বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

চন্দ্রগর্ভ



খামোকা নিরামিষ না পেঁদিয়ে, ধর্মভীরু, ধর্মসাহসী, নাস্তিক, আস্তিক সর্বপ্রকার বাঙালী যদি একটু চন্দ্রগর্ভ কে স্বরণ করত বুঝতাম। আরেবাবা লোকটা নিখাদ একটা বাঙালী ছেলে। খোদ বাংলাদেশের মুনশিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে তার আবির্ভাব। লক্ষন সব তথাগতের মত। রাজার ছেলে। বিপুল ঐশ্বর্য, তুলাকালাম প্রাসাদ, চাকরবাকর। কি নেই?

জানবার স্পৃহা! জ্ঞান আহরণের অদম্য স্বেচ্ছা আকুতি! সেটিই শুধু অনুপস্থিত এই উথালপাথাল ঐশ্বর্যপ্রাসাদে। অগত্যা রাজপুত্র চন্দ্রগর্ভ জিগীর্ষাচালিত বেগবান আলো না ঢোকা অরন্যের গহীনে মহর্ষি জিতারির সন্ধানে। তারপর তান্ত্রিকচর্চা শুরু শুধু ভেতরে বুজবুজ করতে থাকে প্রশ্নের উত্তর গুলো খুঁজে পেতে। তাতেও পরিতৃপ্ত না হয়ে সে তখন পরিচিত হয় এক বৌদ্ধ স্কলার ও দার্শনিক শীলরক্ষিতের কাছে। একটা থেকে আরেকটা বিষয়ান্তর করতে করতে তখন তার জানবার ইচ্ছা হয়ে উঠেছে প্রবল। হাজার হাজার অজানা প্রশ্নের উত্তর খুঁজতে সে পাড়ি দেয় খোদ সুমাত্রায়। হ্যাঁ পায়ে হেঁটেই। সেখানে তখন অবস্থান করছেন আরেক দিকপাল দার্শনিক ধর্মকীর্তি। এইভাবেও তার জানবার ইচ্ছা শেষ হয় না। চলতে থাকে নিরন্তর পাঠ, উদ্ভাসিত হতে থাকে এক নতুন জগৎ। চারিদিকের পঙ্কিল কুসংস্কারে ও অশিক্ষায় নিমজ্জিত সমাজটা দেখে ভয় পায় সে, করুনা বোধ করে। তার জ্ঞানের সুবাস তখন ভুর ভুর করে চারিদিকে ছড়িয়ে বেড়িয়েছে। নালন্দার মত বিহারের কাছ থেকে রয়েছে চাকরীর অফার। কিন্তু তিনি কি করলেন? শুধু চাকরি নিয়ে আপামর বাঙ্গালীর মত জীবনটা কে একটেরে ভাবে কাটিয়ে দিলেন না। সমস্যা গুলো থেকে মুখ ফিরিয়ে স্বার্থ চিন্তার জয়গান গাইলেন না। তিনি প্রোজেক্ট নিলেন, যে ভাবেই হোক মানুষকে সত্যের পথে চালিত করতে হবে। দীর্ঘকাল থেকে চেপে বসা কুসংস্কারকে ডাস্টবিনিয়ে নতুন এক সমাজ গড়বার বৈপ্লবিক আন্দোলন করতে হবে। সেই প্রোজক্টের প্রাথমিক ধাপ হিসেবে চলল বই লেখা ও অনুবাদ। তাবড় তাবড় বৌদ্ধ দার্শনিকের কঠিন সাধারন মানুষের অগম্য পুঁথিগুলিকে সরলীকরণ করা হল। নিজের লব্ধ জ্ঞান সিঞ্চন করে সেগুলিকে জনগণের সামনে উন্মোচন করা হল। নালন্দা বিহারে বিজ্ঞানের আলাদা করে শিক্ষালাভের ব্যাবস্থা করা হল। তারপরেও সে বাঙ্গালীদের চোখে একজন লিজেন্ড হিসেবে কাটিয়ে দিতে পারত ও শেষ জীবনটা আয়েশ করতে পারত। কিন্তু একটা অ্যাভারেজ বাঙালীর সত্ত্বা দিয়ে তার মত কলজে ওজন করাটা অপর্যাপ্ত। মূর্খামি। সেই লোক তাই জীবন সায়াহ্নে রিটায়ার্মেন্টের আরামজাঁককে লাথিয়ে অনায়াস বেরিয়ে পরতে পারে তিব্বতের উদ্দেশে। তিব্বতের লোকজনের অশিক্ষা, কুসংস্কার দেখে সে অবাক হয়ে ও দিগুণ উদ্যমে শুরু করে বই লিখে প্রচার করবার কাজ। লোকাল লোকদের নিয়ে তৈরী হয় টিম। তাদের চলতে থাকে শিক্ষাদান আর তাদের কাছ থেকে তিব্বতি ভাষা শিখে ফেলবার প্রয়াস। জীবনের শেষ দিন অবধি কাজ করতে করতে সে তিব্বতের সাথে একাত্ম হয়ে যায় এক সময়। তিব্বতিরা তাকে ডাকত “জোবজে” হিসাবে। মানে অবতার। জ্ঞান শ্রেষ্ঠ। তিব্বতিরা আজও তার দেখানো পথে ক্রম অগ্রসরমান। কিন্তু আমরা বাঙালীরা, বেদম ভুল মেরে এই বৌদ্ধপূর্নিমার বাজারে শঙ্খ বাজিয়ে পুরোহিত ডেকে হুড়কো দিচ্ছি।

ধর্ম যে যার সে তার। মানব কি মানব না সেটিও ব্যাক্তিগত। কিন্তু যে লোকটির জ্ঞানচিকীর্ষা, তার কঠোর পরিশ্রমেচ্ছা, অজানাকে জানবার আঁকুড় আগ্রহ, নতুন কিছু করবার অদম্য ঐকান্তিকতা, তার যাপন কৌশল,  থেকে আমরা যে গভীর বোধটি ধরতে পারতাম অর্থাৎ “অন্বেষনই জীবন” তা আর হল কই। কুসংস্কার, গুজব, প্রশ্নহীন মেনে নেওয়ার আশ্চর্য স্বেচ্ছা-বন্দিত্ব কে হাসিহাসি সর্জন করলুম লালারসে সিক্তিয়ে। আর সেই নিরন্তর অন্বেষণকারীর যে অভিমান বাস্প চক্ষুকোন থেকে বেপথুমান সেই দৃশ্য আমাদের কাছে হেলায় মিস হয়ে গেল চক্ষুলেন্সে অন্ধকার সমাজের ঠুলির ভেতরে।

ওহ, বাই দ্য ওয়ে, বুদ্ধপূর্ণিমার বাজার বলে, এই লোকটিকে তথাগত বা গৌতমের সাথে গুলিয়ে ফেললে মুশকিল হবে, এই লোকটি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বলে পরিচিত এবং তাকে নিয়ে আরো জানবার ইচ্ছা হলে, একরাম আলির অতীশ দীপঙ্কর বইটি থেকে তথ্যাবলী জানা যেতে পারে। আর সত্যি সত্যি লোকটিকে অনুভব করতে চাইলে, তার ব্যাপ্তি পেতে চাইলে পড়তে হবে, সম্মাত্রানন্দের নাস্তিক পন্ডিতের ভিটা। অবশ্যি বাঙালী ব্রেনহীন ভাইরাল ভিডিও, আদ্যন্ত নিরেট সস্তা ইন্তারনেট ভিডিও সিরিজ থেকে সময় বার করে পড়বে, জানবে শুধু এটুকু ভেবেচি বলেই আমাকে অন্তত একশত চাবুক, হাজার খিস্তি, পনের হাজার বার ডিসলাইক এবং এক লক্ষবার ইগনোর করা হোক। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন