বুধবার, ২৬ মে, ২০২১

আর কবে প্রশ্ন উঠবে? আর কবে বিদ্রোহ হবে?

ঘরের চার দেওয়ালের মধ্যে, বাড়ির মহিলারা যে খেটে খেটে মরেন, সেই খবর কজন রাখে বা তাদের কাজ কমাতে কতটা সাহায্য করে। ঝাঁট দেওয়া, ঘর মোছা, চারবেলা হাজার বায়নাক্কার ফরমায়েশি রান্না করা, রান্নার বাসন ধোয়া, থালা সাজিয়ে পরিপাটি করে খেতে দেওয়া, তারপর এঁটো থালা বাসন তুলে টেবিল বা মেঝে মোছা, সেই বাসন ধোয়া, জামা-কাপড় কাঁচা, জল তোলা, সেই জল বোতলে ভরে রাখা, বেশী হওয়া খাওয়ার গুছিয়ে তুলে রাখা, বাথরুম পরিষ্কার করা, হাত ধোয়ার বেসিন পরিষ্কার করা, চা করা, প্লেটে সাজিয়ে চা দেওয়া, পুনরায় চায়ের বাসন মাজা, কাপ প্লেট ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখা... লিখতেই ক্লান্ত লাগছে, যে করছে তার কথাটা একবার ভাবা যাক..

এই সময় বাড়ির পুরুষটি আরামসে পরিপাটি করে খায়, ঘুমায়, আপিস যায় সেইখানে আবার উপরির ধান্দা করে, সন্ধে বেলায় তাস পেটায়, সপ্তাহান্তে বন্ধুদের সাথে পিকনিক করে, হাল্কা মদ খায়, বাড়িতে এসে বউয়ের অনুমতি ছাড়াই সেক্স করে, কিছু ক্ষেত্রে নিজের পুরুষকার বজায় রাখতে চড়-চাপড় চালায়...

কিন্তু অবাক ভাবেই, বাড়িতে মিনিমাম সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। চেপে ধরলে বলবে, অনেক কাজের চাপ। বাইরে গিয়ে ইনকাম করবার হাজার ঝক্কি, যে করে সেই জানে। এমন হাবভাব নেয়, যেন বাড়ির কাজে কোন পরিশ্রমই নেই। তাই বাড়ির কাজ লাগু করতে সে কোনভাবেই টেকনোলজিতে টাকা ঢালতে নারাজ। যেন বিয়ে করে এনেচি মানে ফ্রি তে একটা রোবট নিয়ে এয়েচি, যাই বলব, ম্যাজিকের মত করবে। আর না পারলে বাড়ি থেকে বের করে দেবার ধমকি তো আছেই।

আর আমার ভারতের অবোধ নারী বৃন্দ - সীতা-সাবিত্রী-দময়ন্তীর চক্করে আটকে ত্যাগকেই নিজের তিতিক্ষা লব্ধে, চোখের জলের মধ্যে নিজের অপমান, শারীরিক কষ্ট গুলোকে কি হেলায় লুকিয়ে রাখে। কিন্তু কতদিন এই শোষন চলবে?

কেরালা সরকার এই সমষ্যাটিকে অন্তত স্বীকৃতি দিয়েছে। বলছে সরকার থেকেই স্মার্ট কিচেনের ব্যাবস্থা করা হবে, গৃহবধূ দের পরিশ্রম লাঘব করতে [১]। অবিশ্যি একজন সাধারন গৃহবধূ কে যে লাঞ্ছনা, কায়িক শোষনের মধ্যে দিয়ে যেতে হয়ে নিয়মিত, সেটার তুলনায় এই ব্যাবস্থা কিছুই না, কিন্তু অন্তত একটা কিছু ভাবা হয়েছে। গৃহবধূদের শ্রমকে স্বীকৃতি দেওয়া গিয়েছে। তাদের অবদান কে সম্মান জানানো গিয়েছে।

আদপে এই সমষ্যার সমাধান করতে গেলে গৃহবধূদের শ্রমকে সবেতনের আওতায় আনা হোক। বাড়ির রোজগেরে মানুষটিকে বাধ্য করা হোক বাড়ির কাজ যে সামলাচ্ছে, তার শ্রমকে স্বীকৃতিস্বরুপ বেতনের ব্যাবস্থা করতে। যাতে সেই গৃহবধূটিও টাকা-পয়সার দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। সে যেন যেকোন পরিস্থিতিতে নিজের উপর হয়ে চলা অত্যাচার থেকে যেকোন মূহুর্তে বেরিয়ে আসার ক্ষমতা দেখাতে পারে। চালু হোক গৃহবধূ দের নিয়ে শিক্ষার ব্যাবস্থা, তাদের শোষন সম্পর্কে করা হোক সচেতন। নতুন আইন জোরদার করা হোক অনবরত হয়ে চলা এই শোষনের বিরুদ্ধে। তবেই সবাই মিলে একটা উন্নততর সমাজ ব্যাবস্থায় ক্রমশ অগ্রসর হওয়ার স্বপ্ন দেখা সম্ভব হবে। দল বেঁধে প্রশ্ন উঠুক আমাদের রাজ্যে-সমগ্র দেশে এই ব্যাবস্থা কবে চালু হবে। নিরন্তর প্রশ্ন করে যান - নিজের অধিকার বুঝে নিতে, ছিনিয়ে নিতে...!!

ওহ হ্যাঁ, গৃহবধূর উপর হয়ে চলা এই অসহনীয় পরিস্থিতি আয়নায় দেখতে হলে, মন দিয়ে দেখুন “দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন” চলচিত্র টি। মালায়ালাম ভাষায় তৈরী এই চলচিত্রে কি নিপুন ভাবে তুলে ধরা হয়েছে এক কেরালা পরিবারের গৃহবধূর অবস্থা। চলচিত্রটি কেরালাতে নির্মিত হলেও, এই ছবি আমাদের গোটা দেশের। বিশেষ করে, হিন্দু সমাজের অলিন্দে অলিন্দে। ব্রাম্ভনদের নিজেদের স্বার্থে আরোপ করা এই সমস্ত সামাজিক রীতি-নিতি-পরম্পরা-ঐতিহ্যের অবগুন্ঠনে হয়ে চলা শোষন ছুঁড়ে ফেলে দেবার এটাই হাই-টাইম। ফলে পুনরায়ঃ প্রত্যেক সামাজিক রীতিনিতি গুলোকে গুছিয়ে প্রশ্নবানে বিদ্ধ করুন।   


১। Pinarayi Vijayan; Smart kitchen project to reduce the rigors of household chores - Real News India | DailyHunt


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন