কি সুন্দর হোয়াটসঅ্যাপ-ফেসবুক এর ফেক নিউজে আত্মসম্মোহিত
হয়ে সুচারু ভাবে পরিকল্পিত মৃগীচেতনার ইয়েতে চুমু খেলুম হামলে পরে। এতদিনের জ্ঞ্যানগম্যি
বোধ-বিচার শক্তি কি নির্দ্ধিধায় বিলিয়ে দিলুম কলার তুলে। এই সব “লক ডাউন”, “স্বেচ্ছা
নির্বাসন” কে তীক্ষ্ণ দুপ্লান্তিস জাম্পে আস্তাকুঁড়িয়ে কেমন বুড়িমা ফাটালুম দেদার।
পারবেন? দিওয়ালি (আলি মানেই মুসলমান নয়) অবধি স্তব্ধ। সকালে করোনা কে ইসলাম ধর্মে দীক্ষিয়ে
এবং দুপুরে এর পিছনে যে চিনের একটা সাংঘাতিক চক্রান্ত আছে, বাজার ঘুরে সেই সব প্রমান
করে রাতে মশাল নিয়ে গন-চিৎকারে কেমন হুমকি ঝাড়লুম – “চায়না-ভাইরাস চাই না”। সমস্ত চিনা-ভাইরাস
অর্বাচীন দের মত একেবারে পিঠটান দিয়ে সোজা নদীতে, পুকুরে ঝাঁপিয়ে আত্মহত্যা দিল, দেখুলম
তো তা টর্চের আলোয়, মোমবাতির আলোয়। প্রধানমন্ত্রীর দিব্যি।
কি বলছেন, অসংগঠিত লেবার শ্রেণী খাওয়ার পাচ্ছে না? কি করে
তাদের দিন গুজরান হবে বুঝতে পারছে না? ভাইরাস মিটে গেলে আবার কাজ পাবে কিনা আগাম কোন
আশ্বাস নেই বলে আতঙ্কিত হয়ে পড়ছে? আপনার এলাকায় একজন করোনা আক্রান্ত রুগি ধরা পড়বার
পরেও এখনো করোনা-ভাইরাসের পরীক্ষা এবং তার চিকিৎসা কিংবা স্বেচ্ছা-নির্বাসন সঙ্ক্রান্ত
কোন পরিকাঠামো তৈরী হচ্চে না? রেশনে এর মধ্যেও কালো বাজারি হচ্চে? দেশ জুড়ে সামাজিক
ভাবে উপকারী বা অপকারী প্রাণীর মুর্তি তৈরী হচ্চে, অথচ আপনাকে কেন বেকার ভাতা দেওয়া
হচ্চে না, অন্তত এই “লকডাউনের” বাজারে। আপনার চিন্তাশক্তির ঝিলিকে ৫ই এপ্রিল রাত ৯টা
কে বিজেপি র প্রতিষ্ঠা দিবস বলে বোধ হচ্চে? কেন দেশে এখনো পর্যাপ্ত টেস্ট-কিট নেই,
এই প্রশ্ন করতে খুব ইচ্চে করছে চিল্লিয়ে?
যাচ্চলে! এই সব প্রশ্নেচ্ছা, প্রতিপরীক্ষার প্রয়াস, আত্মসমীক্ষা
তো কবেই ঘেঁটি ধরে বেবাক খেদিয়েছি। বরং সারা গায়ে মোম মেখে কাঁসর দুলিয়ে শঙ্খ ফুলিয়ে
ঘুরিগে এদিক সেদিক। কে না জানে, গরম একবার পড়লেই সব ঠান্ডা। তাবড় চৈনিক ভাইরাসের পেছনে
এই ধাঁ পুঁতে দিলুম মন্ত্রপূত ঝান্ডা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন