বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

স্বাধীনতা?


সাচ্চা দেশপ্রেমিকের মত, ঘরের খেয়ে বনের মোষ তাড়াই। ছয় ভাগের এক ভাগ পপুলেশন অধিকারিকে, সকাল সন্ধে মন দিয়ে খিস্তি করি, ও তেড়ে বিশ্বাস নিই যে আমাগো আঁধারের (আধার নয়, তবে ভাবলেই বা) জন্য তারাই, কেবলমাত্র তারাই দায়ী। দিবা-সুখ-নিদ্রা ত্যাগে ঠায় আমায় দাঁড়াতে হয়, হয় সিয়াচেনে অথবা এটিএম লাইনে। তার চেয়ে ঢের; ১৫ই বগল বাজিয়ে লাড্ডু বাগাবো। ওই ছয় ভাগের এক ভাগ, পাকিস্তান! কেলালে, হোক না সেটা মানসিকতায়, কেলানোর ইচ্ছে টা জরুরী, গা হাত পা নিস পিস করবে সেটা জরুরি। ওই যত বে দখলকারী বাংলাদেশী গুলো কে ঝাড়া নাড়া ধরে বের করে দিলে, লাড্ডু টা একটু বেশী মিষ্টি লাগে বইকি। যাক গে যাক, মরুগকে সবাই। আমার স্বাধীনতার খুশীয়ালি না কাশ্মীরের পরাধীনতার দমচাপা কষ্ট, সব গুলিয়ে যাক। আমি বর্ষনমুখর দিনে, পতাকা ওড়াব পত পত। বৃষ্টি ভেজা সে জিনিস না পতপতালে দোকানদার নির্ঘাত পাকিস্তানি। উলটো লজিক দিবি তো ঢুঁসো দেব পরান ভরিয়ে।

তবে ফান ফ্যাক্ট ; গড় আয়ু তে, সে ছেলে হোক কিংবা মেয়ে, ২০১৫ তে বাংলাদেশ (১০২) ভারতের থেকে (১২৫) ২৩ ধাপ এগিয়ে (অন্তত হু ) এবং ২০১৮ তে বাংলাদেশ (৮৬) ভারতের থেকে (১৪০) ৫৪ ধাপ এগিয়ে, এবং সাংবাদিক মাধ্যমের স্বাধীনচারীতায় প্রায় বাংলাদেশ ও পাকিস্তানের গায়ে গায়ে।

তবুও আমার স্বাধীনতা কিন্তু ওদের খিস্তি মারবার মধ্য দিয়ে। যদিও নব্য আমদানি কাশ্মীর পরিস্থিতি ঠিক না ভুল, সার্জিক্যাল স্ট্রাইকের নামে যুদ্ধ যুদ্ধ খেলা এবং ঐতিহাসিক ভাবে আবার রিভার্স সুইঙ্গে কাত হয়ে ল্যাজে গোবরে হলাম কিনা কিংবা এই যে চুপ চাপ হালে টেরিরিস্ট অ্যাক্টো ও আর,টি,আই রমরমানো নিয়ে সন্দিহা! জানো তো শিশুপালের কি হয়েছিল?

দেদার অরন্য সাফ করে, কিনা অগ্নিদেবতার ক্ষুধা নিবারন,  তাতে কে মরল কে বাঁচল কিবা আসে যায়, মোট কথা অগ্নি দেবতার খিদের নাম করে একটা গোটা অরন্য পুড়য়ে সাফ করে ফেলা যায়, ও সেটা মানবিক। এরপর চারপাশের সেরা স্থপতি (ময়দানব) কে ভাড়া করে একটি প্রবল প্রাসাদ নির্মান। সে অবধি ঠিক ছিল। তারপর, রাজা হয়েছি কিন্তু আত্মপ্রকাশ করব না! অতেব যশ-রাজ লঞ্চ। মূল-ভুখন্ডের পক্ষ-বিপক্ষ সমস্ত রাজাদের উদ্দেশ্যে একটি পার্টী থুড়ি সভা-যজ্ঞ এর আয়োজন। এখন সভাপতি হবে কে? এই অন্তর - প্রশ্নে জেরবার যুধিষ্ঠির নির্বাচন করলে কৃষ্ণ কে। এখন সে এই পদযোগ্যতার মানদণ্ডে পাশ করল কিনা, সত্যি সত্যি নির্বাচন হল কিনা, সে নিয়ে আপাতত, ধুত্তোর না ভাবলেও চলে। এই প্রাসাদ, এই হাজার রাজার মাঝে নিজের রাজা লপ্তে কেরদানি, সবই তো তার ই। স্বয়ং ভগবান তো তিনি ই। অত্য়েব দ্রোন, ব্যাসদেব, ভীষ্ম সব ঝাপসা। এই সময়, শিশুপাল নামে কে এক রাজা, যে নাকি আগেও ৯৯ বার কৃষ্ণের বিরোধিতা করে শিরোনামে এসেছিল, সাহস দেখায় বুক ভরে। অস্বীকার করে, কৃষ্ণের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকতে। আবার ক্যান্সারের মত সেই মতবাদ ছড়িয়ে দেয় এদিক সেদিক। প্রভাবিত করবার, অমান্যতা করবার এই কলজে কে দিল তাকে। রাস্তা একটাই তখন। শিশুপাল হত্যা, একপাল সভ্য দের মাঝে। একে বলে মেসেজ। সঙ্গে সঙ্গে বিরোধী পার্টি বাপ বাপ বা রাম রাম বলে হাওয়া। এ নাকি রাজধর্ম, এই নাকি ন্যায়। 

ওরম কত হয়। সে যাক গে। জন্মাষ্টমী দোরগোড়ায়। বুঝি না বুঝি স্যালুট না মারলে, চক্র নিক্ষেপ। তখন মুন্ডুহীন ধড় টা আর কাজের নয়। চরম বিতৃষ্ণায় আছাড় মারবে আস্তাকুঁড়ে। বাঙ্গালীর আদিখ্যেতার বারো মাসে তের পার্বন। অ্যাই কে রে? বারো মাসের তের পার্বনে আবার ঈদকে কে গুনতে বলছে! যত সব ম্লেচ্ছ পাকিস্তানি যত। সবকটা মরবে, উহাই চক্র, উহাই ন্যায়, উহাই রাজধর্ম।

ইকোনমি যায় যাক, টাকা মাটি মাটি টাকা। হায় প্রোমোটার বুঝিল, আমি বুঝলাম না, সে ভিন্ন কথা। মোদ্দা, পেট চালাবার জন্য রোজগার ও রোজগারের জন্য কাজ, সে জুটল কি জুটল না, কর্পোরেট দুনিয়ার করাপশন হচ্চে কি হচ্চে না, ব্যাঙ্ক লোনে জালিয়াতি হচ্চে কিনা, আমার বাক স্বাধীনতা খর্ব হচ্চে কিনা, নাগরিক হিসেবে আমার বেসিক অধিকার গুলো পাচ্ছি কিনা, আমি কি ঠিক ইতিহাস জানছি, ডিজিটাল মিডিয়ার উড়ুক্কু খবর কেই ইতিহাস বলে মেনে নিচ্ছি - সে সব অবান্তর। এখন কঠিন পরিস্থিতি। এখন রগরগে দেশপ্রেম, অজাতির প্রতি ঘৃণা আর এবং বিনা দাবীতে আত্মসমর্পন ই আমাকে পারে বাঁচিয়ে রাখতে, আশার আলো দেখাতে। আর কি?

কাশ্মীরেরর পরাধীনতাই যে আমার স্বাধীনতা, সেই হুররে তুলে এই বর্ষা- বাদলার দিনে, এক অ-কাশ্মীরির ১৫ই গান স্যালুট, বুদ্বুব গর্বের বুক চিরে।     

মঙ্গলবার, ২১ মে, ২০১৯

আ -‘কন্ঠ’ বোধ


সিনেমা কার? পরিচালকের নাকি দর্শকের? মানে পরিচালক তার শিল্প-সত্ত্বা পেকে উঠলে সেটা সিনেমার রুপ দেবেন নাকি, পরিচালক স্রেফ দর্শকের কি ভালো লাগবে, দর্শক কি চায়, শুধু সেটির উপর ভর করবেন কিংবা সিনেমা বুঝিয়ে দেবার দায়িত্ব পরিচালকের নাকি বুঝে নেবার দায়িত্ব দর্শকের, এ বিতর্ক মিটবার নয়।

সম্প্রতি "কন্ঠ" ছবি টি যে হারে হাইপের শিরোনামে উঠে এসেছে অ-ডিজিটাল জীবনে, ডিজিটাল জীবনে, প্রিন্ট মিডিয়ায়, অডিও-ভিসুয়াল মিডিয়ায়, তাতে স্তম্ভিত স্মাইলি। একটা ছবি যেটা বাংলা ভাষায় তৈরি, যে ভাষা ক্রমশ অবলুপ্তের পথে, ভোটের মরশুমে আ-কন্ঠ হইচই ফেলে দেবে তাতে কিঞ্চিত গর্ব হয়েছিল বইকি। অগত্যা মাল্টিপ্লেক্সে (যেখানে ১০ টাকার রানাঘাটের চিপস ও ১০ টাকার কিছুই পাওয়া যায় না এবং বাথরুমে জুঁইফুলের গন্ধ ওঠে ও হাঁসফাঁস গরমেও ঠান্ডা লাগে) প্রবল বেগে হানা।

“কন্ঠ" মূলত একটা হেরে যাওয়া পরিস্থিতি, একটা বেঁচে না থাকতে পারার পরিস্থিতি, একটা হঠাৎ অমবস্যা নেমে আসার পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর, বেঁচে ওঠার, অন্ধকার সরিয়ে আলোয় ফেরার দৃষ্টান্ত মূলক, মাইক হর্ন মার্কা অনুপ্রেরনার গল্প বলবার চেষ্টা করে। অন্তত; এই সময়ের হিসেবে, যখন চারিদিকে ডিপ্রেশনের কারাগার, তখন যেন এই গল্প, এই সিনেমা ঠান্ডা ঝর্না হয়ে আমাদের এগিয়ে যাবার বার্তা দেওয়ার চেষ্টা করে।

বেশ খানিক আলপটকা সিন চলার পর, “কন্ঠ” তে চরম এক ড্রামাটিক সিন খাড়া করে বলা হল, “জাকির হোসেন এর দু’হাত কেটে ফেলা হল, তারপর তাঁকে বাঁচতে বলা হল, পারবে সে বাঁচতে ?”  আসলে রেডিও জকি অর্জুন (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) এর গলার ক্যান্সার ধরা পরাতে, ডাক্তারের দাওয়াই অনুযাই তার “ভোকাল বক্স” টি বাদ দিতে হবে, নাগাড়ে ডাক্তার বা সিনেমার প্রত্যেকে মনে করে জীবন আগে, তারপরে তার শিল্প সত্ত্বা। আর এদিকে প্রোটাগনিস্ট অর্জুন মনে করে এতে শিল্পীর তো মৃত্যু হল। মানুষটার বেঁচে থাকার আর কি উদ্যেশ্য? প্রশ্ন অত্যন্ত গভীর এবং ভাববার মত। অ-নিও’বাঙ্গালি চিত।

এই শিল্প সত্ত্বা বনাম পিতা-স্বামী-ভাইপো-বন্ধু-সামাজিক সত্ত্বার বিরোধ, সেখানে অর্জুন একজন শিল্পী হিসেবে কি ভাবছে, চারপাশের মানুষ তাকে কি ভাবাচ্ছে এবং অন্তিমে সে কি করবে, এই নিয়ে যে একটা সিনেমা হতে পারে, অন্তত সাম্প্রতিক বাংলায়, তা ভেবে যখন ক্রমশ পৃথার চরিত্রে পাওলি দামের দুর্বল অভিনয়, খাপ ছাড়া স্ক্রিপ্ট, কিছু এক্সট্রা সিন দেখেও স্রেফ তা হেলায় ইগনোর করছি, শুধু এই ভেবে যে, বাংলায় আরেকটা ‘এইট এন্ড হাফ’ হতে চলেছে। সেখানে তো তাও ছিল শিল্পীর শিল্পের প্রতি দায়বদ্ধতা বনাম লোকজনকে কথা দিয়ে ফেলবার যুদ্ধ - ভিলেন সেখানে শিল্পীর হঠাৎ সৃজন অক্ষম হয়ে পরা, এখানে তো শিল্পীর জীবন নিয়ে বাজি। একজন বাচিক শিল্পীর গলা টাই যদি কেটে নিলে, সেটা যে আসলে তার জীবনরস টাই নিয়ে ফেলা হল এই বাস্তব-কাঠিন্য দ্বন্দ সিনেমা তে দেখা গেল কই। শিল্প টাই যে তার জীবনের মাপকাঠি, বেঁচে থাকার একমাত্র রসদ সেটি ঝাড়া ১ ঘণ্টায় প্রকাশ পেল একটি ডায়লোগে, সেটিও আবার গানের ব্যাকগ্রাউন্ডে খুব হাল্কা করে এল, “রেডিও জকি? বীরেন্দ্র কিশোর ভদ্র? না খেতে পেয়ে মারা গিয়েছিল!” একজন শিল্পীর কাছে শিল্প সৃষ্টি টাই সব, তার খাওয়া দাওয়া, বেঁচে থাকা, সামাজিকতা পুরোটাই যে গৌন এই দ্যোতনা জাগে না অর্জুনের গলা অপারেশনের পর। একঘেয়ে মুখ কাঁদো কাঁদো করে কাঁহাতক আর দর্শককে এই গভীর বোধ বোঝানো সম্ভব। তবে প্রশ্নঃ  আমি জানলুম কি করে পরিচালকদ্বয়  এই দ্বন্দের কথাই বলতে এসেছেন। সেটি অই একটি সংলাপ আভাস দেয় মাত্র।

যখন মূল শিহরন ছেড়ে ভাবছি, শিল্পীর এই সন্তাপ, মর্মবেদনা কিভাবে দেখানো হবে, তখনই দর্শকদের পাখি পড়া করে বুঝিয়ে দিতে নাটকীয় ভাবে আমদানি করা হয় একজন তৃতীয় ক্যারেক্টারের। রোমিলা চৌধুরি (জয়া এহসান) - যিনি ল্যারিঞ্জেক্টমি রোগীকে পুনরায় কথা বলতে শেখাতে সাহায্য করেন। এই ক্যরাক্টেরটি দুটি না তিনটি কারনে মনে থাকবে, এক -  মেলোড্রামা ছবিতে খানিক কৌতুক দিয়ে হাল্কা করা, দুই - অসম্ভব সুন্দর অভিনয় এবং তিন - দর্শককে বার বার করে বলে দেওয়া - রোগের নাম কি, বাচিক শিল্পির কথা কেড়ে নিলে তাদের মধ্যে কি সমস্যা আসে, তাদের স্ত্রীদের বাড়িতে কি করা উচিত ইত্যাদি।

সিনেমা হল চল-চিত্র। সেখানে শব্দ ও সংলাপের প্রয়োগ চলমান চিত্র কে অন্য মাত্রা দেয়, একে অপরের পরিপূরক হয়ে ওঠে। অথচ “কন্ঠ” তে দেখা গেল, বেশীরভাগই সংলাপের মাধ্যমে ঘটনাক্রম হয়ে চলেছে। উদাহরণ স্বরূপ কিছু রাখা যেতে পারে। সিনেমার কোন একটি মুহুর্তে পিসিমাকে দেখা যায় তাদের বন্ধু মহলে আড্ডা দিতে, এবং এই একটা গোটা সিন ইন্ট্রোডিউস করা হল শুধু এটা বোঝাতে যে, পৃথা আজকাল খুব কাজ করছে, ডবল শিফট করছে, কারন অর্জুন বেকার। সে সকাল ১১ টায় আপিস যায় ও রাত ৮/৯ টায় ফেরে এবং অর্জুন এইটে শুনে প্রথম জানতে পারে তার স্ত্রী কত পরিশ্রম করছে ও তার মধ্যে অপরাধবোধ তৈরী হয়। কিন্তু এখানে ক্লিয়ার হয় না, সিন টা দেখানো হল অপরাধবোধ টা দর্শকদের মধ্যে তৈরী করবার জন্য - আহা, বাড়ির বউ আপিসে খাটছে, আর পুরুষটি এখনো দ্বন্দ লড়ছে! নাকি অর্জুনের মধ্যে অপরাধবোধ তৈরী হয়, অন্য লোকে এ নিয়ে আলোচনা করছে বলে। তো এখানে সমস্যা হচ্চে, একজন শিল্পী সে এই দ্বন্দেই জেরবার যে, শিল্প সত্ত্বা ছাড়া তার বেঁচে থাকা উচিত কিনা, সে হঠাৎ অন্যের পিএন-‘পিসি’ তে বিচলিত হয়ে পড়বে এটি অদ্ভুত। এটাও ভাবা যাচ্ছে না যে সে এসব কিছুই জানত না, হঠাৎ জানতে পেরে যারপরনাই অপরাধ বোধের স্বীকার হল ও গুপি-বাঘা খুলে স্ক্রিপ্ট লিখতে বসে গেল। এরপর আরো। রাত ৮টা বা ৯টায় পৃথা ঘরে প্রবেশ করে সারাদিন মারাত্মক চাপ সামলে, পরিশ্রম করে, নিখুঁত শাড়ির ভাঁজ নিয়ে, পরিপাটি সাজ গোজ করে। তবে হ্যাঁ, এইখানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয় মনে থাকবে, ভাঙ্গা ভাঙ্গা গলায় “তুমি বুঝতে পারছো না?” এই ক্রোধ প্রকাশে, অনেক কথা বলার আছে, কিন্তু বলতে পারছি না, এই কষ্ট বোধ, এই অসহনীয় দমবন্ধ পরিস্থিতির সাথে আমরাও প্রথম বারের জন্য পরিচিত হতে পারতাম, তাঁর এই অভিনয় হয়ে উঠতে পারত হাজার ওয়াটের হ্যালোজেন, কিন্তু সিন বুননের ব্যার্থতায় তা আলো ছড়াতে পারল কই, সেই বিষন্ন অন্ধকার আমরা উপলদ্ধাতে পারলাম কই।

একটি সিনেমার সার্থকতার অন্যতম মাপকাঠি হল ঠাস বুনোট ফ্রেম।  সেখানে প্রতিটি ফ্রেম, প্রতিটি সংলাপ অনুরনিত হবে গল্পের মূল ভাবের সাথে। অযথা সংলাপ দিয়ে সিনেমার গল্প এগিয়ে নিয়ে যেতে চেয়ে বেড়ে যায় সময়। এসে পড়ে এক্সট্রাতর সিন। অথচ, এই টোটাল সিনটি বোনা যেত ঘড়ির সময় দেখিয়ে, ৪ টে-৫টা-৬টা, এক একটা ঘণ্টা পড়ত, আর অর্জুনের পৃথার জন্য ব্যাকুলতা, তার কথা না বলতে পারার অসহায়তার, তার প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে চলবার, তার একাকীত্বের সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়তাম ক্রমশ। পৃথার সিনে প্রবেশ হত, ঘাড় ঝুলে গেছে, চুল ঈষৎ অবিন্যস্ত, শাড়ির ভাঁজ চলকানো, কপালে ঘাড়ে বিন্দু বিন্দু ঘাম, মুখে একটা ক্লান্তির ছাপ ও ঘরে ঢুকে হাতের ব্যাগটা রেখে এক গ্লাস জল খেয়ে তারপর অর্জুনের সামনে দাঁড়ানো ও ক্লান শ্রান্ত মন নিয়ে তার অস্পষ্ট কথা বুঝতে না পারার মধ্য দিয়ে। তবে ওই, সিনেমা পরিচালকের, দর্শকের কথা ভেবে সে বানায় না এবং সিনেমা অত্যন্ত সাবজেক্টিভ। যাইহোক।

এরপরেই কিছুক্ষন পর পর হতে থাকে রিপিটেটিভ সিনের ছড়াছড়ি। জয়া এহসান সাংঘাতিক ব্যালেন্সে  মোনলোগ দিয়ে প্রমান করে তার একটা সফট কর্নার তৈরী হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করে বা না করে সে ঢাকায় ফিরে যাবে যাতে কোনভাবেই পৃথা ও অর্জুনের মাঝে না চলে আসে, আমার মনে হয়েছে সেটি সিনেমার যে কয়েকটি দুর্মুল্য রত্ন সিন রয়েছে তার মধ্যে অন্যতম। কিন্তু সেই সুন্দর সিনের স্মৃতি টাই একঘেয়ে হয়ে উঠতে থাকে, যখন কোন এক অজানা কারনে বার বার সেটা দেখানো হতে থাকে ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে, অর্জুনের দেওয়া গিফটের মধ্য দিয়ে, ফোন না ধরার মধ্য দিয়ে।

আর একটি হতে পারত দুর্মুল্য সিন যখন রেডিওতে অর্জুন জুজু-মুজু র শো করে দু রকম গলায় কথা বলে, এটা প্রমানিত করে, শিল্প সত্ত্বাটাই সব, বেঁচে থাকাটা নয়, তাই জাকির হোসেনের দুটো হাত কেটে দিলেও সে মাধ্যম টা বদলায় শুধু। তার শিল্পী সত্ত্বা টা সেখানেই সমাধিস্থ হয় না। আবার নতুন করে শুরু করে নতুন একটা শিল্প গড়ার তাগিদই ক্রমশ তাকে বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রাখার আশ্বাস জাগায়। মেশিনের সাহায্যে জুজুর চারিত্রিক গলায় কথা বলতে বলতে, মেশিন না চলার জন্য যে টেনশন শুরু হয়, আবার তার শিল্প প্রশ্নের মুখে পড়ে, আমাদেরও ভয় হয় বইকি। একটা মানুষ কতবার একটা লড়াই লড়বে, সেই জীবনী শক্তি কি আদৌ নেচার প্রদত্ত। কিন্তু মেশিন ছাড়া ভাঙ্গা ভাঙ্গা কথা বলেই অর্জুন যেভাবে সামাল দেয়, তাতে যে সে প্রকৃতই একজন চ্যাম্পিয়ন রেডিও জকি হিসেবে নিজেকে ফিরে পেয়েছে, সে তার শিল্প কে যে নতুন ভাবে আবিষ্কার করেছে, এবং সেটা আমিও পারতে পারি সে বোধ তৈরী হয়ে ভীষন ভাবে। একটা ভালোলাগা ঘিরে ধরে। হায়। অন্তত বার তিনেক বা চারেক খালি মনে করিয়ে দেওয়া হতে থাকে, কিভাবে সে পারছে, রোমিলা বলে এসোফ্যাগাল ভয়েস, সহেলী (রোমিলার মেয়ে) বলে এসোফ্যাগাল ভয়েস, পৃথা  বলে এসোফ্যাগাল ভয়েস, মনোজ (এফ এম চ্যানেলের সহকর্মী) বলে ল্যারিংজাইটিস। ভালোলাগা মুহুর্তে উবে যায়, সম্পৃক্ততা মুছে যায় অর্জুনের ওঠা পরা জীবনটার উপর।

ওহ হ্যাঁ।  সিনেমা এখানেও শেষ হয় না। তারপরে সে প্রাইজ পায়, কিছু জ্ঞানের কথা বলে ও গাল্লি-বয় র মতো র‍্যাপ সঙ্গীত গায়। অবিশ্বাস্য। একটি সিনেমা আন্তর্জাতিক হওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে এক ঝটকায় বাঙালি হয়ে ওঠে। প্রবল দাবদাহে এসির ঠান্ডার আরাম, ১০ টাকায় রানাঘাটের চিপস না পাওয়ার বিরক্তি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শত সীমাব্ধতা সত্ত্বেও কিছু মুক্তো ঝরানো সিন, জয়া এহসানের বিস্ময় অভিনয় ও মাঝারি মানের একটা সিনেমা নিয়ে বাড়ি ফিরি একঝাঁক নিরাশা নিয়ে।

প্রোটনিকঃ কোটি কোটি টাকা খরচা না করে, সুন্দর হিরো-হিরোইন না নাচিয়ে, চোখ-ধাঁধানো সিন সিনারি না দেখিয়ে, ঝম্প বাজনায় আইটেম নাম্বার না নাচিয়ে যে একটা সিনেমা বানানোর চেষ্টা করা যায়, এক শিল্পীর এভারেস্ট বাধা পেরিয়ে ফিরে আসার গল্প বলার চেষ্টা টুকু করা যায়, অন্তত সেটির জন্য পরিচালকদ্বয়ের ঝাড়া গান-স্যালুট প্রাপ্য। হোক না সেটা দর্শকদের বুঝিয়ে দেবার দায়িত্ব দোষে দুষ্ট, হোক না সেখানে খাপছাড়া দৃশ্যের পুনরাবৃত্তি, থাকনা সেখানে সীমাবদ্ধ পরিসরে অভিনয়, সর্বোপরি সেই ডিবেট তো জারি থাকবে, চিন্তা ভাবনার ক্ষেত্র  টি জারি থাকবে। আর এইভাবেই কোন একদিন কোন এক বাঙলা সিনেমা ঝিকিয়ে উঠবে ইতিহাসের স্বর্ন-পাতায়।