাক কিনে নিয়ে নিজেকে ঘর বন্দী করে ও ভাবতে থাকে। এই ঘামাচি
গরমেও ঝাড়া তিনদিন সে স্নান করে না। খালি বউ খাওয়ার দিলে দরজা খুলে সেটা নেয় ও দিনে
একবার হাগতে বাইরে বেরোয়। ঘুম উবে যায়। সে ভেবে পায় না কাজ হাসিল করবে কি করে। আর একবার
কাজে কমিট করে সেটা উতরাতে না পারলে বেজায় অপমান। টাকা নাহয় সে ফেরত দিয়ে দেবে। কিন্তু
নতুন ধরনের একটা কাজ সে করতে পারল না, এই বোধ তাকে কুরে কুরে খাবে সারা জীবন। অগত্যা
কিছু মাথায় না পেয়ে সে সাবজেক্ট ছকতে শুরু করে। তার বিশ্বাস এক না এক সময় মাথায় ঝিলিক
খেলবেই। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লায়েন্টকে মাপতে থাকে সে।
একদিন এই ভাবে পিছা করতে করতে সে দেখে ক্লায়েন্ট বারানসীর
ট্রেনে চড়ে বসেছে। টিকিট একটা যোগার করে সেও চেপে বসে। দিন দশেক হয়ে গেল, সে ঘুরছে।
কিন্তু এখনো জানে না কাজটা সালটাবে কিভাবে। অবশ্য পার্টির কাছে একমাস সময় চাওয়া আছে।
সেই নিয়ে হুজ্জতি নেই। রাত ভোর ট্রেনে আসতে আসতে সে ক্ষীন একটা সম্ভবনা দেখতে পায়।
কিন্তু না আঁচালে বিশ্বাস নেই। এই কদিনে বোগো যা ইনফর্মেশন যোগাড় করেছে, তার থেকে এটুকু
শুধু জানা যায় যে, তার ক্লায়েন্টের ধর্মে বিরাট মন। বাড়িতে প্রায়ই পুজো-আচ্চা লেগে
থাকে। তার দুটো বাড়ি। দুটোতেই সংসার পাতা। কোনটা আসলি কোনটা নকলি বোঝা যায় না। কারন
দুটি বাড়িই আলিশান বড়। দোকানও ঝাঁ চকচকে লেটেস্ট বাহারি ডিজাইনের গয়নায় ভর্তি। মোট
পাঁচজন কর্মচারী। তিনজন মহিলা ও দুজন বুড়ো মত লোক। মহিলা গুলি রাখা হয়েছে কাস্টমার
অ্যাটেন করতে আর বুড়ো দুটো বিল বানায় পেমেন্ট নেয়। একটা বন্দুকওয়ালা দারোয়ান আছে। বোগো
এসব জানতে পেরেছে দোকানে গিয়ে। বউ কে নিয়ে গিয়ে একটা হার কিনে দিল। আর কথার ফাঁকে ফাঁকে
এইসব লক্ষ্য করছিল।
ট্রেন স্টেশনে ঢুকলে একটা হুলুস্থুলু শুরু হল। চারদিকের কোলাহলে
তার হালকা ঝিমুনিটা লোপ পায় ও সজাগ হয়ে ওঠে। হাঁচোরপাঁচোর করে জেনারেল কামরা থেকে নেমে
এ ওয়ানের দিকে ছুটে যায়। কিছু অপেক্ষা করবার পর ক্লায়েন্টকে নামতে দেখে সে নিশ্চিন্ত
হয়। তাকে ফলো করে বোগো একই হোটেলে ওঠে। দু দিন ধরে লেগে থেকে সে বুঝতে পারে, পার্টি
এখানে পুজো ফুজো দেবে। তাই সকালে একবার রোজ গঙ্গার ঘাটে যাচ্ছে ও স্নান করছে। তারপর
ফিরে এসে জলখাবার খেয়ে বিশ্রাম নেয়। আবার বিকেলের পর একটু হাঁটতে বেরোয়। লোকাল সোনার
দোকানে গিয়ে কারিগরের খোঁজ করে।
বোগো প্ল্যান সাজিয়ে প্রস্তুত হয়। একটা গেরুয়া কাপড় পরে নকল
দাঁড়ি গোঁফ ঝুলিয়ে সে গোটা পাঁচেক প্যাঁড়া আর কিছু ফুল নিয়ে পূবে লাল হতেই গঙ্গার ঘাটে
গিয়ে বসে। প্যাঁড়ার সাথে পাঁচটা একশ এমজির ওয়েলনক্স মিশিয়ে নিতে ভোলে না। যথাসময়ে নিয়ম
মেনে থালার মত সূর্যও উঁকি দেয় আর ক্লায়েন্ট এসে উপস্থিত হয়। জয় ভোলেনাথ বলে, সে ক্লায়েন্টের
হাতে একটা বা দুটো প্যাঁড়া আর কিছু জবাফুল তুলে দেয়। ক্লায়েন্টও পরম বিশ্বাসে মুখে
ফেলে দেয় ও নদীতে নামে সূর্য প্রনাম আর স্নানের উদ্দ্যেশে। বোগোও পিছু পিছু অং বং করতে
করতে জলে নেমে আসে। এই দুদিনে সাধু ঘেঁটে সে কিছু বুলি শিখে নিয়েছিল। বোগোর সব কাজ
পরিষ্কার ও পার্ফেক্ট। এই জন্যই পার্টিরা তাকে ফেভার করে। তার এক একটা নিখুঁত কাজ শিল্পের
কম নয়। ক্লায়েন্ট আর বোগো একসাথে ডুব দেয়, তখন তাদের মধ্যে অন্তত বারো হাত গ্যাপ। ঘাটে
আসতে আসতে লোক জমছে। জলেও এদিক সেদিক করে অন্তত জনা দশেক লোক স্নান করছে। তারপরেই দেখা
যায় ক্লায়েন্ট জল থেকে মিসিং। বোগো কিন্তু তখনো ঠিক বারো হাত দূরে দাঁড়িয়েই সূর্যের
দিকে মুখ করে হাত জড়ো করে গভীর ভাবে প্রনাম করছে। খানিক পর ক্লায়েন্টের লাশ ভেসে ওঠে
ও ঘাটে একটা শোরগোল পরে যায়। বোগো কিন্তু তখনো সূর্যের দিকে মুখ করা। চোখ বন্ধ।
একটু খেয়াল করলে অবশ্য তার জোরে জোরে নিশ্বাস নেওয়ার শব্দ
শুনতে পাওয়া যেত, কিন্তু শোরগোলের মাঝে খুব সহজেই তা চাপা পরে যায়। ফলে ঝাড়া সাড়ে চার
মিনিট যে সে জলের তলায় অদৃশ্য ছিল সে হিসাবও কেউ রাখে না। তখন যে সে ডুব সাঁতরে ক্লায়েন্টের
কাছে চলে যায় ও তাকে টেনে নিচে নামিয়ে রাখে প্রায় মিনিট আড়াই, সেই ঘটনাও সবার অলক্ষে
থেকে যায়। ছোটবেলায় সাঁতার শিখবার সময়, বাপের দেওয়া জ্ঞ্যান সুন্দর ফিট করে যায় এই
কাজে। বাপ তাকে ডুব সাঁতার শেখাবার সময় বলেছিল একজন সাধারন মানুষ খুব বেশী হলে এক থেকে
দেড় মিনিট জলের তলায় নিশ্বাস না নিয়ে থাকতে পারে। আর বোগো বরাবরই অসাধারন। তাই সে এটাকে
খেলা হিসেবে নেয় ও দীর্ঘ প্র্যাকটিস করে সময়টাকে চার মিনিটের আশে পাশে নিয়ে যায়। কিন্তু
আজ তার থেকে বেশীই সময় লেগে গিয়েছিল। বোগো তখন কাছ থেকে মৃত্যু অনুভব করতে পারছিল।
আবার যথাস্থানে ফিরে এসে তাই সে হাপর টানার মত নিশ্বাস নিতে থাকে চোখ বন্ধ করে।
৪
কাজ শেষ। বোগো নিজের কাজেই বেশ খুশী হয়ে ওঠে। পার্টিকে ফোন
করে সুখবর দেয়। সে ঠিক করে, বারানসি যখন এসেই গিয়েছে, ফলে কটা দিন ঘুরে নিয়ে বাড়ি যাবে।
কিন্তু যে কেলোর কির্তনের কথা সে ভেবেই দেখেনি তা হল ভারতজুড়ে তখন ভাইরাসের আক্রমণ
ও গোটা দেশের অপরিকল্পিত লকডাউনে চলে যাওয়া। হোটেল থেকে তাকে এবং আরও অনেককে বের করে
দেওয়া হয়। রাস্তায় দোকানপাট বন্ধ হয়ে যেতে থাকে। বোগো প্রথমটায় সাধারন কোন বন্ধ-টন্ধ
ভেবেছিল। তারপর টিভির খবর শুনে সে একটা লোকাল কাগজ কিনে ফেলে ও পরিস্থিতি সম্পর্কে
একটা আইডিয়া পায়। তখন সে ঠিক করে, ঘরে ফিরে আসবে, এ যাত্রা আর তার বারানসি ঘোরা নেই।
স্টেশনে এসে বিকট ভিড় দেখতে পায়। লক্ষ্য করে টিকিট কাউন্টার সব বন্ধ। ট্রেন সব ক্যানসেল।
হাজার লোকের সাথে সেই দিনটা সে স্টেশনেই কাটায়। ঘন্টায় ঘণ্টায় উড়ো খবর, গুজব ভাসতে
থাকে। এই ট্রেন ঢুকছে। এই ট্রেনের ব্যাবস্থা সরকার করবে। এদিকে দোকানপাট সব বন্ধ। কি
খাবে কোথায় থাকবে? ঠান্ডা মাথার বোগো বিচলিত হয়। এই সময় তাদের গ্রামের পগা কে সে দেখতে
পায়। পগা রাজমিস্ত্রীর কাজ করে। সেও সবকিছু বন্ধের খবর শুনে স্টেশনে ছুটে এসেছে। স্টেশন
ঘুরে ঘুরে তারা পশ্চিমবঙ্গের আরও লোক খুঁজে পায়, যারা বাড়ি ফিরতে চাইছিল। মোট দশজনের
একটা দল হয়। স্টেশন লাগোয়া একটা দোকান থেকে বেশ কিছু পাঁউরুটি যোগাড় হয়। সেই খেয়ে আধপেটা
হয়ে আপাতত দিন দুই কাটায় তারা। বিহারের একটা দল তারা বলে হেঁটে রওয়ানা দিয়ে দেবে। মাত্র
আড়াইশো কিলোমিটার। আরামসে হেঁটে দেবে। কারন এখানে থাকলে, এমনিও মরবে। তার থেকে বাড়ি
ফেরার চেষ্টা করা ভালো। বোগোরাও ঠিক করে তারাও হাঁটবে। কত হবে? পাঁচশ ছশো হবে জোর।
কিন্তু এভাবে স্টেশনে কত দিন না খেয়ে দেয়ে থাকবে তারা? গুজব ভেসে আসতে থাকে, কে নাকি
দোকান খুলেছিল, পুলিশের প্যাঁদানি খেয়ে হস্পিটালে চলে গেছে। ভয় জাঁকিয়ে বসে। আতঙ্ক
গ্রাস করে। বোগো মার্ডারের বাইরে এই প্রথম কিছু ভাবতে চেষ্টা করে। হাতের টাকাগুলোকে
ময়লা কাগজ বলে বোধ হয়। হাঁটবার জন্য প্রস্তুত হয়। আবার তখনই গুজব উড়ে বেড়ায়, সরকার
ট্রেনের ব্যাবস্থা করছে ঘরে ফিরবার জন্য। হাঁটার উদ্যম, এক রোখা মনোভাব আঘাত পায়। লোকাল
দোকান ভেঙ্গে কিছু খাওয়ার বন্দোবস্ত হয়। কিন্তু তা আর কতটুকু। আবার খিদে জাঁকিয়ে বসে।
অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য। কিন্তু তা আর আসে না। আবার তারা ফন্দী আঁটে। হাঁটবার
জন্য যে তীব্র রোখ একত্রিত করতে থাকে।
উপায়হীন হয়ে অবশেষে তারা বেরিয়ে পরে দল বেঁধে। প্রথম দিন
ত্রিশ কিলোমিতার হেঁটেই পরিশ্রান্ত হয়ে যায়। ফুসফুস-হৃৎপিন্ডও লকডাউন ঘোষনা করে। অভুক্ত
পেট ধুঁকতে থাকে ক্ষিদের তাড়নায়, ক্লান্তির নেশায় পা টলতে থাকে। রাস্তায় শুয়ে রাত কাটে।
অনেকে হাঁটতেই থাকে। বাড়ি পৌঁছালেই সমস্যার সমাধান। এইটুকুই আশার আলো সম্বল করে তারা
হাঁটতে থাকে। এইভাবে দিন দশেক হাঁটার পর, তারা এখন পঞ্চাশ কিমি করে হাঁটে। হাত পায়ের
ঝিম ভাবটা আর অনুভূত হয় না। একবেলা খাওয়াই মনে হয় প্রচুর। ইচ্ছাশক্তি, বেঁচে থাকার
আকুতি, নিজের প্রিয়জনদের দেখার আগ্রহ আর বোগোর মার্ডার করবার নতুন নতুন পদ্ধতির নেশায়
বুঁদ হয়ে তারা হাঁটতে থাকে এবং হাঁটতে থাকে। দিন রাত, সূর্য, চন্দ্র, গরম, বৃষ্টির
ঠান্ডা সব এক করে হাঁটতে থাকে। একজন প্ল্যান দেয়, সে কোথাও শুনেছে, রেললাইন সবচেয়ে
কম ডিস্টেনসে পাতা হয়, ফলে রেল লাইন বরাবর গেলে কিছু পথ কম হয়। তখন তারা আবার নতুন
উদ্যমে এবার রেল লাইন ধরে হাঁটতে থাকে। পনের দিন পার হয়ে যায়। শুকনো চিঁড়ে, কোথাও জোগার
করা বাসি আটার রুটি আর টিউবওয়েলের অনন্ত জলের উপর ভরসা করে হাঁটতে হাঁটতে বুদ্ধপূর্নিমার
জ্যোৎস্না রাতে তারা খুব ক্লান্তি বোধ করে, পা যেন গাঁথা হয়ে যেতে থাকে রেল লাইনের
উপর। তারা বসে পড়ে। চুপচাপ রুটি খায়। কারন কথা বার্তা বলার মত এনার্জি আর তারা পায়
না।
চারিদিক ফাঁকা মাঠে ইয়া বড় চাঁদের আলো থই থই করছে। চকচক করে
উঠছে রেলের অনন্ত পাতি। বোগোর মনে পড়ে এরকম এক রাতের কথা। সেটা তিন নম্বর মার্ডার।
প্রথমে সিরিঞ্জ দিয়ে বুড়োটাকে তারপর আরেকজনকে সিরিঞ্জ দিয়ে মার্ডার করবার পর সে সবে
ব্লেড হাতে তুলে নিয়েছে। এরকম এক রাতে, চাঁদের ঠান্ডা গুঁড়ো নদীর বালির সাথে মিশে গিয়ে
রুপোর কনার মত চিকচিক করছিল, আর শুকনো সেই নদীর মাঝখান থেকে ভরপুর তাড়ি সাঁটিয়ে হেঁটে
আসছিল এক মাতাল। বোগো তখন একমনে মরা নদীর বালিতে থালার মত পূর্নিমার চাঁদের বটকেরা
দেখছিল। মাতালটা গা ঘেঁসে আসতে, তাড়ির টক টক গন্ধটা পায়। থই থই জ্যোৎস্নার ভেজা ভেজা
আলোয় ব্লেডটা আড়াআড়ি ভাবে আডামস আপেলটার উপর চালায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। মাতালটা
বালিতে শুয়ে কাতরাতে থাকে। নিঝুম রাতে শূন্য বালির বুকে গলা চেরা শব্দ রক্ত হয়ে ঝরে
পরে রুপোর গুঁড়োর উপর। মরা নদীর লাল হয়ে যাওয়া বালিতে পিছলে যেতে থাকে চাঁদের সাদাটে
আলো। বোগো নিশ্চুপে মাতালের কান্ড দেখে, তার ছটকানো দেখে। শিরশিরানি অনুভূতি নিয়ে তার
জ্যোৎস্না দেখা সার্থক হয়।
হাঁটতে হাঁটতে ক্লান্ত তারা রেল লাইনে মাথা রেখে শুয়ে পড়ে।
অনন্ত ঘুমের দেশে পাড়ি দেয় মুহূর্তেই। বোগো খালি দু চোখ খোলা রেখে বুদ্ধপূর্নিমার চাঁদ
দেখতে থাকে ঠায়। কিন্তু দিনের পর দিন না খেয়ে মাইলের পর মাইলের হাঁটতে হাঁটতে, শরীরের
শেষ এনার্জিবিন্দুও নিঃশেষিত আজ। বোগো চাঁদটা তাই ক্রমশ ছোট হয়ে আসতে দেখে। নার্ভ গুলোর
শীতলতা তাকে স্পর্শ করে। দশটা শ্রান্ত, ক্লান্ত নিঃসাড় দেহ রেললাইনে মাথা রেখে শুয়ে
থাকে। জোনাকি গুলো সাহস পেয়ে তাদের কাছাকাছি জ্বলতে নিভতে থাকে। ঝিঁঝিঁও তাদের আওয়াজ
খানিকটা বাড়িয়ে দেয়। নাম না জানা কয়েকটা পাখি কিসের জানি সঙ্কেত দিতে দিতে বিকট শব্দ
তুলে উড়ে যায়। দুশ কিলোমিটার ধরে হাঁটতে থাকা অবশ শরীর গুলোতে কিছুই মালুম হয় না। রেল
লাইন বরাবর তীব্র আলোর ঝলকানি দেখে জোনাকি গুলো ভয় পেয়ে দূরে সেরে যায়। তীব্র একটা
জান্তব আওয়াজের তীক্ষ্ণতায় ঝিঁঝিঁর দল চুপ করে থাকে। আঠান্ন বগির মালট্রেনটা যখন পঞ্চাশ
কিমি বেগে জান্তব চিৎকার করতে করতে ছুটে যায়, দশটা লাশের ধড় মুন্ডু আলাদা হয়ে পড়ে থাকে।
না খাওয়া রুটি গুলো রক্তের ছোপ নিয়ে দশটা মুন্ডুর দিকে অর্থহীন বিদ্রুপ করতে থাকে।
সাদা চাঁদের আলো দিয়ে ঢেকে যাওয়া লালা লোহার পাতে আবার লালচে আভা ফিরে আসে। বোগোর জীবনের
শেষ কবিতাটা বোগো লিখে ফেলবার সময় পায় না। মাথার মধ্যেই গোঁত্তা খেয়ে হারিয়ে যায়। একটানে
দশ দশটা আডেমস আপেলের উপর শৈল্পিক আঁচড় তার তারিফ করা হয় না। এই দীর্ঘ অনন্ত রেললাইন
আর তার উপর ছুটে চলা ট্রেন আর সমগ্র রাষ্ট্রব্যাবস্থার সামনে তার নিজেকে বড়ই ক্ষুদ্র
মনে হয়। এগুলো আদপেই শেষ মুহুর্তে, যখন ট্রেনের লোহার চাকা জাস্ট গলায় ছুঁয়েছিল, সেই
ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার মাথায় খেলেছিল কি? সেটা জানাবার আর সুযোগ থাকে না। বুদ্ধপূর্নিমার
ফ্যাটফ্যাটে চাঁদের ঘোলাটে হয়ে আসা আলোতে শুধু এই সত্যিই অনুরনিত হয়, রাষ্ট্র কখন কাকে
কিভাবে মার্ডার করবে, সে জানতে পাবলিকের ঢের বাকি।
“চাঁদের আলোয় মার্ডার
করি, করি দিনের আলোয়
ব্লেড চালাবো জ্যোৎস্না
রাতে, তোমার জীর্ন গলায়…
নিঝুম রাতে লাশ পড়বে,
জানবে নাকো কেউ,
তখন তুমি বউয়ের সাথে খাটে
তুলছ ঢেউ…”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন