পনেরোর প্রাক্কালে ভ্যাপোর ভ্যাপোর বিউগাল জগঝম্প শুরু করার আগে, কিংবা রোদে পুড়ে বৃষ্টি মেখে ঠায় দাঁড়িয়ে জনগণ গাইবার চেষ্টা করার আগে কিংবা প্যানডেমিককে কাঁচকলা দেখিয়ে মিছিলে গিয়ে বোঁদে মাখা হাতে ঘেমো গা চুলকানোর আগে একবার বুকে হাত দিয়ে পরখ করুন দেখি –
নিজ ভাষায় কথা বলবার, নিজ সংস্কৃতি
বিনা দ্বিধায় পালন করবার স্বাধীনতা আপনার আছে তো? জনগণ দাঁড়িয়ে কেন, বসেই গাইব, এবং
তাতে একচুলও ভক্তির নড়চড় হবে না এমন স্বাধীনতা আপনার আছে তো? সিনেমা হলে জনগণতে ঠায়
বসে থাকব ও একচুলও দেশাত্মবোধ না জাগাবার স্বাধীনতা আছে তো?
কারো ইচ্ছায় ‘জয় শ্রী রাম’ না বলার
এমনকি রাম যে একজন বর্নবাদী-এলিট-পুরুষতান্ত্রিক সমাজের প্রতিভূ ফলে মানবজাতি
হিসেবে পরের স্তরে বিস্তার পেতে গেলে সোচ্চারে রাম এবং তার রাজ্য চালাবার ফিলোসফি
যে ঝেড়ে ফেলতে হবে, এই প্রচার চালাবার স্বাধীনতা আছে তো? জনগণ জানি কিনা তার পরীক্ষা
না দিতে চাওয়ার, সাঁটিয়ে গরু থেকে শুয়োর – বিয়ার থেকে মহুয়া খাওয়ার স্বাধীনতা আছে
তো? পাড়ার মুসলমান পাবলিককে কে পাকিস্তানে না খেদিয়ে আপন অন্তরস্থলে নিক্ষপিয়ে
তাদের সংস্কৃতি কে আত্মস্থ করবার স্বাধীনতা আছে তো? হিন্দু পুজা- রবি পুজা- ১৫ই-
২৬শে- দোসরা পুজার- বড়দিনের তাধিন তাধিন মাইকের সাথে আজানের মাইককেও বিনা দ্বিধায় স্বেচ্ছা-গ্রহন
কি স্বাধীন ভাবে হচ্ছে?
কন্যাভ্রুন না হত্যা করে, তাকে
নিজের মত করে বেড়ে উঠতে দেওয়ার স্বাভাবিক প্রবৃত্তি স্বাধীন ভাবে নিজের মধ্যে বিচ্ছুরিত
হচ্ছে তো? কিংবা স্কুলে শিক্ষার নাম করে বাচ্চাদের সুপ্ত প্রশ্নেচ্ছাকে সমাধিত
করবার প্রচেষ্টাকে থামানোর স্বাধীনতা আছে তো? ছোট-বড় ড্রেস পরা, সকাল-রাতে একা-দল
বেঁধে-প্রেমিকের সাথে ঘুরে বেড়ানো মেয়েদের দিকে লোলুপতা নিয়ন্ত্রন স্বাধীন ভাবে হচ্ছে
তো? ভারতের সাথে অন্য দেশের প্রতিযোগিতামূলক ইভেন্টে অন্য দেশ কে বুক দিয়ে সাপোর্ট
দেওয়ার স্বাধীনতা আছে তো?
সবচেয়ে গুরুত্বপূর্ন, নিজের দেশের
সরকারের ভুল ত্রুটি গুলোকে পাকিস্তানের ঘাড়ে না চাপিয়ে সেগুলিকে ভীম-নিনাদে প্রকাশ
করবার স্বাধীনতা আছে তো? যা খুশি লিখবার, বলবার, শিল্পের রুপ দেওয়ার স্বাধীনতা আছে
তো? নিজের প্রাথমিক যে শর্ত গুলো অর্থাৎ অন্তত খাদ্য, থাকবার জায়গা, শিক্ষা ও স্বাস্থ্যের
অধিকার দাবির স্বাধীনতা আপনার আছে তো? রামমন্দিরের টাকায় এই মুহুর্তে গোটা কয়েক কোভিড
হসপিটাল আর ভবষ্যতের দিকে তাকিয়ে কতক ভাইরাল ইনস্টিটিউট স্থাপিত হোক কারন রাম-শ্যাম-আল্লা-গড-ইত্যাদি
কেউই যে কোভিড থেকে বাঁচাতে পারবে না, সে প্রমানিত সত্যি - ফলে এই দাবি গলা চিরে
চেঁচাবার স্বাধীনতা আছে তো?
উত্তর গুলো প্রোটোনিক হলে,
ডি-লা-গ্রান্ডি মেফিস্টোফিলিস বলে চেঁচিয়ে উঠুন, নির্ঘাত ইয়াক ইয়াক শুনতে পাবেন। এক
আলোকবর্ষ সমান কথা দিলুম।
আর না-বাচক হলে, একরাশ অন্ধকারে
ডুবে থাকুন আজীবন, কিংবা টিভি সিরিয়াল তুৎ ওয়েব-সিরিয়ালে আত্ম-সম্মোহিত হয়ে স্বেচ্ছা
পরাধীনতার মোড়কে স্বাদহীন স্বাধীনতার সিউডো জয়গান করুন মাইক লাগিয়ে, বাঙালী হিসেবে
আর কিই বা করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন